Logo

সুন্দর দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৪
সুন্দর দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

সুস্থ, সুন্দর ও কর্মক্ষম দেশ গড়ে তুলতে সবাইকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডায়াবেটিসের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়মিত রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

বিজ্ঞাপন

১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাণীতে তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজ নিজ পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা নিয়ন্ত্রণে রাখতে হয় সারা জীবন। যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না হলে এ রোগ থেকে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন ধরনের হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি গুরুতর পরিস্থিতিতে শরীরের আক্রান্ত অঙ্গ কেটে ফেলার প্রয়োজনও দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

তবে নিয়মিত চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ জন্য রোগটির ঝুঁকি সম্পর্কে জানা, প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং সময়মতো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, দ্রুত নগরায়ণের ফলে মানুষের দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যাভ্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। পাশাপাশি শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় দেশে ডায়াবেটিসের প্রকোপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

পরিশেষে রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। তিনি সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলা করে সুস্থ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD