Logo

তবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:১৭
তবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল
ছবি: সংগৃহীত

পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান আর নেই। সোমবার (১৬ নভেম্বর) ৯৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বিজ্ঞাপন

২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা নযরুর রহমান। তৎকালীন আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা হাজি নযরুর রহমান। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেছেন। রায়উইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই আলেম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবার রাতে পাকিস্তানের রায়উইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফি এবং বিশিষ্ট আলেম মাওলানা তারিক জামিলও তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD