বিশ্বজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। অনুষ্ঠানে অন্যান্য উপহারের সঙ্গে তাদের হাতে ‘নেক্সাস’ বইও তুলে দেওয়া হয়। পরবর্তীতে বইটি উপহার দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনায় এর আগে কয়েকটি ইসলামী সংগঠন বইটি উপহার দেওয়ার সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠন বইটির লেখক ও বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে তদন্তের দাবিও তোলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়টি পুনর্ব্যক্ত করে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব অর্জনের সুযোগ আরও তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
বই ফেরত নেওয়ার সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।








