সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া বন্ধে হাইকোর্টে রিট

সাধারণ মানুষের গণপরিবহন সংকট কমাতে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ইজারা বা ভাড়া দেওয়া বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনস্বার্থে হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বিআরটিসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন আইন, ২০২০’-এর ৫ ও ২২ ধারার আলোকে বিআরটিসির বাস জনস্বার্থে সাধারণ যাত্রীদের গণপরিবহন হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু ওই বিধানের বাইরে গিয়ে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য এসব বাস ইজারা বা ভাড়া দেওয়া হচ্ছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, ‘বিআরটিসির বাস ইজারা নীতিমালা-২০০৭’-এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিজ্ঞ বাণিজ্যিক পরিবহন ব্যবসায়ীদের বাস ইজারা দেওয়ার কথা রয়েছে। একই নীতিমালার ৫(১৭) অনুচ্ছেদে তৃতীয় পক্ষের কাছে বাস হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে। রিটকারীর দাবি, সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিআরটিসির বাস ইজারা দেওয়ার মাধ্যমে এসব বিধান লঙ্ঘিত হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিটে আরও যুক্তি দেওয়া হয়েছে, জনগণের অর্থে কেনা বিআরটিসির বাস সাধারণ মানুষের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের যাতায়াতে ব্যবহার করা হলে নাগরিকদের সমান আইনি আশ্রয় ও সুরক্ষার সাংবিধানিক অধিকারের প্রশ্ন ওঠে। এ বিষয়ে সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়েছে।
অর্থনৈতিক দিক তুলে ধরে রিটে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো যখন বিআরটিসি থেকে বাস ভাড়া নেয়, তখন সরকারি অর্থের প্রবাহ মূলত একটি সরকারি খাত থেকে অন্য সরকারি খাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এতে অর্থনীতিতে আয়ের স্বাভাবিক প্রবাহ ও ফিসক্যাল মাল্টিপ্লায়ার প্রভাব বাধাগ্রস্ত হতে পারে বলে আবেদনে যুক্তি দেওয়া হয়েছে।
রিটকারীর মতে, সরকারি কর্মকর্তাদের পরিবহনের জন্য বেসরকারি খাত থেকে বাস ভাড়া করা হলে বেসরকারি পরিবহন খাতে অর্থপ্রবাহ ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। অন্যদিকে বিআরটিসির উল্লেখযোগ্য সংখ্যক বাস সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারে থাকায় সাধারণ যাত্রী, নারী ও শিক্ষার্থীদের গণপরিবহন সংকট আরও তীব্র হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
রিটে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ইজারা বা ভাড়া দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে বর্তমানে সরকারি যাতায়াতে ব্যবহৃত বিআরটিসির সব বাস প্রত্যাহার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য নিয়মিত বাণিজ্যিক রুটে পুনর্বহালের নির্দেশনাও চাওয়া হয়েছে।








