২০২৭ সালের হজ নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়সীমা শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে গত ৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যাওয়ার চূড়ান্ত যাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
বিজ্ঞাপন
এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজের নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
সূত্র বাসস






