জেলেদের নিরাপত্তায় ৬০০ কোটি টাকার স্যাটেলাইট প্রকল্প নিচ্ছে সরকার

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা নৌযানের যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।
বিজ্ঞাপন
প্রস্তাবিত এই ব্যবস্থায় স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানের পরিচয়, অবস্থান ও চলাচলের তথ্য শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিশাল জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে বিস্তৃত সমুদ্র এলাকায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ।
এ সমস্যা মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। পাশাপাশি বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দেওয়ার জন্য তৈরি। নতুন উদ্যোগটি বিশেষভাবে সামুদ্রিক নৌযানের অবস্থান শনাক্ত ও নজরদারির কাজে ব্যবহার করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবার পর্যবেক্ষণের আওতায় আসবে। এতে কোন এলাকায় কতটি নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না—এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে।
জেলেদের উদ্ধার কার্যক্রমে বাড়বে সক্ষমতা
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার মুখে পড়েন অনেক জেলে। বিশেষ করে উপকূল থেকে দূরবর্তী এলাকায় গেলে নৌযানগুলো প্রায়ই মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে বিপদের সময় নৌযানের সঠিক অবস্থান জানা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে প্রযুক্তিসুবিধাসম্পন্ন নৌযানের অবস্থান ও গতিবিধি দূর সমুদ্র থেকেও পর্যবেক্ষণ করা যাবে। এতে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগে পড়লে দ্রুত অবস্থান শনাক্ত করে উদ্ধারের উদ্যোগ নেওয়া সহজ হবে। নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর কার্যক্রমেও সহায়তা মিলবে।
এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিত যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
মৎস্যসম্পদ ব্যবস্থাপনাতেও কাজে লাগবে নজরদারির তথ্য
স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। কোন এলাকায় কতটি নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণসংক্রান্ত সমৃদ্ধ ডেটাভান্ডার গড়ে তোলা যাবে।
এই তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক তথ্য পাওয়া যাবে।
বিজ্ঞাপন
তবে এআইএস প্রযুক্তি সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করে না। এর মূল কাজ নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা নির্ধারণে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি এবং সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এ ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহৃত হয়।
অর্থাৎ এআইএসের মাধ্যমে জানা যাবে কোনো নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি থেকে পাওয়া যাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্য একসঙ্গে কাজে লাগানো গেলে বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার নতুন সুযোগ তৈরি হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।
মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে।”
তাঁর ভাষ্য, এটি শুধু একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
এদিকে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ বর্তমানে চলমান। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এই নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তথ্য সূত্র : বাসস








