নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘মহিলা বাস’ সার্ভিস

রাজধানীর কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গোলাপি রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। নারীদের জন্য বিশেষভাবে চালু করা এ সেবার মাধ্যমে নগরীতে নিরাপদ গণপরিবহনের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
বিজ্ঞাপন
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু করা হলেও বিভিন্ন কারণে সেটি নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। ফলে নারীদের জন্য আলাদা গণপরিবহন ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল। নতুন করে গোলাপি বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে নগরীর নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন সুবিধা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








