রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের কিশোর ছেলেকে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার আরও দুটি ধারায় তাঁকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগেই মামলার রায় হলো।
দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার একটি বহুতল ভবনে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন। এ সময় বিচারকের ছেলে তাওসিফকে কুপিয়ে হত্যা করা হয়। আর গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি।
বিজ্ঞাপন
ঘটনার পর পুলিশ আহত অবস্থায় লিমনকে আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের ঘটনা আইন ও বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলেও জানান তিনি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মামুন অর রশিদ বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
নিহত তাওসিফ রাজশাহী নগরীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। লিমনের সঙ্গে তাঁর মা তাসমিন নাহার লুসির আগে থেকেই পরিচয় ছিল। আর্থিক সহায়তা দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
হত্যাকাণ্ডের আগে লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় অভিযোগ করেছিলেন তাসমিন নাহার। গত বছরের ৬ নভেম্বর করা ওই অভিযোগে তিনি হত্যার হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।








