Logo

বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে ঢাকায় বসছে আন্তর্জাতিক সোর্সিং এক্সপো

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১৮:১০
বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে ঢাকায় বসছে আন্তর্জাতিক সোর্সিং এক্সপো
ছবি: সংগৃহীত

বর্ধিত পরিসরে দ্বিতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই এ এক্সপোর মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ এক্সপো উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ইপিবির সম্মেলন কক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়। এতে এক্সপোর বিস্তারিত তুলে ধরেন ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

অনুষ্ঠানে ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ ও মো. রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আয়োজনের প্রস্তুতি, বিদেশি ক্রেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, চীন, জাপান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের ক্রেতা, বিনিয়োগকারী এবং সোর্সিং প্রতিষ্ঠান অংশ নেবে।

দেশের ১২টি রপ্তানিখাতের ১৬১টি প্রতিষ্ঠান এ আয়োজনে অংশগ্রহণ করবে। খাতগুলো হলো—অ্যাপারেলস ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যাল, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।

এ ছাড়া বহুজাতিক কোম্পানি, সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধি এবং বিভিন্ন রপ্তানি বাজারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীরাও এতে অংশ নেবেন। ফলে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের সামনে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

বিজ্ঞাপন

তিন দিনের এ আয়োজনে থাকবে চারটি বিশেষ সেমিনার, ফ্যাক্টরি ভিজিট, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক (বি-টু-বি), ২৪০টি স্টল, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শো।

আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপোর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রপ্তানি খাত ও সম্ভাবনাময় শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি পাবে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক চুক্তি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ তৈরি হবে।

তাদের মতে, ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য সোর্সিং হাব হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আয়োজন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD