Logo

‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হলো ই-টিকিটিং সেবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৩:৩১
‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হলো ই-টিকিটিং সেবা
ছবি: সংগৃহীত

নারী যাত্রীদের জন্য বিশেষায়িত মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস চালুর মাত্র পাঁচ দিনের মধ্যেই এতে যুক্ত হয়েছে ই-টিকিটিং সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালিত এ বিশেষ বাস সার্ভিসে এখন থেকে পজ মেশিনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন নারী যাত্রীরা। টিকিটিং প্ল্যাটফর্ম সহজ এ ই-টিকিটিং সেবা কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে। এর ফলে বাসে ওঠার পর নারী যাত্রীরা পজ মেশিন ব্যবহার করে দ্রুত ও সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

টিকিটিং প্ল্যাটফর্ম সহজ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। ই-টিকিটিং কার্যক্রমের পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

প্রশিক্ষণে পজ মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

সহজের পক্ষ থেকে আরও বলা হয়, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পজভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি নারী যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

বিজ্ঞাপন

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সহজ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD