Logo

ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৪ নভেম্বর, ২০২৬, ১৩:০৪
ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা। এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিজ্ঞাপন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।

শারীরিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের প্রতিদিন রাতে খাওয়া-দাওয়ার পরে ঘুমাতে না গিয়ে বরং কিছুটা পথ হাঁটাহাঁটি করা উচিত। এতে করে যেমন স্বাস্থ্য সুরক্ষা হবে, তেমনি ডায়াবেটিসের মতো একটি রোগকে প্রতিহত করা যাবে। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে নিয়মিত ব্যায়াম ও শারীরিক কসরত চালু রাখতে হবে।

বিজ্ঞাপন

বিশ্ব ডায়াবেটিস দিবসে ম্যারাথন আয়োজন করায় শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে দৌড় শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন তিনি।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD