হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারিক কার্যক্রম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা সম্পন্ন হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা শেষ হওয়ার পর যুক্তিতর্কের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
এ মামলার চার আসামি হলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ এবং উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। আসামিদের মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহ বর্তমানে পলাতক। বাকি দুজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে আবুল হাসানাত আবদুল্লাহ ও এ কে এম এহসানউল্লাহর নির্দেশে অধস্তন পুলিশ সদস্যরা দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যা করেন। গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় সেতুর পশ্চিম পাশে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত দুজন হলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। টিপু হাওলাদার তখন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে কবির মোল্লা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাশাপাশি ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের একের পর এক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পরে এসব সাক্ষীর বক্তব্যের ওপর আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। বৃহস্পতিবার উভয় পক্ষের সাক্ষ্যসংক্রান্ত কার্যক্রম শেষ হওয়ায় মামলাটি এখন যুক্তিতর্কের পর্যায়ে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
নির্ধারিত ৭ ডিসেম্বর থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার অভিযোগ, সাক্ষীদের বক্তব্য, উপস্থাপিত তথ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনালে নিজেদের যুক্তি তুলে ধরবেন। এরপর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।








