Logo

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, সুযোগ পাবেন যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫০
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসি, সুযোগ পাবেন যারা
ছবি : এআই দিয়ে তৈরি

সড়ক দুর্ঘটনা কমানো এবং দক্ষ ও সচেতন চালক তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর আওতায় দেশের ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে ট্রাফিক আইন, নিরাপদে গাড়ি চালানোর কৌশল এবং সড়কে দায়িত্বশীল আচরণ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হবে।

বিজ্ঞাপন

এ কর্মসূচিতে চালকদের ট্রাফিক আইন ও সড়ক পরিবহন বিধিবিধান, প্রতিরক্ষামূলক গাড়ি চালানো, সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি শনাক্ত করা এবং দায়িত্বশীল আচরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

৬৮ হাজার চালককে প্রশিক্ষণের পরিকল্পনা

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসসিআইপি) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এই বৃহৎ কর্মসূচির অংশ হিসেবেই বর্তমানে ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে আগে থেকে পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ঝালাই এবং আধুনিক সড়ক নিরাপত্তা সম্পর্কে জ্ঞান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ড্রাইভিং প্রশিক্ষণে বাড়ছে নারীদের আগ্রহ

বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্পে নারীদের অংশগ্রহণও ক্রমেই বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুর দিকে ড্রাইভিং প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকলেও বর্তমানে এ বিষয়ে তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্যসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ফলে পেশাগত ও ব্যক্তিগত প্রয়োজনে নারীদের গাড়ি চালানোর দক্ষতা অর্জনের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে।

কেন গুরুত্বপূর্ণ পাঁচ দিনের রিফ্রেশার প্রশিক্ষণ?

প্রকৌশলী ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো এবং নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা উন্নয়নে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতেও এ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, যারা ইতোমধ্যে চালক হিসেবে কর্মরত রয়েছেন, তাদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই প্রশিক্ষণে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস তৈরি, দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি আগে থেকে শনাক্ত করা এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পেশাগত দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

বিআরটিসির এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে পেশাদার চালকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD