Logo

নবী করীম (সাঃ)-এর 'মে'রাজ' বা ঊর্ধ্বে আরোহন সম্পর্কে আলোচনা

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ২১:৫৮
নবী করীম (সাঃ)-এর 'মে'রাজ' বা ঊর্ধ্বে আরোহন সম্পর্কে আলোচনা
ছবি: জনবাণী।

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘নসিহত নং-১০২ (মেরাজ তত্ত্ব)’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ নবী করীম (সাঃ)-এর 'মে'রাজ' বা ঊর্ধ্বে আরোহন সম্পর্কে আলোচনাঃ

বিজ্ঞাপন

আল্লাহপাক তদীয় হাবীব, প্রেমিক ও প্রেমাস্পদ, জগতের শ্রেষ্ঠতম মানব, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে নবুয়তপ্রাপ্তির একাদশ বা মতান্তরে দ্বাদশ বৎসরে (অধিকাংশ আলেম ও হাদীসবেত্তাদের মতে) রজব মাসের ২৭ তারিখের রজনীতে বিশেষ ব্যবস্থাধীনে সম্মানিত ফেরেশতা জিব্রাইল (আঃ) এর মাধ্যমে প্রথমে কাবা শরীফ হইতে জেরুজালেমস্থিত বাইতুল মোকাদ্দাস বা মসজিদে আক্সায়; তৎপর তথা হইতে একে একে সাত আসমান, সিদরাতুল মুনতাহা ও আরশ পার করাইয়া নূরময়জগতে ও সিফাতের জগতে আরোহন করান, অতঃপর আরও নিকটে আরও কাছে লইয়া নিবিড় সান্নিধ্য, বর্ণনাতীত ও কৈফিয়তশূন্য দর্শন দান এবং প্রেমময় আলাপন করেন। অতঃপর কিছু উপঢৌকনসহ দুনিয়ায় (জড় জগতে) পাঠাইয়া দেন। ইসলামে এই বিস্ময়কর ও অলৌকিক ঘটনাই মে'রাজ নামে অভিহিত। দয়াল নবী (সাঃ) উল্লিখিত মে'রাজ ভ্রমণে আল্লাহর সমগ্র সৃষ্টজগত, মনোমুগ্ধকর নূরময় জগত, চিত্তাকর্ষক সিফাতের জগত ও প্রাণশীলতকারী জাত জগতও দর্শন করেন। মেছালী জগত দর্শন করিয়া আদি অন্তের জ্ঞানে জ্ঞানী হন। আদি হইতে বর্তমান পর্যন্ত যাহা কিছু ঘটিয়াছে এবং উল্লিখিতবর্তমান হইতে ভবিষ্যতের অনন্তকাল পর্যন্ত বেহেশত দোযখে যাহাকিছু হইবে-সবেরই ছুরাত আছে আলমে মেছালে। রাসূলে পাক (সাঃ) মে'রাজ রজনীতে আলমে মেছালে বদকারদের শাস্তির নমুনাও দেখেন। এক কথায় এমন কিছু ঊর্ধ্বজগতে নাই-যাহা তিনি দেখেন নাই। এমন কোন কথা আল্লাহপাকের ছিল না-যাহা তিনি তদীয় হাবীব (সাঃ) কে বলেন নাই। পাক কুরআনে প্রকাশ, ঊর্ধ্ব

فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى -

অর্থাৎ-"আল্লাহ তদীয় বান্দাকে (মুহাম্মদ) যাহা বলার তাহা বলিলেন।" (সূরা নজমঃ ১০)

বিজ্ঞাপন

মে'রাজ শব্দের আভিধানিক অর্থ সোপান বা সিঁড়ি। এই শব্দ উরুজ ধাতু হইতে উৎপন্ন-যাহার অর্থ ঊর্ধ্বে আরোহন। বিভিন্ন হাদীসে 'উরিজা বী' (আমাকে উপরে উঠানো হইল) শব্দ ব্যবহৃত হইয়াছে। এই কারণেই উল্লিখিত বিস্ময়কর ঘটনাকে মে'রাজ বলা হয়। পাক কুরআনে উক্ত ঘটনা 'ইসরা' নামে ব্যক্ত হইয়াছে। যেমন আল্লাহপাক বলেন,

سُبْحَنَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا

অর্থাৎ-“তিনি (আল্লাহ) মহিমাময় যিনি তদীয় বান্দা (মুহাম্মদ) কে রজনীযোগে ভ্রমণ করাইয়াছিলেন মসজিদুল হারাম হইতে মসজিদুল আক্সা পর্যন্ত।” (সূরা বণী ইস্রাইলঃ ১)

বিজ্ঞাপন

মে'রাজের ভ্রমণ নৈশাযোগে ছিল বিধায় ইহাকে 'ইসরা' বলা হয়। 'ইসরা' শব্দের আভিধানিক অর্থ নৈশ ভ্রমণ। আবার অধিকাংশ আলেম উক্ত ঘটনাকে উভয় নামেই (মে'রাজ বা ইসরা) উল্লেখ করিয়াছেন। কোন কোন আলেম ঘটনার প্রথম অংশ তথা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালের ভ্রমণকে ইসরা এবং তথা হইতে ঊর্ধ্বে আরোহনকে মে'রাজ বলিয়াছেন।

অন্যান্য পয়গম্বর (আঃ) গণের জীবন আলোচনা হইতে পাওয়া যায় যে, তাহারাও ঊর্ধ্বজগত ভ্রমণ করিয়াছেন, সমগ্র সৃষ্টজগত দেখিয়াছেন, নূরময় জগত অবলোকন করিয়াছেন, সিফাতের জগত ভ্রমণ করিয়া আটটি মহা গ্রন্থতুল্য (হায়াত, এলেম, কুদরত, এরাদত, সামাওয়াত, বাছারাত, কালাম ও তাকবীন) সিফাত বিচরণ করিয়া আল্লাহর গুণে গুণান্বিত হইয়াছেন, আপন আপন যোগ্যতানুযায়ী আল্লাহপাকের সান্নিধ্য অর্জন করিয়াছেন। অন্যান্য পয়গম্বরগণের সেই ভ্রমণকেও মে'রাজ নামে অভিহিত করা যায়। কারণ মে'রাজ মানেই ঊর্ধ্বে আরোহণ। অপরাপর নবী (আঃ) গণ যে ঊর্ধ্ব জগত ভ্রমণ করিয়াছেন, তাহার প্রমাণ বিভিন্ন আসমানি কিতাবে পরিলক্ষিত হয়। যেমন হযরত ইব্রাহিম (আঃ) সম্পর্কে আল্লাহপাক বলেন,

وَ كَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوْتَ السَّمَوتِ وَالْأَرْضِ

বিজ্ঞাপন

অর্থাৎ-"এই ভাবে আমি ইব্রাহিমকে আসমান জমীনের বাদশাহই অবলোকন করাইলাম।" (সূরা আন আমঃ রুকু ৯)

হযরত ইয়াকুব (আঃ) সম্পর্কে তাওরাত শরীফে উল্লেখ রহিয়াছে-ইয়াকুব (আঃ) বীরে সাবআ হইতে বাহির হইয়া হারানের দিকে চলিলেন। সেখানে একস্থানে বিশ্রাম করিলেন। কারণ সন্ধা নামিল। সেখানেই কিছু পাথর শিয়রে দিয়া নিদ্রামগ্ন হইলেন। স্বপ্নে দেখিলেন, আসমান হইতে পৃথিবী পর্যন্ত একটি সিঁড়ি লাগানো রহিয়াছে, যেই সিঁড়ি বাহিয়া ফেরেশতারা উঠানামা করিতেছে। স্বয়ং আল্লাহপাক সেখানে দন্ডায়মান। তিনি বলিলেন, আমি তোমার বাপ-দাদা ইসাহাক ও ইব্রাহিমের আল্লাহ। যেই ভুখন্ডে তুমি শায়িত, উহা তোমাকে ও তোমার বংশধরকে দেওয়া হইবে। (তাকভীন-২৮)

তেমনি ইঞ্জিল শরীফে হযরত ইউহান্না নবী (আঃ) এর আত্মিক দর্শনের বিস্তারিত বিবরণ আছে। কাজেই বুঝা যায় মে'রাজ নেয়ামত কম-বেশী সব নবীই (আঃ) লাভ করিয়াছিলেন; আপন আপন পদ মর্যাদানুযায়ী জাতি নূর লাভে ধন্য হইয়াছিলেন। তবে দয়াল নবী (সাঃ) এর মে'রাজ ও অন্যান্যদের মে'রাজের মধ্যে পার্থক্য আছে। রাসূলে করীম (সাঃ) এর মে'রাজ ছিল সশরীরে জাগ্রতাবস্থায়; কিন্তু অন্যান্য পয়গম্বরগণের মে'রাজ ছিল আধ্যাত্মিক ভাবে, রূহ ও ওজুদ মাওহুব লাহুর মাধ্যমে। এতদ্ব্যতীত নবীজী (সাঃ) আল্লাহপাকের যতখানি নিবিড় সান্নিধ্য ও নৈকট্য হাছিল করেন, ততখানী নৈকট্য আর কোন নবী বা ফেরেশতা পান নাই। দয়াল নবী (সাঃ) এর জন্য এই মে'রাজ ছিল সর্বাধিক সম্মান ও মর্যাদার বিষয়। দয়াল নবী (সাঃ) এর পরে উম্মতকুলের কিছু কিছু উম্মত তদীয় জাহেরী ও বাতেনী অনুসরণের মাধ্যমে আল্লাহতায়ালার দয়া ও অনুকম্পায় জড় জগত, নূরের জগত ও সিফাতের জগত ভ্রমণ ও মনোমুগ্ধকর নিদর্শন অবলোকন ও খোদাতায়ালার জাতের সান্নিধ্য লাভ করেন। এই সকল উম্মতও আধ্যাত্মিকভাবে মে'রাজের অপূর্ব নেয়ামতলাভে ধন্য হন।

বিজ্ঞাপন

তবে সশরীরে জাগ্রতাবস্থায় মে'রাজ বা ঊর্ধ্বে আরোহন একজনের, কেবলমাত্র একজনেরই ভাগ্যে ঘটিয়াছিল-তিনি হইলেন দয়াল নবী, রাসূলে পাক (সাঃ)।

রাসূলে পাক (সাঃ) তদীয় মে'রাজের কাহিনী সাহাবীদের সম্মুখে বিভিন্ন সময়ে বর্ণনা করিতেন। হাদীস ও জীবনীগ্রন্থে বহু সাহাবার নাম উল্লেখ পাওয়া যায় যাহারা মে'রাজের কাহিনী রাসূলে পাকের (সাঃ) নিকট হইতে শ্রবণ করিয়াছেন। ইহাদের মধ্যে স্বনামধন্য দুইজন সাহাবী হইলেন-হযরত মালেক ইবনে সা'সা' (রাঃ) এবং হযরত আবু জর গীফারী (রাঃ)।

ইমাম বোখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) তাহাদের কিতাবে মে'রাজ সম্পর্কীয় সাতজন সাহাবীর বর্ণনা উদ্ধৃত করিয়াছেন-যাহারা হইলেন হযরত মালেক ইবনে সা'সা' (রাঃ), হযরত আবুবকর (রাঃ), হযরত আনাস ইবনে মালেক (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), হযরত আবু হুরায়রা (রাঃ), হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) এবং হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)।

বিজ্ঞাপন

উল্লিখিত সাহাবাগণের মধ্যে হযরত মালেক ইবনে সা'সা' (রাঃ) এর বর্ণনাই প্রশস্ত কলেবরে উদ্ধৃত হইয়াছে। তথাপিও মে'রাজ সম্পর্কীয় পূর্ণ চিত্র তাহার বর্ণনায় নাই। ইমাম বোখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) ছাহেবদ্বয় কর্তৃক সংকলিত হাদীসসমূহ অধ্যায়নে মে'রাজের যে চিত্র ফুটিয়া উঠে তাহা নিম্নরূপঃ-

মে'রাজের রাত্রিতে রাসূলে পাক (সাঃ) হাতীম বা হাজর নামক স্থানে শায়িত ছিলেন। হাতিম কোন জায়গাটুকুকে বলে?-এ সম্পর্কে কিছু বলা প্রয়োজন। আমরা জানি হযরত ইব্রাহিম (আঃ) তদীয় পুত্র হযরত ইসমাঈল (আঃ) কে সংগে লইয়া কাবা ঘর পুনঃ নির্মাণ করিয়াছিলেন। সময়ের ব্যবধানে উক্ত কাবা ঘর কয়েকবার প্লাবনে ক্ষতিগ্রস্থ হয়। স্ব স্ব সময়ে দায়িত্ববান ব্যক্তি ও গোষ্ঠী দ্বারা তাহা পুনঃনির্মিত হয়। রাসূলে করিম (সাঃ) এর নবুয়তের প্রাক্কালে কুরাইশদের আমলে কাবাঘর পুনরায় প্লাবনে ক্ষতিগ্রস্থ হয়। কুরাইশরা তাহা সংস্কারে প্রয়াসী হন; কিন্তু আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। ফলে সর্বসম্মতক্রমে মূল কাবার কিছু অংশ বাদ দিয়া ঘরের আয়তন কিছুটা হ্রাস করিয়া তাহারা সংস্কার করেন। এই ভাবে মূল কাবা ঘরের কিছু অংশ বাহিরে থাকিয়া যায়। আজও তেমনি আছে। সেই বহির্ভাগস্থিত জায়গাটুকুই হাতীম বা হাজর নামে পরিচিত। মে'রাজ রজনীতে রাসূলে পাক (সাঃ) কাবার বহির্ভাগস্থিত হাতীম নামক স্থানে শায়িত ছিলেন। এ প্রসংগে তিনি বলেন, "আমি কাবা ঘরের হাতীমে ছিলাম। অধিকাংশ সময় বলিয়াছেন, পাথরের উপর শায়িত ছিলাম। এমন সময় আমার নিকট একজন আগন্তক (জিব্রাইল) আসিলেন। বর্ণনাকারী বলেন, আমি শুনিয়াছি হুজুর (সাঃ) বলিয়াছেনঃ (অংগুলি নির্দেশ পূর্বক) আমার এই স্থান হইতে এই স্থান পর্যন্ত বিদীর্ণ করা হইয়াছে। এক বর্ণনাকারী বলেন, আমি জারুদকে জিজ্ঞাসা করিলাম যিনি শ্রোতা হিসাবে আমার পার্শ্বে ছিলেন, উক্ত বাক্যের দ্বারা নবীজী দেহের কোন্ কোন্ স্থানকে নির্দেশ করিয়াছেন? তিনি বলিলেন, গলদেশ হইতে পশম পর্যন্ত। রাসূলে পাক (সাঃ) বলেন, অতঃপর জিব্রাইল (আঃ) আমার দেল বাহির পূর্বক ঈমানী নূরে ভরপুর এক সোনার খাঞ্চায় রাখিয়া আমার অন্ত্রনালী ইত্যাদি ধৌতপূর্বক পুনরায় তাহা যথাযথ স্থানে স্থাপন করিলেন। অতঃপর আমার নিকট গাধার চেয়ে বড় অথচ খচ্ছরের চাইতে সামান্য ছোট সুদৃশ্য এক জন্তু হাজির করা হইল। জারুদ জিজ্ঞাসা করিলেন, হে আবু হামযাহ (হযরত আনাসের উপনাম)! ইহাই কি বোরাক? হযরত আনাস (রাঃ) বলিলেন, জী, এইটাই বোরাক-শূন্য দিগন্তে দৃষ্টি যতদূর যায়, এক এক পদক্ষেপে নিমিষের মধ্যে সে ততদূর পর্যন্ত পথ অতিক্রম করিতে পারে। রাসূলে পাক (সাঃ) কে সেই বোরাক পৃষ্ঠে করিয়া কাবা শরীফ হইতে বায়তুল মোকাদ্দাসে নেওয়া হইলো। বোরাককে একটি ছিদ্রযুক্ত পাথরের সাথে বাঁধিয়া তিনি মসজিদুল আকসায় প্রবেশ করিলেন। সেখানে দুই রাকায়াত নামাজ পড়িলেন।

রাসূলে পাক (সাঃ) বলিলেন, অতঃপর ফেরেশতা জিব্রাইল (আঃ) আমাকে লইয়া আকাশের দিকে রওয়ানা হইল। দেখিতে দেখিতে আমরা প্রথম আকাশে পৌঁছাইলাম। দরজা খোলার জন্য বলা হইলে ভিতর হইতে আওয়াজ আসিল-'কে?' উত্তরে জিব্রাইল (আঃ) তদীয় পরিচয় দিলেন। পুনরায় প্রশ্ন- 'সংগে আর কে?' উত্তর-'হযরত মুহাম্মদ (সাঃ)।' পুনরায় প্রশ্ন-'তিনি কি আমন্ত্রিত?' জিব্রাইল (সাঃ) জওয়াব দিলেন, 'জী।' শুনামাত্রই 'মারহাবা ও শুভাগমন' বলিতে বলিতে ফেরেশতা আসমানি দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিলাম। সেখানে ছিলেন আদি পিতা হযরত আদম (আঃ)। হযরত জিব্রাইল (আঃ) আমাকে বলিলেন, 'এই যে আপনার পিতা হযরত আদম (আঃ), তাহাকে সালাম করুন।' আমি সালাম করিলাম। সালামের জবাবান্তে তিনি বলিলেন,

বিজ্ঞাপন

مَرْحَبًا بِالابْنِ الصَّالِحِ وَ النَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-"যোগ্য ছেলে, যোগ্য নবী-খুশী থাক।"

অতঃপর জিব্রাইল (আঃ) আমাকে সহ দ্বিতীয় আসমানে উপনীত হইলেন। সেখানেও জিব্রাইল (আঃ) দরজা খোলার জন্য বলিলেন। আওয়াজ আসিল- 'কে?' উত্তর-'আমি জিব্রাইল।' পুনরায় প্রশ্ন-'সংগে কে?' জিব্রাইল-'মুহাম্মদ (সাঃ)।' আবার প্রশ্ন 'তিনি কি আমন্ত্রিত?' জিব্রাইল বলিলেন-'হ্যাঁ।' শুনামাত্রই 'খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন' বলিয়া তাহারাও অভ্যর্থনা জানাইলেন। সেখানে ছিলেন, হযরত ইয়াহিয়া (আঃ) ও ঈসা (আঃ)। জিব্রাইল বলিলেন, 'তাহাদেরকে সালাম করুন।' 'আমি সালাম করিলাম। জবাবান্তে তাহারা বলিলেন,

বিজ্ঞাপন

مَرْحَبًا بِالآخِ الصَّلِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-'খুশী হউন, হে আমাদের যোগ্য ভাই ও শ্রেষ্ঠ নবী।'

অতঃপর আমাকে নিয়া জিব্রাইল (আঃ) তৃতীয় আসমানের উপনীত হইলেন। সেখানেও জিব্রাইল (আঃ) দরজা খোলার জন্য বলিলে আওয়াজ আসিল-'কে?' উত্তর-'আমি জিব্রাইল।' পুনরায় প্রশ্ন-'সংগে কে?' উত্তর দিলেন-'মুহাম্মদ (সাঃ)।' আবার প্রশ্ন-'তাহাকে কি ডাকা হইয়াছে?' জিব্রাইল বলিলেন, 'হ্যাঁ।' শুনামাত্রই 'খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন'-বলিয়া তাহারাও দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিলাম। এখানে ছিলেন হযরত ইউসুফ (আঃ)। জিব্রাইল (আঃ) বলিলেন, 'ইনি হযরত ইউসুফ (আঃ), তাহাকে সালাম করুন।' 'আমি সালাম করিলাম। তিনি জবাব দিয়া বলিলেন,

বিজ্ঞাপন

مَرْحَبًا بِالآخِ الصَّلِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-'খুশী হউন হে আমার যোগ্য ভাই ও শ্রেষ্ঠ নবী।'

অতঃপর জিব্রাইল (আঃ) আমাকে সহ চতুর্থ আসমানে উপনীত হইলেন। দরজা খোলার জন্য বলিলেন। প্রশ্ন আসিল-'কে?' উত্তর দিলেন, 'আমি জিব্রাইল।" পুনরায় প্রশ্ন-'সংগে কে?' উত্তর দিলেন-'মুহাম্মদ (সাঃ)।' আবার প্রশ্ন-'তিনি কি আমন্ত্রিত?' জিব্রাইল বলিলেন-'হ্যাঁ।' শুনামাত্রই 'খুশী হউন, মহান ব্যক্তির শুভাগমন' বলিয়া দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিলাম। এখানে ছিলেন হযরত ইদ্রিস (আঃ)। জিব্রাইল (আঃ) পরিচয় করাইয়া দিলেন। বলিলেন, 'ইনি হযরত ইদ্রিস, উনাকে সালাম করুন।' আমি সালাম করিলাম। তিনি জবাবান্তে বলিলেন,

বিজ্ঞাপন

مَرْحَبًا بِالآخِ الصَّلِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-'খুশী হউন হে আমার যোগ্য ভাই ও শ্রেষ্ঠ নবী।'

অতঃপর জিব্রাইল (আঃ) আমাকে লইয়া পঞ্চম আসমানে উপনীত হইলেন। দ্বাররক্ষী ফেরেশতাকে দরজা খোলার জন্য বলিলেন। আওয়াজ আসিল- 'কে?' জিব্রাইল (আঃ) বলিলেন-'আমি জিব্রাইল।' পুনরায় প্রশ্ন-সংগে কে?' উত্তর-মুহাম্মদ (সাঃ)। আবার প্রশ্ন-'তিনি কি আমন্ত্রিত?' জিব্রাইল বলিলেন, 'হ্যাঁ।' শুনামাত্রই 'খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন' বলিয়া দরজা খুলিয়া দিলেন। আমি ভিতরে প্রবেশ করিলাম। এখানে ছিলেন হযরত হারুন (আঃ)। জিব্রাইল (আঃ) বলিলেন, 'ইনি হযরত হারুন, তাহাকে সালাম করুন।' আমি সালাম করিলাম। তিনি জবাব দিয়া বলিলেন,

مَرْحَبًا بِالآخِ الصَّلِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-'খুশী হউন হে আমার যোগ্য ভাই ও যোগ্য নবী।'

অতঃপর জিব্রাইল (আঃ) আমাকে সহ ষষ্ঠ আসমানে পৌঁছাইলেন। সেখানেও দরজা খোলার জন্য বলিলেন। আওয়াজ আসিল-'কে?' উত্তর-'আমি জিব্রাইল।' পুনরায় প্রশ্ন-'সংগে কে?' উত্তর-'মুহাম্মদ (সাঃ)।' আবার প্রশ্ন-'তিনি কি আমন্ত্রিত?' জিব্রাইল বলিলেন-'হ্যাঁ।' শুনামাত্রই পূর্ববৎ 'খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন' বলিয়া দরজা খুলিয়া দিলেন। ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম হযরত মুসা (আঃ)। জিব্রাইল বলিলেন, ইনি হযরত মুসা (আঃ), সালাম করুন। আমি সালাম করিলাম। তিনি জবাব দিলেন এবং বলিলেন,

مَرْحَبًا بِالْآخِ الصَّلِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

অর্থাৎ-'খুশী হউন হে আমার যোগ্য ভাই ও যোগ্য নবী।'

অতঃপর আমি যখন ঊর্ধ্ব পথে রওয়ানা হইলাম, তখন হযরত মূসা (আঃ) ক্রন্দন শুরু করিলেন। কারণ জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, 'এই নবী যুবক পয়গম্বর। আমার পরে তিনি প্রেরিত হইয়াছেন। অথচ আমার উম্মতের চাইতে তাহার উম্মত অনেক বেশী সংখ্যায় বেহেশতে যাইবে।'

অতঃপর জিব্রাইল (আঃ) আমাকে লইয়া পৌঁছাইলেন সপ্তম আকাশে। সেখানে দরজা খোলার জন্য বলিলেন। আওয়াজ আসিল-'কে?' উত্তর-'আমি জিব্রাইল।' প্রশ্ন আসিল-'সংগে কে?' উত্তর-'মুহাম্মদ (সাঃ)।' পুনরায় প্রশ্ন-'তিনি কি আমন্ত্রিত?' উত্তরে জিব্রাইল বলিলেন-'হ্যাঁ।' শুনামাত্রই 'খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন' বলিয়া দরজা খুলিয়া দিলেন। ভিতরে প্রবেশ করিয়া দেখি হযরত ইব্রাহিম (আঃ)। জিব্রাইল (আঃ) বলিলেন, 'ইনি আপনার পিতা হযরত ইব্রাহিম। তাহাকে সালাম করুন।' আমি সালাম করিলাম। তিনি সালামের জবাবান্তে বলিলেন,

مَرْحَبًا بِالابْنِ الصَّالِحِ وَ النَّبِيُّ الصَّالِحِ

অর্থাৎ-"খুশী থাক হে যোগ্য ছেলে ও যোগ্য নবী।" হযরত ইব্রাহিম (আঃ) বাইতুল মা'মুরে পিঠ ঠেকাইয়া বসিয়া ছিলেন।

অতঃপর আমাকে আরও ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহায় পৌঁছানো হইল। সেই বৃক্ষের একটি কুল হাজরের (এক স্থানের নাম) বিখ্যাত মটকার মত বড়। আর এক একটি পাতা যেন হাতীর এক একটি কান। হযরত জিব্রাইল বলিলেন, 'ইহা সিদরাতুল মুনতাহা।' সেখানে দেখি চারটি নদী প্রবাহিত। জিজ্ঞাসার পর হযরত জিব্রাইল (আঃ) বলিলেন, যে দুইটি নদী ভিতরের দিকে প্রবাহিত সেই দুইটি বেহেশতের নদী। আর বহির্মুখী নদী দুইটি নীল ও ফুরাত (অর্থাৎ নীল নদ ও ফুরাত নদীর প্রতিকৃতি)।

অতঃপর আমাকে বায়তুল মামুরে প্রবেশ করানো হইল। প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা সেই গৃহে প্রবেশ করেন এবং একবার বাহির হইলে দ্বিতীয়বার তাহাদের পালা আর আসে না। অতঃপর আমার সম্মুখে এক পেয়ালা শরাব, এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু রাখিয়া যেইটা ইচ্ছা পান করিতে বলা হইল। আমি দুধের পেয়ালাটি গ্রহণ করি। ইহা দৃষ্টে জিব্রাইল (আঃ) বলিলেন, 'এটা দ্বীন (ধর্ম), যাহার উপরে আপনি ও আপনার উম্মত কায়েম থাকিবেন।'

অতঃপর আমার ওপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরয করা হইল। সেখান হইতে ফিরিবার পথে মূসা (আঃ) এর নিকট আসিলে তিনি জানিতে চাহিলেন-'কি কি ফরয করা হইয়াছে?' আমি বলিলাম, 'দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ।' হযরত মূসা (আঃ) বলিলেন, আপনার উম্মতের দ্বারা দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করা কখনও সম্ভবপর নহে। আমি বণী ইসরাইলদের লইয়া বহু পেরেশানী ভোগ করিয়াছি। তাহাদের হেদায়েত করার চেষ্টা ও তদবীর আমি কম করি নাই। কিন্তু সবই বৃথা গিয়াছে। কাজেই আপনি আল্লাহতায়ালার কাছে গিয়া নামাযে আরও কিছু কম করিয়া লন। অতঃপর আমি আল্লাহর দরবারে হাজির হইয়া নামাজ হ্রাসের অনুরোধ করিলাম। আল্লাহতায়ালা দশ ওয়াক্ত নামাজ হ্রাস করিলেন। প্রত্যাবর্তনের পথে পুনরায় মূসা (আঃ) এর সহিত সাক্ষাত হইল। তিনি পূর্বের ন্যায় শংকা প্রকাশ করিয়া আরও কিছুটা লাঘব করিয়া নেওয়ার পরামর্শ দিলেন। পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত হইয়া নামাজের পরিমান আরও হ্রাসের আরজী পেশ করিলে তিনি আরও দশ ওয়াক্ত নামাজ লাঘব করিয়া দিলেন। ফেরার পথে মূসা (আঃ) এর সংগে সাক্ষাত হওয়ার পর তিনি পূর্ববৎ আরও কিছুটা লাঘব করিয়া নিতে বলিলেন। আমি পুনরায় আল্লাহর দরবারে উপস্থিত হইয়া আরজী পেশ করি। তখন আরও দশ ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেওয়া হইল। পুনরায় যখন মূসা (আঃ) এর নিকট পৌঁছিলাম। তিনি এইবারও পূর্বের ন্যায় বলিলেন। আমি আল্লাহর দরবারে উপস্থিত হইলাম। এই বার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করা হইল। আমি মূসা (আঃ) এর নিকট ফেরত আসিলে এইবারও তিনি বলিলেন, আপনার উম্মত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করিতে পারিবে না। আমি বণী ইসরাইল-এর দরুন বহু অভিজ্ঞতা লাভ করিয়াছি-তাহাদেরকে লইয়া কতই না অসুবিধা আমি ভোগ করিয়াছি। কাজেই অবস্থা আমার খুব জানা আছে। সুতরাং আপনি আরও হ্রাস করাইতে পারেন কিনা চেষ্টা করিয়া দেখুন। রাসূলে পাক (সাঃ) বলিলেন, বারবার গিয়া আবদার করিয়াছি। এখন আবার যাইতে আমার লজ্জাবোধ হয়।

পাঁচ ওয়াক্তের নামাজই আমি কবুল করিয়া লইলাম। এমন সময় আরশ হইতে আওয়াজ আসিল, 'হে মুহাম্মদ! আমার বিধানে কোন রদবদল নাই। নামাজ পাঁচ ওয়াক্ত হইবে বটে, প্রতিটি পুণ্য কাজের দশগুণ ছওয়াব মিলিবে। তাই এই পাঁচ ওয়াক্তেই পঞ্চাশ ওয়াক্তের পুণ্য মিলিবে। আমি আমার বান্দাদের কাজ সহজ করিয়া দিলাম এবং নিজ সিদ্ধান্ত জারী করিলাম।'

তখন আকাশ হইতে মহানবী (সাঃ) পৃথিবীতে নামিলেন। বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করিয়া দেখিলেন সেখানে নবীদের জলসা বসিয়াছে। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত মূসা (আঃ) নামাজ পড়িতেছেন। তন্মধ্যে হইতে কতিপয় নবীর আকৃতি-প্রকৃতি তিনি বর্ণনা করিয়াছেন। হযরত মূসা (আঃ) সম্পর্কে তিনি বলেন, 'তাহার গড়ন লম্বা, শরীরের বর্ণ লালচে সাদা, মাথায় বাবড়ী চুল। হযরত ঈসা (আঃ) এর মধ্যম গড়ন, লালচে সাদা বর্ণ ও মাথায় লম্বা সাদা চুল। মনে হইতেছিল যেন এই মাত্র তিনি গোসল খানা হইতে বাহির হইয়াছেন। ওরওয়া ইবনে মাসউদ ছাকাফীর চেহারার সহিত তাহার মিল রহিয়াছে। হযরত ইব্রাহিম (আঃ) এর চেহারার সহিত তোমাদের পয়গম্বর (সাঃ) এর চেহারার মিল আছে।

অতঃপর নামাজের সময় হইল। নবীকুল শিরোমণি হযরত রাসূলে করিম (সাঃ) ইমামের মর্যাদায় অভিষিক্ত হইলেন। এই ভাবে সব মঞ্জিল অতিক্রম করিয়া নবীজী সেই রাত্রিতেই মসজিদে হারামে উপস্থিত হইলেন।

প্রতিদিন কাবাঘরের চারিপার্শে কোরাইশ নেতাদের বৈঠক বসিত। সেদিন সকালে নবীজীও কাবা শরীফের হাতীমে অবস্থান করিতেছিলেন। সকালে তিনি কোরাইশ নেতাদের নিকট মে'রাজের বিস্ময়কর ঘটনাটি বর্ণনা করিলেন। কেহ বিশ্বাস করিল, কেহ করিল না; কেহবা নবীজীকে মিথ্যাবাদী বলিল। হযরত আবুবকর এই ঘটনা শুনামাত্র বিশ্বাস করিয়া সিদ্দিক উপাধিতে ভূষিত হইলেন। আবার কেহ কেহ নানাবিধ প্রশ্নে নবীজীকে জর্জরিত করিল। কোরাইশদের অধিকাংশই সিরিয়ায় ব্যবসা করিত। তাহারা অনেকবার বায়তুল মোকাদ্দাস দেখিয়াছে। তাহারা জানিত, এক রাত্রিতে মসজিদুল হারাম হইতে মসজিদুল আকসায় যাওয়া কোন ক্রমেই সম্ভব নয়। প্রয়োজন কমপক্ষে এক মাস সময়। তাই অবিশ্বাসীরা তাহাকে প্রশ্ন করিল, যদি সত্যিই আপনি এক রাতে বায়তুল মোকাদ্দাস যাতায়াত করিয়া থাকেন তবে বলুন উহা কিরূপ। এ প্রসংগে রাসূলে পাক (সাঃ) বলেন, "আমার ধারণায় বায়তুল মোকাদ্দাসের পূর্ণ চিত্রটি ছিল না। প্রশ্ন শুনিয়া অত্যন্ত অস্বস্তি বোধ করিতেছিলাম। হঠাৎ আমার সামনে পূর্ণ সৌধটি সমুজ্জল হইল। প্রশ্ন কারকগণ প্রশ্ন করিতেছিল। আমি উহা দেখিয়া দেখিয়া সঠিক জবাব দিতেছিলাম।"

ছহীহ হাদীসের গ্রন্থসমূহে মে'রাজের যে বিবরণ পাওয়া যায় তাহা উল্লিখিত আলোচনায় বিধৃত হইল।

পাক কুরআন আল্লাহর অকাট্য বাণী। ইহাকে শব্দ ও আওয়াজের পোশাক পরাইয়া আল্লাহতায়ালা নবীজীর নিকট প্রেরণ করিয়াছেন মানব জাতির হেদায়েতের জন্যে। পাক কুরআনের বাক্যবিন্যাসও আল্লাহপাকের। অন্যদিকে রাসূলের বাণীও হকিকতে আল্লাহর বাণী। কুরআন ব্যতীত যাহা কিছু তাহার নিকট এলহাম হইত বা জিব্রাইল মারফত আসিত তিনি তাহা নিজ ভাষায় প্রকাশ করিতেন। হকিকতে তাহা আল্লাহ নির্দেশ, আল্লাহপাকেরই ইশারা। কারণ আল্লাহর নির্দেশ ছাড়া তিনিতো কিছুই করিতেন না বা বলিতেন না। আল্লাহপাক কুরআন মজীদেও তাই বলেন,

وَ مَا يَنْطِقُ عَنِ الْهَوَى

অর্থাৎ-“তিনি [মোহাম্মদ (সাঃ)] নিজ প্রবৃত্তি অনুসারে কোন কথা বলেন না।” (সূরা নজমঃ ৩)

পবিত্র কুরআন মজীদে তিন ধরণের আয়াত আছে। যথাঃ

★ আয়াতে বাইয়েনাত বা আয়াতে মুহ্কামাতুন'।

★ আয়াতে মোতাশাবেহাত' এবং

★ হরফে মোকাত্তায়াত।

কালামুল্লাহ শরীফের যে আয়াতগুলোর অর্থ স্পষ্ট, সাধারণ বোঝাবুঝির জ্ঞানে বোধগম্য-সেই আয়াতগুলোই আয়াতে বাইয়েনাত। এতদ্ব্যতীত বহু আয়াত আছে যাহাদের অর্থ অস্পষ্ট ও দুর্বোধ্য। সেই দুর্বোধ্য আয়াতগুলিই আয়াতে মোতাশাবেহাত। সাধারণ বোঝাবুঝির জ্ঞান দিয়া আয়াতে মোতাশাবেহাতকে বুঝা বা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। ফলে ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতভেদ পরিলক্ষিত হয়। এতদ্ব্যতীত কুরআন মজীদের কিছু কিছু হরফ আছে-যাহা হরফে মোকাত্তায়াত নামে পরিচিত। যেমনঃ আলিফ, লাম, মিম, ইত্যাদি। এই সমস্ত হরফগুলির তাৎপর্য জাহেরা ওলামাদের নিকট অপ্রকাশিত। কেবলমাত্র কামেল ওলী-যাহারা হকিকতে কুরআনের জ্ঞানে জ্ঞানী-তাহারাই উক্ত হরফে মোকাত্তায়াতের ভেদ অবগত। পাক কুরআনের তিনটি অবস্থা আছে বটে, কিন্তু হাদীসে রাসূলের দুইটি অবস্থা আছে। একটি স্পষ্ট ও পরিচ্ছন্ন, অপরটি অস্পষ্ট ও দুর্বোধ্য। একটি বাইয়েনাত, অপরটি মোতাশাবেহাত।

মে'রাজ সম্পর্কে রাসূলে পাক (সাঃ) এর বাণীতে যাহা কিছু বিধৃত হইল-তাহা সবই আয়াতে মোতাশাবেহাতের অন্তর্ভুক্ত। কারণ মে'রাজ এমন এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা-যাহা জাহেরা ওলামাদের বোধগম্য জ্ঞানের বহু ঊর্ধ্বের ঘটনা। আর তাই জাহেরা ওলামাদের মধ্যে মে'রাজ সম্পর্কে যেমন দেখা দিয়াছে বিভিন্ন মতভেদ, তেমনি সাধারণ ও জড়বাদীদের মধ্যে সৃষ্ট হইয়াছে সংশয় ও সন্দেহ।

রাসূলে পাক (সাঃ) এর মে'রাজ ও ইহার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধির জন্য প্রয়োজন কমপক্ষে আলমে মেছাল সম্পর্কে জ্ঞান অর্জন করা। পূর্বেই বলা হইয়াছে-আলমে মেছালে অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান আছে। অতীতের সমুদয় ঘটনার ছুরাত আলমে মেছালে থাকায় মেছালী জগত দর্শনের ক্ষমতাসম্পন্ন সাধক এই দুনিয়াবী জগত হইতেই ১৪০০ বছর পূর্বে সংঘঠিত দয়াল নবী (সাঃ) এর মে'রাজ ও মে'রাজ সম্পর্কীয় যাবতীয় ঘটনা স্বচক্ষে দর্শন পূর্বক ইহার তাৎপর্য উপলব্ধি করিতে সক্ষম। জাহেরা ওলামাসকল ও হাদীসবেত্তাগণও আলমে মেসাল সম্পর্কে সন্দিহান। কিন্তু মুজাদ্দেদীয়া তরিকার সাধকবর্গের নিকট আলমে মেছাল টেলিভিশনের মতই বাস্তব দর্শন। রাসূলে পাক (সাঃ) কিভাবে মে'রাজে গেলেন? কি কি দেখিলেন? কিভাবে দেখিলেন? তাহা ১৪০০ বছর কাল অতিবাহিত হইলেও দূর হইতে সার্চ লাইটের মত এখনও এই তরিকার সাধকবর্গ দেলের চক্ষু দ্বারা মেছালী পর্দায় দেখিতে পান। শুধু তাই নহে, রাসূলে পাক (সাঃ) এর পরিপূর্ণ (জাহেরী ও বাতেনী) অনুসরণের মাধ্যমে এই তরিকার সাধকবর্গ আধ্যাত্মিক ভাবে ঊর্ধ্বজগত ভ্রমণ করিয়া সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার হাকীকী অধ্যায়ে পৌঁছাইয়া খোদার নিবিড় সান্নিধ্য ও তৃপ্তিময় দর্শন লাভে সক্ষম।

হে জাকেরানগণ! তোমরা যদি মে'রাজ সম্পর্কে কিছু বুঝিতে চাও, তবে অন্ততঃ আলমে মেছাল দর্শনের ক্ষমতা অর্জন কর। তাহা হইলে তোমাদের দিব্য-দৃষ্টিতে মে'রাজ তত্ত্ব দিবালোকের ন্যায় পরিচ্ছন্ন হইবে। তবে মেছালী জগত দর্শনতো সহজ কথা নহে। সেই জন্য প্রয়োজন কঠোর সাধনা। প্রয়োজন আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে উরুজ-ছায়ের, ফানা-বাকার জ্ঞান অর্জন যাহা একমাত্র পীরে কামেলের দয়া ও নেক দৃষ্টির উপর নির্ভরশীল। তোমরা চেষ্টা কর, রেয়াযত কর। আমি দু'আ করি তোমরা সফল হও। আমীন!

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD