আমানতের পরিচয় এবং আমানতের হেফাজত পূর্ণাংগ ইবাদতের মধ্যে

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘ইবাদত ও মহব্বত’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ আমানতের পরিচয় এবং আমানতের হেফাজত পূর্ণাংগ ইবাদতের মধ্যে তথা জাহেরী ও বাতেনী শরীয়তের অনুশীলনের মধ্যে নিহিত-এ সম্পর্কে আলোচনাঃ
বিজ্ঞাপন
কালামুল্লাহ শরীফে আল্লাহপাক বলেন,
إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَوتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَ اَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الإِنْسَانُ ط إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولاً
অর্থাৎ-"আমি আমার আমানতকে আসমান, জমীন ও পাহাড়ের নিকট রাখিলাম, তাহারা উহা উঠাইতে অস্বীকার করিল এবং উহা হইতে ভীত হইল। মানুষ উহাকে উঠাইয়া লইল। নিশ্চয়ই সে জালেম ও মূর্খ।” (সূরা আহযাবঃ ৭২) আশেক কবিও বলেন,
বিজ্ঞাপন
"তুলিতে নারিল আসমান আমানত ভার
পড়িল ন্যাস্ততার দাঁও ভাগে পাগলার।"
'আমানত' শব্দের অর্থ গচ্ছিত ধন। আল্লাহপাক এমন কি আমানত বা ধন আসমানের নিকট গচ্ছিত রাখিতে চাহিলেন, কিন্তু আসমান তাহা গ্রহণে অস্বীকার করিল, জমীনও অস্বীকার করিল, একইভাবে পর্বতসমূহও অস্বীকার করিল; কিন্তু মানুষ তাহা গ্রহণ করিল, গ্রহণ করাতে জালিম ও জাহেল অর্থাৎ অত্যাচারী ও মূর্খ বলিয়া আখ্যায়িত হইল? এ নসিহতের আলোচনা সেই আমানত সম্পর্কে।
বিজ্ঞাপন
আলোচনার প্রারম্ভে মানুষের আদি ইতিহাস সম্পর্কিত কিছু কথা বলা প্রয়োজন। এই জড়জগতে আসিবার পূর্বে মানুষ ছিল আলমে আরোওয়াহতে বা রূহানী জগতে। রূহানী জগতের পূর্বে মানুষ ছিল আল্লাহতায়ালার সিফাতে হাকীকীতে নিরাকার অবস্থায়। মানুষের সেই অবস্থা সম্পর্কে আল্লাহপাক বলেন,
هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ حِيْنَ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا .
অর্থাৎ-"মানুষের উপর কি কালের এমন একটি অংশ অতিবাহিত হয় নাই, যখন সে কোন উল্লেখযোগ্য বস্তুই ছিল না? (সূরা দাহরঃ ১)
বিজ্ঞাপন
আল্লাহতায়ালার জাতকে কেন্দ্র করিয়া আটটি হাকীকী সিফাত আছে। যথাঃ হায়াত, এলেম, কুদরত, এরাদত, ছামাওয়াত, বাছারত, কালাম ও তাকবীন। এই আটটি হাকীকী সিফাত জাতকে কেন্দ্র করিয়া বর্তমান। একটি সিফাতের সাথে আর একটির পার্থক্য আছে, তফাৎ আছে; তবে সে পার্থক্য কেমন, তাহা আমাদের সাধারণ বুঝাবুঝির বাহিরে। জাত মতলকের' অধ্যায়ে সে পার্থক্য বর্তমান। এলমে হুছুলী' দ্বারা তাহা উপলব্ধি করা যায় না। এলমে হুছুলীর সেখানে প্রবেশাধিকার নাই। কেবল এলমে হুজুরী' দ্বারা তাহা উপলব্ধি করা যায়।
উল্লিখিত অষ্ট হাকীকী সিফাতের প্রত্যেকটির মধ্যে দুইটি বিপরীত অবস্থা বর্তমান। একদিকে আছে নিখুঁত অবস্থা; অন্যদিকে আছে খুঁতযুক্ত অবস্থা। যেমন সিফাতে এলেমে আছে জাতপাকের হাকীকী নিখুঁত জ্ঞান, ইহার বিপরীতে আছে মানুষের খুঁতযুক্ত জ্ঞান তথা অজ্ঞানতা। সিফাতে কুদরতে আছে জাতপাকের হাকীকী নিখুঁত ক্ষমতা, ইহার বিপরীতে আছে মানুষের অক্ষমতা। তেমনি একদিকে আছে জাতপাকের নিখুঁত দর্শনশক্তি, শ্রবণশক্তি, ইচ্ছাশক্তি, কথনশক্তি, সৃজনশক্তি ইত্যাদি; ইহার বিপরীতে আছে মানুষের অন্ধত্ব, বধিরতা, অলসতা, বাকশক্তিহীনতা ইত্যাদি। একদিকে পজিটিভ, অন্য দিকে নেগেটিভ। সিফাতে হাকীকীস্থিত খুঁতযুক্ত নেগেটিভ বিপরীত অবস্থাই হইল সৃষ্টির তথা মানুষের নিরাকার হকিকত। খুঁতযুক্ত ত্রুটিপূর্ণ বিপরীত অবস্থার প্রতিবিম্ব আছে আকরাবিয়াতের নীচে বেলায়েতে ছোগরা জগতে। এই প্রতিবিম্বকে বলা হয় আদম তথা অনস্তিত্ব ও দোষত্রুটির সমষ্টি। তেমনি ইহার বিপরীতে আছে আল্লাহতায়ালার সিফাতে হাকীকীর বিপরীত নিখুঁত অবস্থার প্রতিবিম্ব যাহাকে অজুদ বলা হয়। এই অজুদ আল্লাহতায়ালার জাত ভিন্ন সমস্ত কামালাতের প্রতিবিম্ব, যাবতীয় মংগলের সমষ্টি, কল্যাণের ধারক, শুভের উৎপত্তিস্থল। কিন্তু আদম (অনস্তিত্ব) যাবতীয় অকল্যাণের সমষ্টি, ত্রুটি-বিচ্যুতির উৎপত্তিস্থল। অজুদে আছে আলো, আদমে আছে অন্ধকার; অজুদ আল্লাহর জন্যে, আদম সৃষ্টির জন্য। আল্লাহপাক বলেন, সমস্ত মংগল আল্লাহ হইতে এবং সমস্ত অমংগল নিজ নাফস হইতে আগত। (পাক কুরআন)
দয়াময় আল্লাহতায়ালা আদমের উপর অজুদের প্রতিবিম্ব ফেলিলেন। ফলে সৃষ্টির মধ্যে তথা মানুষের মধ্যে কিছু কল্যাণ, কিছু মংগল আসিয়া গেল। অজুদের এই প্রতিবিম্ব প্রকারান্তরে সিফাতে হাকীকীর প্রতিবিম্ব। এই প্রতিবিম্বই হইল মানুষের জীবন, জ্ঞান, চিন্তন, দর্শন, শ্রবণ, বর্ণন, কথন, সৃজন, মনন ইত্যাদি গুণাগুণ। এই গুণাগুণ মানুষের নিজস্ব সম্পদ নহে। ইহা আল্লাহতায়ালার হাকীকী সিফাতের ছায়া। যে আমানত আল্লাহতায়ালা মানুষের মধ্যে গচ্ছিত রাখিয়াছেন-তাহা উল্লিখিত চিন্তন, দর্শন, কথন, শ্রবণ, মনন, সৃজন ইত্যাদি গুণাবলী-যাহা অজুদেরই প্রতিবিম্ব।
বিজ্ঞাপন
আল্লাহপাক মানবরূহ সৃষ্টির পূর্বে প্রথমে আসমান সৃষ্টি করেন। অতঃপর কিছু চেতনা ও উপলব্ধিবোধ দানপূর্বক আসমানের নিকট এই প্রস্তাব রাখেন যে, "আমি আমার গুণাবলীর প্রতিবিম্ব আমানতস্বরূপ তোমাকে দিতে চাই এবং সেই আমানত সংরক্ষণ ও হেফাজতের জন্য আদেশ-নিষেধ সম্বলিত বিধানও দিতে চাই। যদি তুমি গ্রহণ কর এবং শরীয়তের বিধানরূপী সিন্দুকে সেই আমানতী সম্পদ গচ্ছিত রাখ এবং নির্দিষ্ট সময় অন্তে যথাযথ ভাবে তাহা ফেরত দাও, তবে তুমি উত্তম পুরস্কারে পুরস্কৃত হইবে। আর যদি খেয়ানত কর তথা শরীয়তের বিধান পালনে ত্রুটি করিয়া আমানতী সম্পদকে কলুষিত কর, অপবিত্র কর তবে তুমি আযাবে বা গযবে নিপতিত হইবে। আমানত গ্রহণ করা বা না করা তোমার ইচ্ছাধীন।" আসমান আল্লাহতায়ালার প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করিল। অতঃপর আল্লাহতায়ালা জমীনকে সৃষ্টি করিলেন। জমীনের নিকট একই প্রস্তাব উত্থাপন করিলেন। জমীনও আসমানের মত আমানত গ্রহণে রাজী হইল না। অতঃপর আল্লাহতায়ালা পর্বতসমূহ সৃষ্টি করিয়া তাহাদের নিকট আমানত গ্রহণের উক্তরূপ প্রস্তাব রাখিলেন। কিন্তু পর্বতও আমানতী ধনের খেয়ানতের ভয়ে ভীত হইল এবং গ্রহণে অস্বীকার করিল। পরিশেষে আল্লাহতায়ালা মানুবরূহসকলকে সৃষ্টি করিয়া উক্ত আমানত গ্রহণের প্রস্তাব দিলে মানুষ তৎক্ষণাৎ তাহা গ্রহণে রাজী হইল।
আল্লাহপাক মানবজাতীকে আমানত বা গুণাবলীর প্রতিবিম্ব দিলেন; তৎপর আলমে খালকে বা জড় জগতে পাঠাইলেন এবং শত্রুপক্ষের আক্রমণ হইতে আমানতী সম্পদ রক্ষার জন্য শরীয়তের বিধানরূপী এক মজবুত সিন্দুক দিলেন। যাহারা সেই সিন্দুকে আমানতী সম্পদকে হেফাজতে রাখিল তথা জাহেরী শরীয়তের সাজে নিজের জাহেরকে এবং বাতেনী শরীয়তের সাজে নিজের বাতেনকে সুসজ্জিত করিল তাহারা আল্লাহর আমানতকে পবিত্র ও কলুষমুক্ত রাখিতে সফল হইল; আর যাহারা শরীয়তকে অবজ্ঞা করিল, অবহেলা করিল, তাহারাই শয়তান ও নাফসের প্ররোচনায় আল্লাহপ্রদত্ত আমানতী ধনের পবিত্রতাকে নষ্ট করিল-যাহা খেয়ানতের নামান্তর মাত্র। তবে বিদেহী মানবকুলের মধ্যে খুবই অল্প সংখ্যক মানুষ তাহাদের আমানতী সম্পদকে অক্ষুন্ন ও পবিত্র অবস্থায় খোদার দরবারে নিতে সক্ষম হইয়াছেন; প্রায় সকলেই খেয়ানতকারীদের দলভুক্ত হইয়াছে কারণ শরীয়তের বিধান পালন না করায় দুনিয়াতে তাহারা নাফস ও শয়তানের গোলামী করিয়াছে। ফলে সহজেই অসর্তকতার কারণে তাহাদের আমানতী ধন লুন্ঠিত হইয়াছে, অপহৃত হইয়াছে, যাহার পরিণতিতে তাহারা দোযখের আযাব ভোগ করিতেছে।
অধিকাংশ জাহেরা আলেম আমানত বলিতে শরীয়তের বিধান বা যাবতীয় নেক আমলকে বুঝিয়াছেন; কিন্তু তাহা নহে। আমানত হইল আল্লাহর সিফাতের প্রতিবিম্ব (চিন্তন, জ্ঞান, দর্শন, শ্রবণ, কল্পন, মনন, বর্ণন ইত্যাদি); আর শরীয়তের বিধান হইল উক্ত আমানত রক্ষার ক্ষেত্রে শত্রুর মোকাবেলায় অব্যর্থ হাতিয়ার।
বিজ্ঞাপন
হযরত ইবনে উমর (রাঃ) বলেন, আল্লাহতায়ালা মানবের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সর্বপ্রথম লজ্জাস্থান সৃষ্টি করিয়াছেন এবং বলিয়াছেন, 'হে মানব! ইহা আমানত, যাহা আমি তোমার কাছে রাখিয়াছি; অবৈধ ব্যবহারে ইহার কোন রূপ খেয়ানত করিও না-তুমি যদি ইহার হেফাজত কর, তাহা হইলে আমি তোমার হেফাজত করিব। ইবনে উমর (রাঃ) ছাহেবের উক্তি উল্লেখপূর্বক হযরত ইমাম আল গাজ্জালী (রঃ) বলেন, "লজ্জাস্থান যেমন আমানত, তেমনি কান, চোখ, জিহবা, পেট, হাত, পা, প্রভৃতিও আমানত। সুতরাং এই সবের প্রত্যেকটির হেফাজত অপরিহার্য। কেননা যে ব্যক্তির আমানতদারী নাই, মূলতঃ তাহার ঈমানও নাই।”
একদা ইমাম আবু হানীফা (রঃ) ছাহেব ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করেন যে, উপাদেয় খাদ্য সামগ্রীপূর্ণ একটি খাঞ্চা হাতে সূফী পোশাক পরিহিত একজন দরবেশ তাহার নিকটে আসিয়া বলিল, হুজুর! বেহেশত হইতে আপনার জন্য উপাদেয় খাবার আনিয়াছি। আপনি গ্রহণ করুন। ইমাম ছাহেব চিন্তায় পরিলেন। কালবীসূত্রে খোদার নিকট সেই খাদ্যের বৈধ্যতা ও বিশুদ্ধতা সম্পর্কে জানিতে চাহিলেন। আল্লাহপাক তাহাকে এলহামী নির্দেশ দিলেন, "যদি শরীয়তের খেলাফ কিছু না দেখ, তবে গ্রহণ করিতে পার।" ইমাম আবু হানীফা (রঃ) ভালভাবে লক্ষ্য করিয়াও আগন্তকের মধ্যে শরীয়ত খেলাফ তেমন কিছুই দেখিতে না পাইয়া পুনরায় আল্লাহতায়ালার নিকট খাবারের বৈধ্যতা সম্পর্কে জানিতে চাহিলেন। এইবারও তাহার প্রতি পূর্ববৎ এলহাম হইল। তিনি ভাবিতে লাগিলেন। এমন সময় লক্ষ্য করিলেন যে আগন্তক কাবা শরীফের দিকে থু-থু ফেলিতেছে। ইহা দৃষ্টে তাহার বুঝিতে আর বাকী রহিল না যে, খাদ্য সামগ্রীবাহী সূফী পোশাক পরিহিত আগন্তক শয়তান ছাড়া কেহ নহে। কারণ কোন ঈমানদার ব্যক্তি কাবামুখী থুথু ফেলিতে পারে না। তৎক্ষণাৎ ইমাম ছাহেব চাবুক হাতে শয়তানকে তাড়া করিলেন। শয়তান পলায়ন করিল বটে; তবে প্রস্থানের সময় বলিতে লাগিল, "হে ইমাম আবু হানিফা! সামান্য একটু ভুলের জন্য তোমাকে ধ্বংস করিতে পারিলাম না।"
উপরের আলোচনা হইতে বুঝা গেল যে, আল্লাহপ্রদত্ত আমানত হইল সিফাতে হাকীকীর প্রতিবিম্ব, আর শরীয়তের পরিপূর্ণ বিধান হইল সেই আমানত রক্ষার ক্ষেত্রে মজবুত বেষ্টনী-যাহা ভেদপূর্বক আমানতী সম্পদ লুণ্ঠনের বা অপহরণের কোন ক্ষমতাই শয়তান ও নাফসের নাই।
বিজ্ঞাপন
এতক্ষণ আমানত সম্পর্কে যে আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ করা হইল তাহা সমগ্র মানবজাতীর জন্য প্রযোজ্য। সেই আমানতের বোঝাসহ হযরত আদম (আঃ) হইতে মানুষ এই দুনিয়াতে আসিতেছে এবং কিয়ামত পর্যন্ত আসিতে থাকিবে। তন্মধ্যের কিছু সংখ্যক বাদে সকলেই আমানতের হক নষ্ট করিতেছে, আমানতী সম্পদকে অপবিত্র ও কলুষিত করিতেছে, খেয়ানত করিতেছে-যাহার পরিণতি দোযখের কঠোর শাস্তি। আল্লাহপাক তাই বলিলেন, "ইন্নাহু কানা জালুমান জাহুলা।” অর্থাৎ মানুষ খুবই অত্যাচারী ও অজ্ঞ।
আমানতের আরও এক নিগুঢ় ব্যাখ্যা আছে। আধ্যাত্বিক জগতে একটি সুসংগঠিত প্রশাসন আছে। সেখানে বিভিন্ন পদ ও পদমর্যাদা আছে। তন্মধ্যে কাইয়ুমিয়াত একটি পদমর্যাদা। কাইয়ুমিয়াত' এমনই এক পদ-যে পদধারী ব্যক্তির অসিলায় সমগ্র সৃষ্টি বর্তমান থাকে। এই পদ কামেল ওলীদের জন্য খাছ। হযরত মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেব বলেন, "কামেল মানুষের অবস্থা এতদূর পর্যন্ত পৌঁছাইয়া যায় যে, তিনি খেলাফতের মর্যাদা লাভ করেন এবং সমস্ত জিনিসের কাইয়ুম (বর্তমান থাকিবার অসিলা) হইয়া যান এবং সমস্ত সৃষ্টির জাহেরী ও বাতেনী কামালাতকে জারী ও কায়েম রাখা তাঁহারই অছিলায় হইয়া থাকে। ফেরেশতা, জ্বীন, ইনসান সকলেই তাঁহাকে অসিলা হিসাবে অবলম্বন করে। সমস্ত জিনিসের দৃষ্টি তাহার দিকে হইয়া যায়।” (মকতুব নং ৭৪, দ্বিতীয় খন্ড)
কাইয়ুমিয়াতের পদমর্যাদা হইল আমানতের গুরুদায়িত্ব যাহা বিশেষ বিশেষ ওলী-আল্লাহগণের জন্য নির্দিষ্ট। উক্ত মর্যাদা ও সম্মান তথা আমানতের বোঝা গ্রহণের যোগ্যতার জন্য প্রথমেই খেলাফতের গুণ ও যোগ্যতার প্রয়োজন। যাহার মধ্যে খেলাফতের গুণ নাই, তাহার আমানতের ভার তথা কাইয়ুমিয়াতের দায়িত্ব বহনের ক্ষমতা নাই। কিন্তু খেলাফতের জন্য ছুরাতের উপর সৃষ্ট হওয়া শর্ত। মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেব বলেন, "খলিফা যতক্ষণ পর্যন্ত কোন জিনিসের ছুরাতের উপর সৃষ্ট না হয়, ততক্ষণ সেই জিনিসের খলিফার যোগ্য হইতে পারে না।" (মকতুব ৭৪, ২য় খন্ড; মকতুবাত শরীফ)
বিজ্ঞাপন
পাক কুরআনে প্রকাশ, মানুষ আল্লাহর খলিফা। তবে কি মানুষ আল্লাহর ছুরাতে সৃষ্ট? হাদীসে কুদসীতেও দেখা যায়, "ইন্নাল্লাহা খালাকা আদামা আলা ছুরাতেহী" অর্থাৎ- নিশ্চয়ই আল্লাহ আদমকে নিজ ছুরাতে সৃষ্টি করিয়াছেন। কিন্তু ইহা স্পষ্ট দলিল যে, আল্লাহর কোন ছুরাত নাই। তবে উল্লিখিত উক্তির রহস্য কি?
মূলতঃ আল্লাহতায়ালার জাতপাকের কোন ছুরাত নাই, আকার নাই, মেছাল নাই। পবিত্র জাত আকার ও প্রকার বিহীন, অবর্ণনীয় ও অবোধগম্য। তবে আল্লাহতায়ালার জাত ভিন্ন যত কামালাত আছে (যেমন সিফাত, শান, শয়ুনাত ইত্যাদি)-তাহার প্রত্যেকেরই ছুরাত বা ছবি আছে আলমে মেছালের পর্দায়। পূর্বে আলোচনা করা হইল যে, আল্লাহতায়ালার গুণাবলীর সমষ্টিগত প্রতিবিম্ব-যাহা অজুদ নামে নামীয়। এই অজুদেরও ছুরাত আছে আলমে মেসালের পর্দায়। উল্লিখিত অজুদের প্রতিবিম্ব আছে মানুষের মধ্যে, যে প্রতিবিম্বের ছুরাত আসল (অজুদ) এর অনুরূপ। এই অজুদের প্রতিবিম্ব আদমকে দেওয়া হইয়াছে, আর কোন সৃষ্টিকে দেওয়া হয় নাই; এমন কি ফেরেশতাদেরকে নয়। এই অজুদ আল্লাহ নহে সত্য, তথাপিও আল্লাহপাকেরই সিফাত-সমষ্টির প্রতিবিম্ব বিধায় আলমে মেছালস্থিত অজুদের ছুরাতকে আল্লাহপাক নিজ ছুরাত বলিয়া অভিহিত করিয়াছেন। উল্লিখিত ছুরাত মানুষের মধ্যেও আছে। তাই মানুষ আল্লাহর খলিফা হওয়ার যোগ্য। কিন্তু সেই নূরময় জগত হইতে বহু নিম্নে এই আদামাতে, অন্ধকার জগতে আসিয়া মানুষ শয়তান ও নাফসের দাসত্ব করিয়া আল্লাহ প্রদত্ত খেলাফতের যোগ্যতা হারাইয়া ফেলিয়াছে। তাই পারস্য কবি হযরত শেখ সাদী (রঃ) বলেন,
"অনলে জনম বলে ভস্ম মান্য নহে।"
বিজ্ঞাপন
হযরত আদম (আঃ) আল্লাহর খলিফা ছিলেন। তাই আল্লাহর সমুদয় সৃষ্টি তাঁহাকে সম্মান করিত। কিন্তু ক্ষুদ্র একটি পিপীলিকাও আমাদেরকে সুযোগ পাইলে ছাড়ে না। কারণ বাবা আদম (আঃ) এর মধ্যে খেলাফতের যোগ্যতা ও গুণ ছিল, যাহা আমাদের মধ্যে নাই।
খেলাফতের যোগ্যতা ও গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন করা না যাইবে, ততক্ষণ পর্যন্ত কাইয়ুমিয়াতের পদ-মর্যাদায় ভূষিত হওয়া সম্ভব নহে। ফলে আমানতের গুরু দায়িত্বের বোঝা বহনও সম্ভব নহে।
খেলাফত ও প্রতিনিধিত্বের গুণ ও যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন নাফসের সাথে কঠোর সংগ্রাম, প্রয়োজন অনাহারের চাবুকে পুনঃপুনঃ আঘাতে নাফসকে পর্যুদস্ত করিয়া নিজের বশীভূত করা এবং নাফসে লাওমা ও মোৎমাইন্ন্যাকে অতিক্রম করিয়া মোলহেমার স্তরে উপনীত হওয়া এবং বেলায়েতে নবুয়ত ও কামালাতে নবুয়তের সার্টিফিকেট অর্জন করা যাহা খলিফার মর্যাদা লাভের জন্য অত্যাবশ্যক। কঠোর সাধনা ও ত্যাগ-তিতিক্ষা দ্বারা যাহারা উল্লিখিত মাকামে পৌছাইতে সক্ষম হন তাহাদেরকে আল্লাহপাক কাইয়ুমিয়াতের মর্যাদায় ভূষিত করেন, তথা আমানতের গুরু দায়িত্ব অর্পণ করেন। এই আমানত যদি আসমানকে দেওয়া হইত, তবে আসমান টুকরা টুকরা হইয়া যাইত, যদি জমীনকে দেওয়া হইত, জমীন ছিন্ন-বিচ্ছিন্ন হইত। যদি পাহাড়কে দেওয়া হইত; পাহাড়ও নিশ্চিহ্ন হইত। কারণ আসমান, জমীন বা পাহাড়ের মধ্যে অজুদের প্রতিবিম্বিত ছুরাত নাই, খেলাফতের যোগ্যতা নাই। কি করিয়া তাহারা কাইয়ুমিয়াতের ভার বা আমানতের ভার বহন করিবে?
বিজ্ঞাপন
যে সকল কামেল ওলী কাইয়ুমিয়াতের মর্যাদাপ্রাপ্ত, আমানতের গুরুদায়িত্ব প্রাপ্ত তাহারা সকলেই আপন আপন নাফসের উপরে তথা নিজেদের উপরে অত্যাচারকারী। তাই আল্লাহপাক তাহাদেরকে অত্যাচারী জালিম বলিলেন। আবার সাধনা বলে তাহারা যখন বেলায়েতে নবুয়ত ও কামালাতে নবুয়তের মাকাম অর্জন পূর্বক খেলাফতের যোগ্যতা লাভ করিলেন, মারেফাত সমুদ্রের গভীরে প্রবেশ করিয়া শেষের শেষ মাকামে পৌঁছাইলেন, তখনই তাহাদেরকে দেওয়া হইল কাইয়ুমিয়াতের মর্যাদা-যে মর্য্যাদাধারী আরেফের অছিলায় জমিনে শস্য হয়, পানিতে মাছ হয়, গাছে ফল হয়, আকাশ হইতে মিঠা পানি বর্ষে। অথচ এমন আরেফ সর্বশেষ মাকামে পৌঁছিবার পরে মারেফাত সম্পর্কে যে অনুভূতি লাভ করেন, তাহা হইল এই যে, জাতপাক বোঝাবুঝির অতীত। অর্থাৎ উক্ত আরেফের মধ্যে পয়দা হয় অক্ষমতা ও অজ্ঞতা বা মূর্খতার অনুভূতি। তাই হয়তো আল্লাহপাক বলিলেন, "ইন্নাহু কানা জালুমান জাহুলা।" অর্থাৎ মানুষ অত্যাচারী ও মূর্খ।"
আমানতের দায়িত্বপ্রাপ্ত বা কাইয়ুমিয়াতের মর্যাদাধারী আরেফদের মধ্যে তিনটি স্তর আছে।
★ বন্ধুত্বের মর্যাদাধারী আরেফ-যাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ (আঃ)।
★ প্রেমিকের মর্যাদাধারী আরেফ-যাহাদের নেতা হইলেন হযরত মুসা (আঃ) এবং
★ প্রেমাস্পদের মর্যাদাধারী আরেফ-যাহাদের নেতা হইলেন শ্রেষ্ঠতম কাইয়ুম হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)।
দয়াল নবী (সাঃ) এর অনুসরণ, অনুগমন ও তোফায়েলীর মাধ্যমে কিছু কিছু উম্মত মারেফাতের শেষের শেষ মাকামে পৌঁছাইয়া খেলাফত ও কাইয়ুমিয়াতের মর্তবা লাভ করেন এবং আমানতের ভার বহনের যোগ্যতা লাভ করেন।
হে জাকেরানসকল! তোমরা যদি আল্লাহপ্রদত্ত আমানতকে পবিত্র ও কলুষমুক্ত রাখিতে চাও, যদি যথাযথভাবে আমানতী সম্পদ খোদার কাছে প্রত্যর্পণ করিতে চাও তবে জাহেরী শরীয়তের সাজে তোমাদের জাহেরকে এবং বাতেনী শরীয়তের সাজে তোমাদের বাতেনকে সজ্জিত কর অর্থাৎ শরীয়তের বিধানরূপ সিন্দুকে আমানতী ধন রাখিয়া সদা সতর্ক দৃষ্টি রাখ যেন লুণ্ঠিত বা অপহৃত না হয়। তাহা হইলে আমানতের যথাযথ হক তোমরা আদায় করিতে পারিবে। আল্লাহপাক তোমাদেরকে দয়া করুন। দু'আ! ইতি।








