Logo

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দিবে সৌদি আরব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৭:৪৪
অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দিবে সৌদি আরব
ছবি: সংগৃহীত

অন্য দেশগুলোর জন্য বরাদ্দ করা হজ কোটা পুরোপুরি ব্যবহার না হলে সেই অব্যবহৃত অংশ বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে সৌদি আরব। পাশাপাশি বাংলাদেশি হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকের শুরুতে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগ ও সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশি হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও তথ্য আদান-প্রদান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও শক্তিশালী হবে।

অন্যদিকে সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। বাংলাদেশি হাজিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়ার পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল অন্য দেশগুলোর অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার সম্ভাবনা। সৌদি মন্ত্রী জানান, কোনো দেশ তাদের জন্য নির্ধারিত হজ কোটা পূরণ করতে ব্যর্থ হলে কিংবা বরাদ্দের পুরো অংশ ব্যবহার না করলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

বিজ্ঞাপন

সৌদি হজ ও ওমরাহমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া হজ ও ওমরাহ পরিচালনা এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো. মাজহারুল ইসলাম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পথ আরও প্রসারিত হবে। একই সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD