রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালুর পরদিনই যাত্রী নেই

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন রুটে মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। তবে চালুর পরদিনই এ বিশেষ বাসে যাত্রীর উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ আসন ফাঁকা রেখেই চলতে দেখা গেছে বাসগুলোকে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী মহিলা বাসে হাতে গোনা কয়েকজন যাত্রী দেখা গেলেও একই সময়ে সাধারণ গণপরিবহনে নারী যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এমনকি অফিসগামী অনেক নারীকে সাধারণ বাসের দরজা ধরে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতেও দেখা গেছে।
সকাল ৯টার পর শ্যামলী বাস পয়েন্ট অতিক্রম করে মিরপুর-১০ থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল একটি মহিলা বাস। বাইরে থেকে বাসটির দোতলার সব আসন ফাঁকা দেখা যায়। নিচতলায় ছিলেন মাত্র চার থেকে পাঁচজন নারী যাত্রী। পুরো পথেই বাসটিতে যাত্রী ওঠানামার তেমন কোনো দৃশ্য চোখে পড়েনি।
বাসটির পেছনের গেটে একজন পুরুষ যাত্রী এবং চালকের সহকারীর আসনে একজন পুরুষকে দেখা যায়। শ্যামলী থেকে সংসদ ভবন পর্যন্ত বাসটির গতিপথ অনুসরণ করেও নতুন কোনো যাত্রীকে উঠতে বা নামতে দেখা যায়নি। যাত্রীসংকটের কারণে বিভিন্ন বাসস্টপে না থামায় চালক বা সংশ্লিষ্ট কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
অন্যদিকে বিভিন্ন বাস পয়েন্টে নারী যাত্রীর উপস্থিতি থাকলেও বিশেষ এই বাসে ওঠার আগ্রহ খুব বেশি দেখা যায়নি। সাধারণ লোকাল বাসগুলোতেই নারী যাত্রীদের ভিড় ছিল বেশি। এমনকি নারী-পুরুষ উভয়ের জন্য চলাচলকারী বিআরটিসির বাসের দরজা ধরে অনেক নারীকে যাতায়াত করতে দেখা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সকাল সাড়ে ৯টা থেকে প্রায় এক ঘণ্টা ফার্মগেট এলাকায় অবস্থান করেও কোনো মহিলা বাসের দেখা মেলেনি। সেখানে অপেক্ষমাণ নারী যাত্রীদের কয়েকজন জানান, নির্দিষ্ট মহিলা বাসের জন্য অপেক্ষা করলে অফিসে সময়মতো পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
ফার্মগেটে অপেক্ষমাণ আসমা আক্তার বলেন, তিনি বিশেষ মহিলা বাসের জন্য অপেক্ষা করছিলেন না। প্রতিদিনের মতো নির্ধারিত সময়ে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন। তার গন্তব্যের যে বাসটি আগে আসবে, সেটিতেই উঠবেন। তবে অপেক্ষার সময় মহিলা বাস পেলে সেটিতে উঠতে আপত্তি নেই।
আরেক যাত্রী সোনালী খাতুন জানান, প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও তিনি মহিলা বাসের দেখা পাননি। তার মতে, উদ্যোগটি ভালো হলেও বর্তমানে বাসের সংখ্যা কম হওয়ায় অফিস সময়ে শুধু এই বাসের ওপর নির্ভর করা কঠিন। সেবা কার্যকর করতে বাসের সংখ্যা বাড়ানোর প্রয়োজন বলেও তিনি মনে করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ঢাকার নয়টি রুটে ১০টি বাস চালু করা হয়েছে। এসব বাসের চালক ও কন্ডাক্টর নারী।
বিজ্ঞাপন
এ ছাড়া চট্টগ্রাম ও বগুড়াতেও মোট চারটি বাসের মাধ্যমে সেবাটি চালু হয়েছে। ঢাকার বাসগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং নির্ধারিত রুটে মোট ১১৪টি স্টপেজে থামবে।
নারীদের জন্য আলাদা এই পরিবহন ব্যবস্থা চালুর পর যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি করতে হলে বাসের সংখ্যা, নির্দিষ্ট সময়সূচি ও সহজলভ্যতার বিষয়গুলো আরও কার্যকরভাবে নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন যাত্রীরা।








