নবী-করীম (সাঃ) এর মে'রাজ কি স্বাপ্নিক বা আধ্যাত্মিক-নাকি সশরীরে ছিল?

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘নসিহত নং-১০২ (মেরাজ তত্ত্ব)’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ নবী-করীম (সাঃ) এর মে'রাজ কি স্বাপ্নিক বা আধ্যাত্মিক-নাকি সশরীরে ছিল?- সে সম্পর্কে আলোচনাঃ
বিজ্ঞাপন
পূর্বের নসিহতে দয়াল নবী (সাঃ) এর মে'রাজ সম্পর্কে আলোচনা করা হইয়াছে। হাদীসের ছহী কিতাবসমূহে (বোখারী ও মুসলিম শরীফ) মে'রাজ সম্পর্কে যে হাদীসসমূহ বর্ণিত হইয়াছে, সেইগুলি অধ্যায়নে মে'রাজের যে চিত্র ফুটিয়া উঠে তাহারই বিবরণ ছিল সেই নসিহতে।
মে'রাজ দয়াল নবী (সাঃ) এর প্রতি আল্লাহতায়ালার এক বিশেষ দান। মে'রাজ অতি আশ্চর্য এক মোজেজা। এমন অপূর্ব মোজেজা ইতিপূর্বে কোন নবী-রাসূলকে দেওয়া হয় নাই। মে'রাজের ক্ষেত্র অতি বিস্তৃত ও ব্যাপক। ইহা জড় জগত হইতে শুরু করিয়া নূরময় জগত, সিফাতের জগত পার হইয়া জাত জগত পর্যন্ত বিস্তৃত। মানুষের মস্তিষ্ক প্রসূত বা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দ্বারা নূরের জগত, সিফাতের জগত ও জাত জগতকে বুঝা সম্ভব নয়। তাই-ই মে'রাজ বোধগম্যের অতীত, বোঝাবুঝির জ্ঞান বহির্ভূত তথা এলমে হুছুলীর পরিধী বহির্ভূত বিষয়। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান দ্বারা মে'রাজ বুঝা যায় না; তথাপিও জ্ঞানপিপাসু মানুষ আপন আপন বিবেক-বুদ্ধির সাহায্যে মে'রাজকে বুঝিতে চেষ্টা করে। কিন্তু সকলের জ্ঞান ও উপলব্ধি শক্তিতো সমান নয়। আর তাই-ই মে'রাজ সম্পর্কে দেখা দিয়াছে বিভিন্ন মতভেদ ও মতপার্থক্য। এই মতভেদ প্রথমে দেখা দেয় সাহাবীগণের মধ্যে। অতঃপর তাবেঈ ও তাবে-তাবেঈগণের মধ্যে। ১৪০০ বৎসর পরে আজও ওলামা কেরামের মধ্যে সেই মতপার্থক্য পরিলক্ষিত হয়। মে'রাজ সম্পর্কীয় যে সমস্ত বিষয় লইয়া মতবিরোধ তন্মধ্যে দুইটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। যথাঃ
★ মে'রাজের পদ্ধতিগত বিষয় লইয়া মতপার্থক্য। একদলের মতে দয়াল নবী (সাঃ) এর মে'রাজ ছিল স্বাপ্নিক। অন্যদলের মতে ইহা আধ্যাত্মিক। আর এক দলের মতে মে'রাজ কেবল স্বাপ্নিক বা আধ্যাত্মিক নহে, ইহা শারীরিকও বটে।
বিজ্ঞাপন
★ মে'রাজ সম্পর্কিত অপর যে বিষয়টি লইয়া মতপার্থক্য সৃষ্টি হইয়াছে তাহা হইল "খোদাদর্শন"। মে'রাজে রাসূলে পাক (সাঃ) কি খোদাতায়ালাকে দেখিয়াছিলেন? নাকি ফেরেশতা জিব্রাইলকে তাঁহার আসল আকৃতিতে দেখিয়াছিলেন?একদলের মত-দয়াল নবী (সাঃ) খোদাতায়ালাকে দেখিয়াছিলেন। অপরদলের বক্তব্য-তিনি (সাঃ) খোদাকে দেখেন নাই। দেখিয়াছেন, ফেরেশতা সম্রাট জিব্রাইলকে তদীয় আসল ছুরাতে।
উপরে মতভেদের যে দুইটি বিষয় উল্লেখ করা হইল তন্মধ্যের প্রথমটির (তথা মে'রাজ স্বাপ্নিক, আধ্যাত্মিক বা শারীরিক- কোনটি?) বিস্তারিত আলোচনা করা হইতেছে এই নসিহতে।
মে'রাজ কিভাবে সংঘটিত হইয়াছিল? ইহা কি স্বপ্ন ছিল? নাকি আত্মিক ভ্রমণ ছিল? যদি স্বাপ্নিক বা আধ্যাত্মিক না হয়, তবে তাহা কি শারীরিক ছিল? ইত্যাদি বিষয় লইয়াই এ অধ্যায়ের আলোচনা। মে'রাজের এই পদ্ধতিগত বিষয়ে তিন ধরণের মত পোষণকারী তিনটি দল পরিলক্ষিত হয়।
বিজ্ঞাপন
একদল বলেন, মে'রাজ স্বপ্নঘটিত বিষয়। আরেকদল বলেন, ইহা আধ্যাত্মিক বিষয়। অপরদল বলেন, ইহা কেবলমাত্র স্বপ্নঘটিত বা আধ্যাত্মিক বিষয় নহে, ইহা শারীরিকও বটে।
আমার মতে দয়াল নবী (সাঃ) এর মে'রাজ কেবলমাত্র স্বাপ্নিক বা আধ্যাত্মিক নহে। রাসূলে পাক (সাঃ) এর নবুয়তের একাদশ বা দ্বাদশ বৎসরে যে মে'রাজ সংঘটিত হয় তাহা যেমনই আধ্যাত্মিক ছিল, তেমনি শারীরিকও ছিল। নবীজী (সাঃ) দেহ ও আত্মাসহ সমষ্টিগত ভাবে মে'রাজে গমন করিয়াছিলেন। তদীয় দেহ সাধারণ মানুষের দেহের অনুরূপ ছিল না। তিনি অন্যান্য সকলের মত সৃষ্টও নহেন। তদীয় সমুদয় সত্ত্বা আল্লাহর জাতি নূরে সৃষ্ট। কিন্তু অপরাপর যাবতীয় সৃষ্টি (এমনকি নবী-রাসূল এবং ফেরেশতাগণও) অস্তিত্ব লাভ করে নূরে মুহাম্মদী হইতে। কাজেই সাধারণ মানুষতো দূরের কথা; অন্যান্য নবী-রাসূলের দেহও নবী (সাঃ) এর দেহের সমমর্যাদার নহে। রাসূলে পাক (সাঃ) এর দেল যেমন পাক ছিল তেমনি তদীয় দেহস্থিত উপাদান সমূহও পাক ছিল। দেহের প্রতি অনু-পরমাণুর সাথে খোদার জাতি নূরের সংযোগ ছিল। তাজাল্লীয়াতে জাতের প্রবাহে তাঁহার দেহ যাবতীয় পাপ ও কলুষতা মুক্ত হইয়া নূরের গতি লাভ করিয়াছিল। আত্মার নিকট দূর-কাছ নাই। নবীজী (সাঃ) এর আত্মা মুহূর্তে যেমন পৃথিবীর এই প্রান্ত হইতে অপর প্রান্তে যাইতে পারিত, তেমনি তদীয় পবিত্র দেহও সমগতিসম্পন্ন ছিল। কারণ অবিরাম জাতি নূরের কারেন্ট প্রবাহিত হওয়ায় তাহার পবিত্র দেহ নূরের গুণ অর্জনে সক্ষম ছিল।
তাই-ই নবীজী (সাঃ) এর আত্মা যেমন জড় জগত, নূরের জগত ও সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার জাতের সান্নিধ্য লাভ করিয়াছিল, তেমনি তদীয় দেহও উল্লিখিত তিনটি জগত পার হইয়া একই জায়গায় পৌঁছাইতে পারিয়াছিল। তাঁহার দেহ ও আত্মা যেন এক সত্ত্বায় পরিণত হইয়াছিল।
বিজ্ঞাপন
যাহারা মে'রাজকে কেবল স্বাপ্নিক বা আধ্যাত্মিক বলেন তাহারা নিজেদের স্বপক্ষে যে যুক্তি ও দলিল পেশ করেন তাহা নিম্নরূপঃ
প্রথমতঃ তাহারা পাক কুরআনের "সূরা ইসরা'র নিম্নলিখিত আয়াতের একটি শব্দকে নিজেদের পক্ষে দাঁড় করান। আয়াতটি হইলঃ
وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنِكَ إِلَّا فِتْنَةً لِّلنَّاسِ
বিজ্ঞাপন
অর্থাৎ-'রূইয়া' যাহা আমি দেখাইয়াছি তাহা কেবল মানুষের পরীক্ষারূপে স্থির করিয়াছি। (৬০ নং আয়াত)
'রূইয়া' আরবী শব্দ। স্বপ্নের প্রবক্তাগণ মে'রাজকে স্বপ্ন বলার পিছনে কুরানিক যে দলিল উপস্থাপন করেন তাহা সূরা ইসরার উল্লিখিত আয়াতের 'রূইয়া' শব্দ মাত্র। তাহারা বলেন 'রূইয়া' অর্থ যেহেতু স্বপ্ন কাজেই মে'রাজ স্বপ্ন বৈ কিছু নহে।
কিন্তু উল্লিখিত আয়াত (ওয়ামা জায়ান্না প্রখ্যাত সাহাবী, রাসূলে পাক (সাঃ) এর চাচাতো ভাই হযরত ইবনে লিন্নাস) এর তাফসিরে আব্বাস (রাঃ) অত্যন্ত জোরালোভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আলোচ্য আয়াতের 'রূইয়া' স্বপ্ন নয়, তাহা ছিল চোখের দেখা বা প্রত্যক্ষ দর্শন। দয়াল নবী (সাঃ) কে ইহা দেখানো হইয়াছিল তখনই যখন তিনি রাত্রিবেলা বায়তুল মোকাদ্দাসে নীত হইলেন। (বোখারী শরীফ) হযরত ইবনে আব্বাস (রাঃ)-যাহার জ্ঞান বৃদ্ধির জন্য দয়াল নবী (সাঃ) স্বয়ং দু'আ করিয়াছিলেন তাহার তাফসির ও বক্তব্যের মোকাবেলায় কাহারো কথাই আর টিকিতে পারে না।
বিজ্ঞাপন
কেবলমাত্র স্বপ্ন বা আধ্যাত্মিক মে'রাজের প্রবক্তাগণ নিজেদের মতের স্বপক্ষে আরও কতিপয় হাদীসে রাসূল (সাঃ) পেশ করেন। সেগুলো হইলঃ
বোখারী শরীফে হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত হাদীস-
হযরত আনাস (রাঃ) কাবা গৃহের নিকট হইতে রাসূলে পাক (সাঃ) এর মে'রাজের ব্যাপারে একটি বিবরণ এই রূপে প্রদান করিয়াছেন যে, নবুয়ত প্রাপ্তির পূর্বের ঘটনা-হযরত (সাঃ) হরম শরীফের মসজিদে (অন্যান্য আরও লোকদের সংগে) নিদ্রিত ছিলেন। এমতাবস্থায় তিনি দেখিলেন, তাহার নিকট তিনজন লোক আসিল। তাহাদের প্রথম ব্যক্তি সংগীদ্বয়কে জিজ্ঞাসা করিল, নিদ্রিতদের মধ্যে ইনি কে? মধ্যম ব্যক্তি জবাব দিলেন-ইনিই নিদ্রিতদের মধ্যে উত্তম ব্যক্তি। তৃতীয় ব্যক্তি বলিলেন, নিদ্রিতদের সর্বোত্তম ব্যক্তিটিকে তুলিয়া নাও।
বিজ্ঞাপন
এই রাত্রির ঘটনা এতটুকু হইল-ইহার পর উক্ত আগন্তকগণকে রাসূলে পাক (সাঃ) আর দেখিতে পাইলেন না; অবশ্য আর এক রাত্রে তাহারা পুনরায় আসিল। ঐ সময়ও নবীজীর চক্ষুদ্বয় নিদ্রিতই ছিল, কিন্তু তাঁহার অন্তর নিদ্রিত ছিল না-অন্তরের অনুভূতি শক্তি সম্পূর্ণ জাগ্রত ছিল। নবীগণের নিদ্রাবস্থা এই রূপই যে, চক্ষু নিদ্রামগ্ন হয়, দেল বা অন্তর নিদ্রামগ্ন হয় না।
এই রাত্রে আগন্তকগণ আসিয়া কোন কথাবার্তা না বলিয়াই হযরত রাসূলে পাক (সাঃ) কে বহন করিয়া জম জম কুপের নিকটবর্তী লইয়া আসিল। অতঃপর মে'রাজের সমুদয় ঘটনা (যাহা পূর্বের নসিহতে বর্ণিত হইয়াছে) ঘটিল। অতঃপর হযরতের নিদ্রাভংগ হইল, তিনি হরম শরীফের মসজিদেই ছিলেন।
বোখারী শরীফের আরও একটি হাদীস যাহা হযরত মালেক ইবনে সা'সা' কর্তৃক স্বয়ং রাসূলের ভাষায় বর্ণিত হইয়াছে। যথাঃ-
বিজ্ঞাপন
রাসূলে পাক (সাঃ) বলেন, "আমি তখন কাবার নিকটে (হাতীমে) নিদ্রা ও জাগরণের মাঝামাঝি ছিলাম।"
সীরাতে ইবনে হিশাম ও তাফসিরে ইবনে জরীর তাবারীতে হযরত আয়েশা ও হযরত মুয়াবিয়া হইতে দুইটি বর্ণনা আছে যাহা স্বপ্নের প্রবক্তাগণ নিজেদের পক্ষে কাজে লাগান। বর্ণনা দুইটি নিম্নরূপ-হযরত আয়েশা (রাঃ) "মে'রাজ সম্পর্কে বলিতেন, মে'রাজে নবীজী (সাঃ) এর দেহ যথাস্থানেই ছিল। তাঁহার আত্মাকে পরিভ্রমণ করানো হইয়াছিল।"
মে'রাজ সম্পর্কে জিজ্ঞাসিত হইলে হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান বলিতেন, 'ইহা আল্লাহর পক্ষ হইতে একটি সত্য স্বপ্ন।"
বিজ্ঞাপন
উপরে মে'রাজ সম্পর্কিত যে হাদীসসমূহ বর্ণিত হইল তাহা সাধারণভাবে অধ্যায়নে যে কোন পাঠকই মনে করিবে যে মে'রাজ সত্য সত্যই কেবল স্বাপ্নিক ছিল, সশরীরে নহে। কিন্তু ব্যাপক ও গভীর অনুসন্ধিৎসু দৃষ্টি সহকারে উল্লিখিত হাদীসসমূহসহ মে'রাজ সম্পর্কিত প্রাপ্ত আরও ছহি হাদীসসমূহ অধ্যায়নে সে ভ্রান্তি দূর হইবে, তদস্থলে উপলব্ধি জন্মাবে যে, মে'রাজ ছিল বাস্তব, সশরীর ও সচেতন অবস্থায় ঊর্ধ্বে আরোহন।
উল্লিখিত হাদীসসমূহের প্রথমটিতে যে স্বাপ্নিক মে'রাজের কথা বলা হইয়াছে তাহা ছিল নবীজীর নবুয়ত প্রাপ্তির পূর্বের কথা। আর এ কথা সর্বজন স্বীকৃত যে নবীজীর বাস্তব ও শরীরিক মে'রাজ ঘটিয়াছিল নবুয়তের একাদশ বা দ্বাদশ বৎসরে।
এই সশরীর ও সচেতন মে'রাজের পূর্বে বা পরে তাহার স্বাপ্নিক বা আধ্যাত্মিক মে'রাজ যে হয় নাই এমন তো কোন দলিল প্রমাণ নাই। বরং নবুয়ত প্রাপ্তির পূর্বে যে স্বাপ্নিক মে'রাজ হইয়াছিল-তাহার প্রমাণতো হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত উল্লিখিত হাদীসেই নিহিত।
বিজ্ঞাপন
মূলতঃ রাসূলে পাক (সাঃ) এর সশরীর ও জাগ্রত যে মে'রাজ নবুয়তের একাদশ বা দ্বাদশ বৎসরে হইয়াছিল তাহারই প্রতিরূপ তাঁহাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইয়াছিল নবুয়ত প্রাপ্তির বহু পূর্বে। এতদ্ব্যতীত বাস্তব মে'রাজের পূর্বে ও পরে নবীজী (সাঃ) আধ্যাত্মিকভাবে বহুবার মে'রাজ দেহকে জমিনে রাখিয়াই আত্মিকভাবে নূরের জগত ও সিফাতের জগত লাভ করিয়াছেন। প্রতিদিন অন্ততঃ পাঁচবার তিনি নামাজরত অবস্থায় পার হইয়া জাতের রাজ্যে ভ্রমণ করিয়াছেন। এমন আধ্যাত্মিক মে'রাজ তাহার দিবানিশিই ঘটিত।
উপরের আলোচনায় ইহাও বোধগম্য হয় যে মা আয়েশা (রাঃ) ও হযরত মুআবিয়া (রাঃ) এর উক্তিদ্বয় স্ব স্ব স্থানে নির্ভুল। কিন্তু তাহা শারীরিক মে'রাজকে অস্বীকার করে না।
নবুয়তের একাদশ ও দ্বাদশ বৎসরের মে'রাজ যে শারীরিক ছিল তাহার বহু প্রমাণ পাক কুরআন ও হাদীসের কিতাবসমূহে পরিলক্ষিত হয়।
কুরআন মজীদে মে'রাজের যে আয়াত দেখা যায় তাহাতে "সুবহানা” শব্দ ব্যবহৃত হইয়াছে। আয়াতটি হইল-
سبحنَ الَّذى اَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مِّنَ الْمَسْجِـ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَا جد
অর্থাৎ-"তিনি মহিমাময় যিনি তাঁহার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করাইয়াছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।” অধিকাংশ তাফসির কারকগণের অভিমত 'সুবহানা' শব্দ মহা মহা আশ্চর্যজনক বিষয়ে ব্যবহৃত হয়। মে'রাজ যদি কেবল স্বাপ্নিক বা আধ্যাত্মিক হইত তবে তাহাতে তেমন আশ্চর্যের কি ছিল! ইতিপূর্বে নবীদেরও তো তেমনটি হইয়াছে। কাজেই উল্লিখিত 'সুবহানা' শব্দটিও সশরীর মে'রাজের প্রতি ইংগিত করে।
উল্লিখিত আয়াতে আব্দ বা বান্দা শব্দ ব্যবহৃত হইয়াছে। বান্দা কাহাকে বলে? দেহ ও আত্মার সমষ্টিকেইতো বান্দা বলা হয়। কেবলমাত্র দেহ যেমন বান্দা নহে, তেমনি কেবলমাত্র আত্মাও বান্দা নহে।
মে'রাজের আয়াতে 'আব্দ' শব্দ ব্যবহৃত হইয়াছে। ইহাও প্রমাণ করে যে নবীজীর মে'রাজ ছিল দেহ ও আত্মা-দুইয়েরই।
শাদ্দাদ ইবনে আউস বর্ণিত হাদীসে দেখা যায়- মে'রাজ রাত্রের ভোরবেলা হযরত আবুবকর (রাঃ) দয়াল নবী (সাঃ) এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, "ইয়া রাসূলাল্লাহ! রাত্রিবেলা আপনি কোথায় চলিয়া গিয়াছিলেন? সম্ভাব্য সকল স্থানেই খুঁজিয়াছি কিন্তু পাই নাই।" তদুত্তরে নবীজী মে'রাজের ঘটনা বর্ণনা করিলেন। (তাফসিরে ইবনে কাছির)
মে'রাজ যদি কেবলমাত্র স্বাপ্নিক বা আধ্যাত্মিক হইত তবে নবীজীর দেহ মোবারকতো কাবার হাতীমেই থাকিত। খোঁজাখুঁজির তো কোন কথাই উঠিত না। ইহাও নবীজী (সাঃ)-এর শারীরিক মে'রাজের প্রমাণ বহন করে।
তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত তৎকালীন বায়তুল মোকাদ্দাসের পোপের বক্তব্য নবীজী (সাঃ) এর সশরীর ও জাগ্রত মে'রাজের জাজ্বল্য প্রমাণ।
ঘটনাটি সংক্ষেপে নিম্নরূপঃ-রাসূলে পাক (সাঃ) ইসলামের দাওয়াতসহ পত্র প্রেরণ করিয়াছিলেন বিভিন্ন সম্রাট ও অধিপতিদের নিকট। তন্মধ্যে রোমসম্রাট হিরাক্লিয়াসও ছিলেন। রোম সম্রাটের নিকট প্রেরিত পত্রের বাহক ছিলেন-হযরত দেহইয়ার ইবনে খলীফা। হিরাক্লিয়াসের দরবারে দেহইয়ারের উপস্থিতি, তদীয় হস্তে পত্র প্রদান, পত্র পাঠ, দেহইয়ারের সাথে হিরাক্লিয়াসের কথোপকথন ইত্যাদি বিষয়ে বিস্তারিত বিবরণ আছে বোখারী শরীফে ও অন্যান্য কিতাবে।
সেই বিবরণের উপসংহারে আছেঃ রোম সম্রাট পত্রপাঠ করার পর রাসূলে পাক (সাঃ) এর অবস্থা জানার জন্য আরবের কিছুসংখ্যক লোককে দরবারে সমবেত করিতে ইচ্ছা করিলেন। ঘটনা ক্রমে আবু সুফিয়ান ও তদীয় সংগীরা বাণিজ্য উপলক্ষ্যে তখন রোমেই ছিলেন। নির্দেশ অনুযায়ী তাহাদেরকে দরবারে হাজির করা হইল। অতঃপর আবু সুফিয়ানের সাথে হিরাক্লিয়াসের বিভিন্ন প্রশ্ন-উত্তর চলিতে লাগিল। চিরশত্রু আবু সুফিয়ানের একান্ত বাসনা ছিল যে, সে এই মোক্ষম সময়ে রাসূলুল্লাহ (সাঃ) সম্পর্কে এমন কিছু সত্যমিথ্যা বলিবে যাহাতে সম্রাটের নিকট তাঁহার ভাবমুর্তি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। কিন্তু একটা ভয় তাহার মনকে আচ্ছন্ন করিল। সে নিজেই বলে যে, আমার উক্ত বাসনাকে কাজে পরিণত করার পথে একটি মাত্র অন্তরায় ছিল। তাহা এই যে, আমা হইতে কোন সুস্পষ্ট মিথ্যা কথা যদি বাহির হয় এবং তাহা সম্রাট বুঝিতে পারেন তবে সম্রাটের নিকটও যেমন আমি হেয় প্রতিপন্ন হইব, তেমনি আমার সংগীরাও আমাকে মিথ্যাবাদী বলিয়া ভর্ৎসনা করিবে। তখন আমার মনে মে'রাজের ঘটনা বর্ণনা করিবার ইচ্ছা জাগিল। এই মে'রাজ যে মিথ্যা ঘটনা তাহা সম্রাট নিজেই বুঝিতে পারিবেন। আমি বলিলামঃ আমি তাহার ব্যাপারটা আপনার
কাছে বর্ণনা করিতেছি। আপনি নিজেই উপলব্ধি করিতে পারিবেন যে, ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা। সম্রাট হিরাক্লিয়াস জিজ্ঞাসা করিলেন, ঘটনাটি কিং আবু সুফিয়ান বলিল, নবুয়তের এই দাবীদারের উক্তি এই যে, সে এক রাত্রিতে মক্কা মোকারমা হইতে বায়তুল মোকাদ্দাস পর্যন্ত পৌছিয়াছে এবং সেই রাত্রিতেই সুর্যোদয়ের পূর্বে মক্কায় ফেরত আসিয়াছে।
সে সময় বায়তুল মোকাদ্দাসের প্রধান যাজক ও পন্ডিত (ইলিয়ার) রোম সম্রাট হিরাক্লিয়াসের পিছনে দন্ডায়মান ছিলেন। আবু সুফিয়ানের কথা শুনিয়া তিনি তৎক্ষণাৎ বলিলেন, আমি সেই রাত্রির অবস্থা সম্পর্কে জানি। রোম সম্রাট কৌতূহল দৃষ্টিতে তাহার দিকে তাকাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই ব্যাপারে আপনি কি জানেন? যাজক ইলিয়ার বলিলেন, আমার প্রতি রাতের অভ্যাস ছিল যে, বায়তুল মোকাদ্দাসের সমস্ত দরজা বন্ধ না করা পর্যন্ত শয্যা গ্রহণ করিতাম না। সেই রাত্রিতে অভ্যাস অনুযায়ী ধীরে ধীরে একের পর এক দরজা সমূহ বন্ধ করিতে লাগিলাম। সবগুলোই বন্ধ করিলাম। কেবল একটি মাত্র দরজা বহু চেষ্টা করিয়াও বন্ধ করিতে পারিলাম না। কর্মচারীদের ডাকিলাম। সম্মিলিতভাবে তাহারাও চেষ্টা করিল; কিন্তু দরজাটি বন্ধ করা তাহাদের পক্ষেও সম্ভব হইল না। দরজার কপাট স্বস্থান হইতে মোটেই সরিতে ছিল না। মনে হইতেছিল যেন, আমরা কোন পাহাড়ের গায়ে ধাক্কা দিতেছি। আমি অপারগ হইয়া কর্মকার ও মিস্ত্রিদের ডাকিয়া আনিলাম। তাহারা পরীক্ষা করিয়া বলিলঃ কপাটের উপর দরজার প্রাচীরের বোঝা চাপিয়া বসিয়াছে। ভোর না হওয়া পর্যন্ত দরজা বন্ধ করার কোন উপায় নাই। সকালে আমরা সকলে চেষ্টা করিয়া দেখিব কি করা যায়। আমি বাধ্য হইয়া ক্ষান্ত হইলাম। দরজাটি খোলাই থাকিল। সকাল হওয়া মাত্র আমি সে দরজার নিকট উপস্থিত হইয়া দেখিলাম, দরজার কাছে ছিদ্র করা একটি প্রস্তর খন্ড পড়িয়া আছে। মনে হইতেছিল, ওখানে কোন জন্তু বাঁধা হইয়াছিল। তখন আমি সংগীদেরকে বলিলাম, গত রাত্রিতে এই দরজাটি আখেরী নবীর আগমন উপলক্ষে আল্লাহতায়ালা খোলা রাখার ব্যাবস্থা করিয়াছিলেন। সেই নবী রাত্রে আসিয়াছিলেন এবং এই মসজিদে নামাজ পড়িয়া গিয়াছেন।
উপরের আলোচনা হইতে বুঝা যায় যে, নবীজী (সাঃ) এর মে'রাজ সময় ও অবস্থাভেদে শারীরিক, আধ্যাত্মিক কিংবা স্বাপ্নিক-এই তিন পদ্ধতিতেই ঘটিয়াছিল। নবুয়তের একাদশ বা দ্বাদশ বৎসরের ২৭শে রজবের মে'রাজ ছিল সশরারে সচেতন অবস্থায়। এই বাস্তব ও জাগ্রত মে'রাজের পূর্বে ও পরে আধ্যাত্মিক মে'রাজ ঘটিয়াছে বহুবার এবং নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে তাহার স্বাপ্নিক মে'রাজ হইয়াছে দুইবার।
নবুয়তের যুগ অতিবাহিত হওয়ার পরে উম্মতে মুহাম্মদীর মধ্যে বহু উম্মত নবীজী (সাঃ) এর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আধ্যাত্মিক মে'রাজ লাভে ধন্য হইয়াছেন এবং এখনও হইতেছেন। তাহারাও নিজেদের দেহকে জমিনে রাখিয়া আত্মিক ভাবে জড় জগত, নূরের জগত, সিফাতের জগত পার হইয়া খোদাতায়ালার জাতি নূরের অনন্ত আকাশে বিচরণ করেন, খোদাতায়ালার সান্নিধ্য ও রেজামন্দী লাভ করেন। এ সকল সাধকবর্গ স্ব স্ব মে'রাজের দৃশ্যাবলী আলমে মেছালের আয়নায় নিজেরাই দেখিয়া থাকেন।
তোমরা যদি আধ্যাত্মিকভাবে মে'রাজ লাভ করিতে পার, তবে তোমরাও নিজেদের মে'রাজ দৃশ্য নিজেরাই আলমে মেছালের পর্দায় বাতেনী দৃষ্টিতে দেখিতে পারিবে। তখন দয়াল নবী (সাঃ) এর মে'রাজের ছুরাত ও হকিকত জানার জন্য কিতাবের সাহায্য নেওয়ার আর প্রয়োজন হইবে না; নিজেদের সত্ত্বার মধ্যে তাহা দেখিতে পাইবে। তদুপরী নাফসে মোলহেমার স্তর হইতে খোদাতায়ালার সাথে সরাসরি বাক্যালাপের মাধ্যমে সর্ব বিষয়ে জ্ঞাত হইতে পারিবে। আমি দু'আ করি যেন, তোমরা পীরের নির্দেশিত পথে থাকিয়া আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক মে'রাজ লাভ করিতে পার। আমীন!








