হজ নিবন্ধনের সময় শেষের পথে, এখনও খালি ৩৪ হাজার কোটা

হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হচ্ছে। তবে এখনো বাংলাদেশের বরাদ্দ করা হজ কোটার প্রায় ৩৪ হাজার আসন খালি রয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৪৩ হাজার ৮২৩ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৬২ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৪০ হাজার ৬১ জন নিবন্ধন করেছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ে অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন না করলে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।
হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক সম্ভাব্য হজযাত্রী এত আগে হজের অর্থ জমা দিতে আগ্রহী নন। ফলে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাচ্ছে না। শেষ মুহূর্তে বিপুলসংখ্যক মানুষের নিবন্ধন সম্পন্ন করা এজেন্সিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি কর্তৃপক্ষের সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।
নিবন্ধন শেষ হলে বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর ওই সংখ্যার ভিত্তিতে সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানোসহ পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে।
এ ছাড়া হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, প্রয়োজনীয় টিকাদান ও হজ প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতিও নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর এগিয়ে নেওয়া হবে।








