মে'রাজে নবীজী (সাঃ) খোদাদর্শন, না ফেরেশতাদর্শন লাভ করিয়াছিলেন?

হযরত খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের নসিহত ‘নসিহত নং-১০২ (মেরাজ তত্ত্ব)’ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ "মে'রাজে নবীজী (সাঃ) খোদাদর্শন, না ফেরেশতাদর্শন লাভ করিয়াছিলেন?"- সে সম্পর্কে বিস্তারিত আলোচনাঃ
বিজ্ঞাপন
রাসূলে পাক (সাঃ) এর মে'রাজ যে শারীরিক, আধ্যাত্মিক বা স্বাপ্নিক-সময় ও অবস্থাভেদে এই তিন পদ্ধতিইে হইয়াছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইয়াছে পূর্বের নসিহতে। এ অধ্যায়ের আলোচনা "খোদাদর্শন" সম্পর্কে।
রাসূলে পাক (সাঃ) মে'রাজে কি খোদাতায়ালার জাতের দর্শন লাভ করিয়াছিলেন, না ফেরেশতা সম্রাট হযরত জিব্রাইলকে (আঃ) দেখিয়াছিলেন? ইহা লইয়া ওলামাকেরামের মধ্যে মতভেদ আছে। একদল বলেন, দয়াল নবী (সাঃ) খোদাতায়ালাকে স্বচক্ষে দেখিয়াছিলেন। অপরদল বলেন, তিনি (সাঃ) জিব্রাইল ফেরেশতাকে আসল ছুরাতে দেখিয়াছেন; আল্লাহকে নয়। এই মতভেদ সাহাবীগণের মধ্যে যেমন ছিল, তেমনি তদপরবর্তী সময়ে প্রত্যেক জামানাতেই আলেমসমাজের মধ্যে ছিল; আজও সে মতবিরোধ বর্তমান।
খোদাদর্শনের পক্ষে যে সমস্ত সাহাবী মত দেন তাহাদের মধ্যে হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত আনাস (রাঃ), হযরত আবুযর গিফারী (রাঃ), হযরত জাবের (রাঃ) প্রমুখের নাম উল্লেখযোগ্য। অন্যদিকে খোদাদর্শনের পরিবর্তে ফেরেশতা দর্শনের পক্ষে যাহারা মতামত ব্যক্ত করেন, তাহাদের মধ্যে হযরত মা আয়েশা (রাঃ), আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), আবু হোরায়রা (রাঃ)-এর নাম উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে সহীহ তিরমিযীতে সূরা নাজমের তাফসীর অধ্যায়ে বর্ণিত আছে, হযরত রাসূলে পাক (সাঃ) সিদরাতুল মুনতাহার কাছে স্বয়ং আল্লাহকে দেখিয়াছেন। তিরমিযীতে আরও বর্ণিত আছে, কা'ব আহবারের সহিত হযরত ইবনে আব্বাস (রাঃ) ছাহেবের দেখা হইলে কা'ব বলেন, আল্লাহ হযরত মূসা (আঃ) ও হযরত মুহাম্মদ (সাঃ) এর মধ্যে কালাম ও দীদার ভাগ করিয়া দিলেন। হযরত মূসা (আঃ) পাইলেন দুইবার কথা বলার সুযোগ এবং মুহাম্মদ মোস্তফা (সাঃ) পাইলেন দু'দুইবার দীদারের সৌভাগ্য।
হযরত আনাস (রাঃ) হইতে শরীক বিন আব্দুল্লাহ (রাঃ) এর যে বর্ণনা সহীহ বুখারীতে রহিয়াছে তাহার শেষাংশে আছে-
"হযরত (সাঃ) সিদরাতুল মুস্তাহা পর্যন্ত পৌঁছান, তখন মহামান্য আল্লাহতায়ালা এতখানি নিকটে ঝুঁকিলেন যে, তাঁহার এবং আল্লাহর মাঝখানে দুই ধনুক কিংবা তাহারও কম দুরত্ব রহিল।"
বিজ্ঞাপন
হযরত জাবের (রাঃ) বলেন যে, রাসূলে করীম (সাঃ) 'অলাক্বাদ রায়াহু নাফ্লাতান উগ্রা' -এর ব্যাখ্যা প্রসংগে এরশাদ করিলেন, "আমি আমার প্রভুকে একেবারে সরাসরি সামনা-সামনি দেখিয়াছি, ইহাতে কোন সন্দেহ নাই এবং 'ইনদা সিদরাতিল মুন্তাহার'-এর ব্যাখ্যা বর্ণনা প্রসংগে বলিয়াছেন যে, আমি তাহাকে সিদরাতুল মুস্তাহার নিকটে দেখিয়াছি। এমন কি প্রভুর চেহারার নূর আমার সামনে বিচ্ছুরিত হইয়াছে।
হযরত ইমাম আহমদ (রঃ) ছাহেব তদীয় মসনদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) এর রেওয়ায়েত নকল করিয়াছেন- “ক্বালা রাসূলুল্লাহে সাল্লাল্লাহু 'আলাইহে অসাল্লাম রাআইতা রাব্বী" অর্থাৎ রাসূলে পাক (সাঃ) বলিয়াছেন, আমি আমার পরওয়ারদিগারকে দেখিয়াছি।
অন্যদিকে 'আল্লাহদর্শন নয়-ফেরেশতাদর্শন'-এই মতের প্রবক্তাগণের মধ্যে হযরত মা আয়েশার বক্তব্য অত্যন্ত জোরালো। তিনি এই ব্যাপারে কঠোর মনোভাব অবলম্বন করিয়াছেন। এই দলের অন্যান্যরা মা আয়েশাকে অনুসরণ করিয়াছেন।
বিজ্ঞাপন
একদা হযরত মাসরূক (রাঃ) হযরত আয়েশার (রাঃ) নিকট আরজ করিলেন, হে উম্মুল মো'মেনীন! হযরত রাসূলে পাক (সাঃ) কি আল্লাহকে দেখিয়াছেন? মা আয়েশা জবাবে বলিলেন, এই প্রশ্ন শুনিয়াতো আমার শরীর কাঁটা দিয়াছে। যদি কেহ বলেন, হযরত (সাঃ) আল্লাহকে দেখিয়াছেন তবে সে মিথ্যা বলে। স্বয়ং আল্লাহ বলেন, "লা তুদরিকুহুল আবছাবু অ হুয়া ইয়াদরিকুল আবছারা অ হুয়াল লাতিফুল খাবীর।" (সূরা আনআম) অর্থাৎ চোখ আল্লাহর নাগাল পায় না, অথচ তিনি চোখের গতিবিধি দেখেন এবং তিনিতো সূক্ষ দ্রষ্টা ও সর্বজ্ঞ। (কিতাবুল তাফসীত, সহীহ বুখারী)
হযরত মাসরুক হইতে আরও বর্ণিত আছে. আমি হযরত আয়েশা (রাঃ) এর নিকটে হেলান দিয়া বসা ছিলাম। তিনি বলিলেন, হে আয়েশার বাপ! কেহ যদি এই তিনটি কথা বলে, সে আল্লাহর নামে বিরাট মিথ্যা বলিল। আমি জিজ্ঞাসা করিলাম, উহা কি কি? তিনি বলিলেন, এক, যদি কেহ বলে, হযরত (সাঃ) আল্লাহকে দেখিয়াছেন। আমি ইহা শুনিয়া সোজা হইয়া বসিলাম এবং আরজ করিলাম, উম্মুল মো'মেনীন! তাড়াহুড়া করিয়া কিছু বলিবেন না। স্বয়ং আল্লাহ কি বলেন নাই?
وَ لَقَدْ رَاهُ بِالْأُفُقِ الْمُبِيْنِ
বিজ্ঞাপন
অর্থাৎ-'এবং সে তাঁহাকে সুস্পষ্ট (ঊর্ধ্বতম) প্রান্তে দেখিল।” (সূরা তাকভীরঃ ২৩) এবং
لَقَدْ رَاهُ نَزْلَةً أُخْرَى
অর্থাৎ-'সে অবতরণকালে দ্বিতীয়বার তাহাকে দেখিল।' (সূরা নাজমঃ ১৩)
বিজ্ঞাপন
আমার এই কথা শুনিয়া তিনি বলিলেন, সর্ব প্রথম আমি আজই এই ব্যাপারে হযরত (সাঃ) কে প্রশ্ন করিয়াছি। হযরত (সাঃ) জবাব দিলেন, উহা ছিলেন জিব্রাইল (আঃ)। আমি তাহাকে এই দুইবার ব্যতীত কখনও মূল আকৃতিতে দেখি নাই। (সহীহ মুসলিম)
রাসূলে পাক (সাঃ) যাহা বলিয়াছেন তাহাতো ওহী। উল্লেখ্য, ওহী দুইভাবে রাসূলে পাক (সাঃ) এর নিকট পৌঁছিয়াছে। এক, ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে। যেমন কুরআন মজীদ। দুই, মাধ্যমবিহীন অবস্থায় সরাসরি নবীজী (সাঃ) এর কালবে খোদাতায়ালা নিক্ষেপ করিয়াছেন যাহা নবীজী নিজ ভাষায় প্রকাশ করিয়াছেন। ওহী আবার দুই প্রকার। যথাঃ
★ মতলু-ইহা ঐ সমস্ত ওহী যাহা তেলাওয়াত করা হয়। যেমন কুরআন মজীদের সবটুকু।
বিজ্ঞাপন
★ গাইরে মতলু-ইহা ঐ সমস্ত ওহী, যাহা সাধারণত তেলাওয়াত করা হয় না। যেমন হাদীসে রাসূল (সাঃ)। রাসূলে পাক (সাঃ) নিজ হইতে কোন কথা কখনও বলিতেন না। তিনি যাহা কিছু বলিতেন, তাহা সবটুকুই ওহী। আল্লাহতায়ালা এ প্রসংগে বলেন,
وَ مَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْى يُوحَى.
অর্থাৎ-'রাসূলে পাক (সাঃ) তার খেয়াল খুশীমত কিছুই বলেন না। যাহা কিছু বলেন তাহা ওহী ছাড়া কিছুই নহে।' (সূরা নাজমঃ ৩-৪)
বিজ্ঞাপন
উপরে যে সমস্ত হাদীস বর্ণনা করা হইল তন্মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় পাওয়া যায় যে, রাসূলে পাক (সাঃ) বলেন, "আমি আমার প্রভু পরওয়ারদিগারকে দেখিয়াছি।" আবার মা আয়েশা (রাঃ) ছাহেবার বর্ণনায় পাওয়া যায় যে, রাসূল (সাঃ) ফেরেশতা জিব্রাইলকে দেখিয়াছেন। কথা হইলঃ উপরের দুইটি বর্ণনাইতো ওহী (যদিও গাইরে মতলু), তবে কি একই বিষয়ে রাসূলে পাক (সাঃ) পরস্পরবিরোধী কথা বলিয়াছেন? তাই-ই যদি বলেন, তবে কোনটি সত্য, আর কোনটি সত্য নহে? আসলে দয়াল নবী (সাঃ) পরস্পর বিরোধী কথা বলেন নাই; যাহা পরস্পর বিরোধী মনে হয় তাহা স্বস্ব স্থানে সত্য। তবে তাহা আমাদের মত ক্ষুদ্র জ্ঞানের মানুষের পক্ষে বুঝা কঠিন। তদুপরি 'খোদাদর্শন' ইসলামি উচ্চ দর্শনের উচ্চতম ক্লাসের পাঠ।
এতদ্ব্যতীত কুরআন মজীদে মে'রাজ সম্পর্কীয় আলোচনায় 'খোদাদর্শন বা ফেরেশতাদর্শন'-কোনটা সম্পর্কেই স্পষ্ট কোন বক্তব্য নাই; আছে ইশারা ইংগিত যাহা রহস্যের আবরণে ঢাকা। মে'রাজ সম্পর্কে যে আয়াতগুলো সূরা নাজমের প্রথম দিকে আছে তাহা অত্যন্ত গুরুগম্ভীর, ইংগিতময় ও রহস্যপূর্ণ। আয়াতগুলোর মর্মার্থ উদঘাটনও অত্যন্ত কঠিন। তদুপরি দুই/তিন শব্দে এক একটি বাক্য। কোনটিতে কর্তা আছে তো কর্ম নাই। কর্ম আছেতো কর্তা অনুপস্থিত। সর্বনাম উহ্য। আবার সর্বনাম থাকিলেও কর্তার নির্দেশনা নাই। হৃদয়ঙ্গমের সুবিধার্থে মে'রাজ সম্পর্কিত সূরা নাজমের আয়াতগুলো নিম্নে তুলিয়া ধরা হইল।
(১) অস্তগামী তারকারাজীর শপথ! (২) তোমাদের সংগী পথভ্রষ্ট হন নি এবং বিপথগামীও হন নি (৩) এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। (৪) তাহাকে যাহা জানানো হয় তিনিতো তাহাই বলেন (৫) তাহাকে মহাশক্তিশালী ও অপার কুশলী শিক্ষাদান করেন। (৬) সহজাত শক্তিসম্পন্ন, তিনি নিজে প্রকাশিত হইলেন (৭) সর্বোচ্চ দিগন্তে, (৮) অতঃপর নিকটবর্তী হইলেন এবং ঝুঁকিলেন (৯) তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম। (১০) তখন আল্লাহ তাঁহার বান্দার প্রতি যাহা প্রত্যাদেশ করিবার, তাহা করিলেন। (১১) রাসূলের অন্তর মিথ্যা বলে নাই যাহা তিনি দেখিয়াছেন। (১২) তিনি যাহা দেখিয়াছেন, সে ব্যাপারে তোমরা কি তাঁহার সাথে ঝগড়া করিতেছ? (১৩) নিশ্চয় তিনি তাঁহাকে আরেকবার দেখিয়াছিলেন, (১৪) সিদ্রাতুল মুন্তাহার নিকটে, (১৫) যাহার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া (নামক বেহেশত)। (১৬) বৃক্ষটি যখন যদ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। (১৭) তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই এবং সীমালংঘনও করে নাই। (১৮) নিশ্চয়ই তিনি তাঁহার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করিয়াছেন। (সূরা নাজমঃ ১-১৮)
বিজ্ঞাপন
'খোদাদর্শন সম্পর্কে মতভেদের প্রধানতম কারণ হইল মে'রাজ সম্পর্কে আলোচিত সূরা নাজমের আয়াতসমূহের দুর্বোধ্যতা এবং অস্পষ্টতা।
এখানে উল্লেখ্যঃ স্থানভেদে পাক কুরআনের তিনটি অবস্থা আছে। যথাঃ
★ কুরআন মজীদের হকিকতগত অবস্থা।
বিজ্ঞাপন
★ কুরআন মজীদের লওহ মাহফুজস্থিত অবস্থা এবং
★ ইহার প্রকাশ্য অবস্থা।
পাক কুরআন আল্লাহর কালাম। ইহার উৎপত্তিস্থলও সিফাতে হাকীকীর অন্তর্ভুক্ত 'কালাম সিফাত'। সিফাতে কালাম হইতে উৎপন্ন ভাষাবিহীন ও আরম্ভ-শেষ বিমুক্ত কুরআন মারেফাত রাজ্যের মূল দফতরে অবস্থিত। তাহাই পাক কুরআনের হকিকতগত অবস্থা। সেখান হইতে আল্লাহর কুদরতে ভাষাবিহীন কুরআন আরম্ভ ও শেষ বিমুক্তাবস্থায় ভাসিতে ভাসিতে লওহে মাহফুজে আসিয়া ভাষার ছুরাতে স্থিত হয়। এখানকার কুরআন নূরের হরফে লেখা। তথা হইতে আল্লাহর নির্দেশে ফেরেশতা-সম্রাট জিব্রাইল বহন করিয়া দয়াল নবী (সাঃ) এর কালবে নিক্ষেপ করিতেন। দয়াল নবী (সাঃ) তাহা মুখস্থ করিতেন। ইহা পাক কুরআন অবতরণের গূঢ় ইতিহাস।
পাক কুরআনের আয়াতসমূহ আবার তিনভাবে বিভক্ত। যেমন, আয়াতে বাইয়েনাত, আয়াতে মোতাশাবেহাত এবং হরফে মোকাত্তায়াত।
এ সম্পর্কে পূর্ববর্তী কোন কোন নসিহতে আলোচনা করা হইয়াছে। প্রাসংগিক বিধায় এখানে দুই/একটি কথা উল্লেখ করা হইতেছে। কালামুল্লাহ শরীফের আয়াতসমূহের প্রায় সাত ভাগের এক ভাগ পরিমাণ যাহা সাধারণ বোঝাবুঝির অন্তর্ভুক্ত। আয়াতসমূহের অর্থ স্পষ্ট ও পরিচ্ছন্ন। এই গুলোই আয়াতে বাইয়েনাত। এতদ্ব্যতীত কুরআন মজীদের অবশিষ্ট আয়াতসমূহ অস্পষ্ট ও দুর্বোধ্য। কোন কোন আয়াতের মর্ম উদ্ধার প্রায় অসম্ভবই মনে হয়। এই অস্পষ্ট আয়াতগুলোই আয়াতে মোতাশাবেহাত। আয়াতে মোতাশাবেহাত আল্লাহর ভেদ সমূহের অন্তর্ভুক্ত। যাহারা ভেদতত্ত্বে জ্ঞানী তাহারাই আয়াতে মোতাশাবেহাতের মর্ম উদ্ধারে সক্ষম। ইহা ছাড়াও পাক কুরআনের কোন কোন সূরার শুরুতে কিছু কিছু হরফ আছে যাহার ভেদ একেবারেই গুপ্ত। আল্লাহ, তদীয় হাবীব এবং উচু স্তরের ওলী-আল্লাহ ব্যতীত হরফ সমূহের ভেদ অন্য কেহ জানেন না। যেমন আলিফ, লাম, মিম, ইত্যাদি। এগুলোই হরফে মোকাত্তায়াত। আয়াতে বাইয়েনাত ব্যতীত আয়াতে মোতাশাবেহাত ও হরফে মোকাত্তায়াতের ভেদ অবগত হওয়ার জন্য প্রয়োজন কুরআনের হকিকতগত অবস্থার জ্ঞান অর্জন করা। ইহার কোন বিকল্প নাই। কিন্তু কুরআনের হাকীকী জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন নবীজী (সাঃ) এর জাহেরী অনুসরণের সাথে বাতেনী অনুসরণের পূর্ণতা অর্জন। নবীজী (সাঃ) এর অনুসরণের সাতটি স্তর আছে। তন্মধ্যে একটি মাত্র জাহেরা শরীয়ত, আর বাদ বাকী ছয়টি স্তর বাতেনী শরীয়তের সাথে সম্পর্কিত। ("ইবাদত ও মহব্বত' নামক খন্ডে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইয়াছে)। যাহারা নবীজী (সাঃ) এর অনুসরণের চতুর্থ স্তরের গুণ ও যোগ্যতা অর্জনে সক্ষম হইয়াছেন, আয়াতে মোতাশাবেহাতের গোপনভেদ কেবল তাহারাই অবগত। এমন সুযোগ্য অনুসারীদেরকে মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ছাহেব "ওলামায়ে রাসেখ" বলিয়া অভিহিত করিয়াছেন। তাহারাই বেলায়েতে নবুয়ত ও কামালাতে নবুয়তের মর্যাদাপ্রাপ্ত। ইহা ছাড়া হরফে মোকাত্তায়াতের ভেদ অবগতির জন্য নবীজী (সাঃ) এর অনুসরণের ৬ষ্ঠ কিংবা সপ্তম স্তরের গুণ ও যোগ্যতা অর্জন প্রয়োজন। অর্থাৎ পাক কুরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন নবীজী (সাঃ) এর বাতেনী অনুসরণের পূর্ণতা অর্জন। মে'রাজ সম্পর্কে বর্ণিত সূরা নাজমের আয়াতসমূহ আয়াতে মোতাশাবেহাতের অন্তর্ভুক্ত যাহা প্রকারান্তরে আল্লাহর গুপ্ত ভেদ। এই গুপ্ত ভেদ সকলের নিকট সমান ভাবে প্রকাশিত হয় না; হওয়া সম্ভবও নয়। কারণ দয়াল নবী (সাঃ) এর অনুসরণের গুণ ও যোগ্যতা সবার সমান নহে। মে'রাজে 'খোদাদর্শন' সম্পর্কে মতভেদের অন্তর্নিহিত রহস্য এখানেই। তাইতো দেখা যায় ইবনে আব্বাসের বর্ণনায় দয়াল নবী (সাঃ) বলেন, 'রায়াইতু রাব্বী' অর্থাৎ আমি আমার প্রভু আল্লাহকে দেখিয়াছি। আবার মা আয়েশা (রাঃ) এর প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি জিব্রাইলকে দেখিয়াছি।" আসল কথা হইলঃ রাসূলে পাক (সাঃ) মে'রাজ রজনীতে আল্লাহকেই দেখিয়াছেন, আল্লাহর সাথেই বাক্যালাপ করিয়াছেন। সেই দর্শন চর্মচক্ষুতেই ছিল। তবে বিষয়টি উচ্চাংগের বিধায় অধিক সতর্কতার সাথে তিনি কথা বলিয়াছেন। কাহারো নিকট সরাসরি খোদাদর্শনের কথা বলিয়াছেন। কাহারো নিকট খোদার জ্যোতি দর্শনের কথা উল্লেখ করিয়াছেন। আবার মা আয়েশার নিকট ফেরেশতা দর্শনের কথা বলিয়াছেন। সম্ভবতঃ প্রশ্নকারীদের হৃদয়ঙ্গম ও ধারণক্ষমতানুযায়ী তিনি কথা বলিয়াছেন। আর ইহা নবী রাসূলগণের এক বিশেষ গুণ যে, তাহারা প্রশ্নকারীদের ধারণক্ষমতা বিবেচনা অন্তে কথা বলিতেন। তবে আমি এখানে এই কথা বলিতেছি না যে, মা আয়েশা (রাঃ) ছাহেবার হৃদয়ঙ্গমের ক্ষমতা কম। তবে দয়াল নবী (সাঃ) এর মে'রাজ যখন সংঘটিত হয় তখন মা আয়েশার (রাঃ) বয়স ছিল মাত্র পাঁচ/ছয় বৎসর। তিনি নবীজী (সাঃ) ঘরে আসেন নয় (৯) বৎসর বয়সে। সেই অল্প বয়সে কুরআনের হাকীকী জ্ঞানে তিনি জ্ঞানী ছিলেন না, এত কম বয়সে তাহা অর্জনও সম্ভব নহে। কারণ তাহা সময় সাপেক্ষ ব্যাপার। ইসলামী উচ্চ দর্শনের সাথে সময় বা বয়সের গুরুত্ব কম নয়। দয়াল নবী (সাঃ) পৃথিবীতে আগমনের পূর্বেই নবী ছিলেন, তথাপিও দুনিয়াতে তদীয় বয়স চল্লিশে না পৌঁছা পর্যন্ত তাঁহাকে নবুয়তের মর্যাদা ও দায়িত্ব দেওয়া হয় নাই। তেমনি অবস্থা অন্যান্য নবী ও রাসূল (আঃ) গণের ক্ষেত্রে। আসলে মে'রাজের হকিকত জানার জন্য কুরআনের হকিকত জানা প্রয়োজন। আর কুরআনের হকিকত জানার জন্য দীর্ঘ সময় ব্যাপী কঠোর সাধনার প্রয়োজন। ছয় কিংবা নয় বছর বয়সে মা আয়েশা (রাঃ) মে'রাজের হকিকত সম্পর্কে জ্ঞাত ছিলেন না। তাই হয়তো রাসূলে পাক (সাঃ) মা আয়েশার প্রশ্নের উত্তরে বলিয়াছেন, "উহা ছিল জিব্রাইল।' দয়াল নবী (সাঃ) মিথ্যা বলেন নাই। সিদরাতুল মুস্তাহার নিকট ফেরেশতা সম্রাট জিব্রাইলকে তিনি আসল আকৃতিতে দেখিয়াছিলেন। তাহাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। তবে তিনি খোদাকেও দেখিয়াছিলেন, বয়সের স্বল্পতার জন্যে হয়তো মা আয়েশা (রাঃ) এর নিকট তাহা প্রকাশ করেন নাই। তদুপরি সর্বোচ্চ দিগন্তে যাহাকে দেখিয়াছেন, তিনি খোদাতায়ালাই; জিব্রাইল নহেন। সূরা নাজমের আয়াত সমূহের আলোচনাতেই তাহা বুঝা যাইবে।
সূরা নাজমের ৫ নং আয়াতে আছে, "তাহাকে (মুহাম্মদকে) মহা শক্তিশালী ও অপার কুশলী শিক্ষাদান করেন।" ফেরেশতা দর্শনের পক্ষে যাহারা মতামত ব্যক্ত করেন তাহারা উল্লিখিত আয়াতে বর্ণিত দয়াল নবী (সাঃ) এর শিক্ষাদাতা হিসেবে জিব্রাইল (আঃ) কে বুঝাইতে চান। আসলে কি তাই? ফেরেশতা জিব্রাইলই কি রাসূলে পাক (সাঃ) এর শিক্ষক ছিলেন? জিব্রাইল নবীজী (সাঃ) শিক্ষক-এ কথা ভাবিতেও আমার লজ্জা হয়। যে জিব্রাইল পাক কুরআনের হকিকত সম্পর্কে অজ্ঞ, যে জিব্রাইল জাতি নূরের সমুদ্রের গভীরে (যেখানে হকিকতে কুরআন অবস্থিত) যাইতে অক্ষম, যে জিব্রাইল আয়াতে মোতাশাবেহাত ও হরফে মোকাত্তায়াতের ভেদ অনবগত; সেই জিব্রাইল কি করিয়া নবীজী (সাঃ) এর শিক্ষক হইবেন? তবে এই কথা বলাই যুক্তিযুক্ত যে, ফেরেশতা জিব্রাইল পাক কুরআনের বাহক ছিলেন। পূর্বেই বলা হইয়াছে, পাক কুরআন ভাষাবিহীন ও আরম্ভ-শেষ মুক্ত অবস্থায় আল্লাহর কুদরতে হকিকতে কুরআন হইতে বহু নিম্নে লওহে মাহফুজে আসিয়া ভাষার ছুরাতে স্থিত হইত। তথা হইতে জিব্রাইল (আঃ) আয়াত সমূহ বহন করিয়া নবীজী (সাঃ) কে দিতেন। যেমন করিয়া ডাক পিয়ন পোস্ট অফিস হইতে চিঠি বহন করিয়া প্রাপকের হাতে পৌঁছাইয়া দেয়। পিয়ন যেমন চিঠির মর্ম সম্পর্কে জানেন না, তেমনি আল্লাহর পিয়ন ফেরেশতাও কুরআনের হকিকত বা মর্ম সম্পর্কে জানিতেন না। পূর্বেই বলা হইয়াছে, নবীজী (সাঃ) এর নিকট ওহী আসিত দুইভাবে। এক, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। দুই, মাধ্যম বিহীন অবস্থায়। জিব্রাইল (আঃ) এর মাধ্যমে যে ওহী সমূহ আসিত, সেগুলোর শিক্ষাগুরু হিসেবে জিব্রাইল ফেরেশতাকে চিন্তা করিলেও যে সমস্ত ওহী মাধ্যমবিহীন সরাসরি দয়াল নবী (সাঃ) এর বক্ষে নিক্ষিপ্ত হইত, সেগুলির বিন্দু বিসর্গের খবরও জিব্রাইল (আঃ) জানিতেন না। কাজেই বুঝা যায়, দয়াল নবী (সাঃ) শিক্ষাগুরু মহান খোদাতায়ালা স্বয়ং, ফেরেশতা জিব্রাইল নহে। আল্লাহতায়ালা নিজেও তাই বলেন,
الرَّحْمَنُ - عَلَّمَ الْقُرْآنُ - خَلَقَ الْإِنْسَانَ - عَلَّمَهُ
الْبَيَانَ
অর্থাৎ-"তিনিই রহমান আল্লাহ, যিনি কুরআন শিক্ষা দিয়াছেন, মানুষ সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে বায়ান পদ্ধতি শিক্ষা দিয়াছেন।” (সূরা আর রহমানঃ ১-৪)
সহীহ হাদীসের কিতাবসমূহে দেখা যায়, রাসূলে পাক (সাঃ) বলিয়াছেন,
عَلَّمَنِي رَبِّي
অর্থাৎ-'আমার পরওয়ারদিগার আমাকে শিক্ষা দিয়াছেন।'
কাজেই বুঝা যায়, মে'রাজ সম্পর্কীয় সূরা নাজমের আয়াতে 'মহাশক্তিশালী', 'সহজাত শক্তিসম্পন' ইত্যাদি বিশেষণ আল্লাহকেই নির্দেশ করে; ফেরেশতা জিব্রাইলকে নহে।
সূরা নাজমের ৬, ৭ ও ৮ নং আয়াতে আছে "তিনি (মহাশক্তিশালী) প্রকাশিত হইলেন আকাশের সর্বোচ্চ দিগন্তে। অতঃপর নিকটবর্তী হইলেন এবং ঝুঁকিলেন।"
কে সর্বোচ্চ দিগন্তে প্রকাশিত হইলেন? কে নিকটবর্তী হইলেন বা ঝুঁকিলেন? ফেরেশতাদর্শনের প্রবক্তারা বলেন, তিনি ছিলেন জিব্রাইল (আঃ)। খোদাদর্শনের প্রবক্তাগণ বলেন, তিনি ছিলেন খোদা স্বয়ং।
এই মিসকিনের কথা হইলঃ সর্বোচ্চ দিগন্তে যিনি প্রকাশিত হইলেন, যিনি নিকটবর্তী হইলেন বা ঝুঁকিলেন তিনি স্বয়ং খোদাতায়ালা। মে'রাজ অর্থ ঊর্ধ্বে আরোহন। এই উরুজ সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত তথা হোব্বে সেরফা ও মারদিয়াতে সেরফা পর্যন্ত। ইহার উপরে সৃষ্টির সাধ্য নাই অগ্রসর হওয়ার। রাসুলে পাক (সাঃ) সেই উচ্চতম দিগন্ত হোব্বে সেরফা ও মাবুদিয়াতে সেরফায় যখন পৌঁছাইলেন, আল্লাহপাক তাঁহার সম্মুখ-যাত্রা বন্ধ করিয়া দিলেন। বলিলেন, “হে মুহাম্মদ! আপনি থামুন। আপনার খোদা নামাজ পড়িতেছে।" অতঃপর খোদাতায়ালা নবীজী (সাঃ) এর দৃষ্টি শক্তি বৃদ্ধি করিয়া নিজ সম্মুখ হইতে যাবতীয় পর্দা সরাইয়া পেয়ারা হাবীবকে কৈফিয়তশূন্য লাবণ্যময় দর্শন দান করিলেন।
সর্বোচ্চ দিগন্তে যাহাকে দেখিলেন তিনি আল্লাহ স্বয়ং; জিব্রাইল নহে। ফেরেশতা জিব্রাইলের কি সর্বোচ্চ দিগন্তে পৌঁছিবার ক্ষমতা আছে? মুজাদ্দেদীয়া তরিকার সাধক বর্গ ভালভাবেই জ্ঞাত আছেন যে, ফেরেশতাদের শেষ গন্তব্য বেলায়েতে উলিয়া। তাহার উপরে ফেরেশতাদের যাওয়ার ক্ষমতা নাই। হয়তো এই কারণেই মে'রাজ কালীন সময়ের একটি পর্যায়ে আসিয়া জিব্রাইল ফেরেশতা নবী করীম (সাঃ) কে বলিতে বাধ্য হইয়াছিলেন, "ইয়া রাসূলাল্লাহ! এবার আপনি একাকীই যাবেন; আমি আর আপনার সংগী হইতে পারিব না। যদি একচুল পরিমানও উপরের দিকে যাইবার দুঃসাহস দেখাই, তাহা হইলে আল্লাহর জাতি নূরের তাজাল্লীতে আমার ডানা পুড়িয়া ভষ্ম হইবে।" যে জিব্রাইল (আঃ) বেলায়েতে উলিয়ার উপরে যাইতে পারেন না, তিনি কি করিয়া সর্বোচ্চ দিগন্তে প্রকাশ পাইবেন? ইহা অসম্ভব কথা নয় কি? কাজেই উচ্চতম আকাশে জিব্রাইল নহে, আল্লাহপাকই নবীজী (সাঃ) এর নিকট প্রকাশিত হইয়াছিলেন। তিনিই নবী করীম (সাঃ) কে প্রেম আকর্ষণে টানিয়া একান্ত সান্নিধ্যে নিয়াছিলেন।
একই সূরার নয় (৯) নং আয়াতে আছে, "ফাকানা ক্বাবা ক্বাউসাইনে আও আদনা” অর্থাৎ তখন (তাহাদের মধ্যে) দুই ধনুকের ব্যবধান ছিল বা আরও কম।
মে'রাজ রজনীর একটি পর্যায়ে ফেরেশতা জিব্রাইল (আঃ) আরও অধিক ঊর্ধ্বে যাওয়ার অপরাগতা প্রকাশ করিয়া দয়াল নবী (সাঃ) কে একাই যাইতে পরামর্শ দিলেন। দয়াল নবী (সাঃ) একাকীই রওয়ানা দিলেন। চুম্বকের আকর্ষণে লৌহ যেমন দ্রুত চুম্বকমুখী ধাবিত হয়, তেমনি খোদার প্রেমাকর্ষণে নবীজী প্রেমিক ও প্রেমাস্পদ খোদাতায়ালার দিকে ধাবিত হইলেন। এই যাত্রা ছিল বেলায়েতে উলিয়া হইতে হোব্বে সেরফার দিকে যে মাকামের (দিগন্তের) পরেই আছে খোদাতায়ালার নিছক জাত। বেলায়েতে উলিয়াতে আছে জাতমিশ্রিত সেফাতি নূর। অর্থাৎ সেফাতও আছে, জাতও আছে। আবার কামালাতে আছে জাতি নূর। সূরার নয় (৯) নং আয়াতের 'কাবা কাওসাইন'-এর প্রকাশ হয় বেলায়েতে উলিয়াতে। এই কাওস (ধনুক) দ্বয় হইলঃ কাওসে সিফাত ও কাওসে জাত। এর ঊর্ধ্বে কামালাতে নবুয়ত হইতে "আও আদনা"র ভেদ প্রকাশ পায়। কারণ সেখানে কাওসে সিফাত আর থাকে না; থাকে কাওসে জাত।" অতঃপর হোব্বে সেরফায় প্রকাশ পায় নিছক জাত।
একই সূরার ১০ নং আয়াতে আছে-অতঃপর (আল্লাহ) তাঁর বান্দার প্রতি যাহা প্রত্যাদেশ করার; তাহা করিলেন।” অর্থাৎ উচ্চতম দিগন্তে বা হোব্বে সেরফায় পৌঁছানোর পর আল্লাহপাক দয়াল নবী (সাঃ) এর সাথে যা আলাপ করার ছিল তা করিলেন। তবে কি আলাপ করিলেন, তাহা আল্লাহ এবং তদীয় বন্ধুই জানেন, অন্য কেহ নহে।
জিব্রাইল দর্শনের প্রবক্তাগণের কথামত যদি ধরিয়াও নেওয়া হয় যে, সর্বোচ্চ দিগন্তে জিব্রাইল ছিলেন, আল্লাহ নহে; তবে পূর্ববর্তী আয়াতের ধারাবাহিকতা অনুযায়ী ১০ নং আয়াতের অর্থ যা দাঁড়ায় তাহা হইলঃ 'জিব্রাইল তাহার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার করিলেন।" প্রত্যাদেশ করা হইল নবীজী (সাঃ) এর প্রতি, আলোচ্য আয়াতে যাহাকে বান্দা হিসাবে উল্লেখ করা হইয়াছে। তবে কি জিব্রাইল নবীজী (সাঃ) এর প্রভু? একথা ভাবিতে শরীর শিহরিয়া উঠে। কাজেই আয়াতের ধারাবাহিকতাও প্রমাণ করে যে, উচ্চতম দিগন্তের সত্ত্বা জিব্রাইল নহে; স্বয়ং খোদা।
তবে খোদাদর্শনের বিপক্ষে মা আয়েশা যে যুক্তি দাঁড় করান, তাহা হইল, "চোখ আল্লাহর নাগাল পায় না, অথচ তিনি চোখের গতিবিধি দেখেন এবং তিনিতো সূক্ষুদ্রষ্টা ও সর্বজ্ঞ।" (সূরা আনআম)
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐক্যবদ্ধ মত এই যে, জড় জগতে থাকিয়া চর্ম চক্ষুতে আল্লাহতায়ালাকে দেখা সম্ভব নহে। এই ফকিরের মতও তাই। নবীজী (সাঃ) এই জগত হইতে খোদাকে দেখিয়াছেন-এমন কথাতো আমরা বলি না। মে'রাজ রজনীতে তিনি জড় জগত, নূরের জগত ও সিফাতের জগত পার হইয়া উচ্চতম প্রান্ত হোব্বে সেরফা হইতে কুওতে নজরিয়ার মাধ্যমে খোদাতায়ালাকে দেখিয়াছেন। এখন কথা হইল-নবীজী (সাঃ) এর দর্শন চর্মচক্ষুতে ছিল, নাকি আধ্যাত্মিক চক্ষুতে ছিল? আমাদের বক্তব্য এই যে, নবীজী (সাঃ) মে'রাজ রজনীতে খোদাতায়ালাকে চর্ম চক্ষুতেই দেখিয়াছিলেন। ঊর্ধ্বজগতে নবীজী (সাঃ) এর ডিনা চাকের মাধ্যমে দেহকে টিকাইয়া রাখার ব্যাবস্থা যেমন খোদাতায়ালা করিয়াছিলেন, তেমনি জাতি নূরের প্রখরতা সহ্য করার শক্তিও তদীয় চক্ষুতে তিনিই দান করিয়াছিলেন।
নবুয়তের একাদশ বা দ্বাদশ বৎসরের মে'রাজ শারীরিক বিধায় সেইবারের মে'রাজে খোদাদর্শনও ছিল দৈহিক চোখে। এতদ্ব্যতীত আধ্যাত্মিক বা স্বাপ্নিক মে'রাজকালীন সময়ে খোদাদর্শন ছিল বাতেনী দৃষ্টিতে বা স্বপ্নে।
সমুদয় ওলী-আল্লাহই এই ব্যাপারে একমত। হযরত গউস পাক (রঃ) ছাহেব মে'রাজে খোদাদর্শন সম্পর্কে বলেন, হযরত রাসূলে পাক (সাঃ) মে'রাজের রাত্রে স্বীয় প্রতিপালক আল্লাহকে নিজের চর্ম চক্ষু দ্বারা অবলোকন করিয়াছেন। (গুনিয়াতুত্ত্বালেবীন)
হযরত ইবনে আব্বাসের বর্ণনায় যে হাদীসটি নসিহতের প্রথমদিকে উল্লেখ করা হইয়াছে যে, হযরত রাসূলে পাক (সাঃ) বলিয়াছেন, "আমি আমার পরওয়ারদিগারকে দেখিয়াছি"-এই হাদীস মোস্তাদরাকে হাকেম হইতে নকল করিয়া তাফসীরে জালালাইন শরীফে উদ্ধৃত হইয়াছে; যেখানে সূরা ইসরার তাফসীরে বর্ণিত দীর্ঘ হাদীসটির শেষভাগে উপরে উল্লিখিত ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত হাদীসটি উল্লেখ করিয়া হাশিয়ায় লিখিয়াছেন-
"ইসরার রাতে আমি পরওয়ারদিগারকে আমার মস্তকের এই চোখে দশবার দেখিয়াছি। প্রথমবার পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার সময় এবং অবশিষ্ট নয়বার প্রত্যাবর্তনকালে মূসা (আঃ) এর পরামর্শে আল্লাহর দরবারে নয়বার গমনপূর্বক প্রতিবারে পাঁচ ওয়াক্ত করিয়া নামাজ কমাইয়া আনার সময়।"
কাজেই বুঝা গেল, মে'রাজ রজনীতে নবীজী (সাঃ) খোদাতায়ালাকে দেখিয়াছেন; চর্মচক্ষুতেই দেখিয়াছেন। তবে চর্ম চক্ষুতে খোদাদর্শন রাসূলে পাক (সাঃ) এর জন্য খাছ। অন্য কোন নবী রাসূল বা ওলী-আল্লাহ চর্মচক্ষুতে আল্লাহকে দেখেন নাই; দেখা সম্ভবও নহে। রাসূলে পাক (সাঃ) এর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আধ্যাত্মিক মে'রাজ লাভ করিতে পারিলে তথা জড় জগত, নূরের জগত ও সিফাতের জগত পার হইয়া উচ্চতম মাকাম হোব্বে সেরফা ও মাবুদিয়াতে সেরফায় পৌঁছাইতে পারিলে ওজুদ মাওহুব লাহুর কুওতে নজরিয়ার মাধ্যমে খোদার কৈফিয়তশূন্য ও বর্ণনাতীত দর্শন লাভ করা যায়। প্রধান প্রধান সাহাবী এবং উচুস্তরের ওলী-আল্লাহসকল আধ্যাত্মিক নজরে খোদাতায়ালাকে দেখিয়াছেন; এখনও দেখেন।
হযরত আলী (রাঃ) বলিতেন, "আমি যাহাকে দেখি না, তেমন কোন প্রভুর ইবাদত আমি করি না।" (সেররুল আসরার)
হযরত উমর (রাঃ) বলিতেন, "আমার প্রভুর নূর দ্বারা আমার কালব আমার প্রভুর দীদার লাভ করিয়াছে।" (সেররুল আসরার)
হে জাকেরান সকল! তোমরা বুঝিলে যে, নবীজী (সাঃ) মে'রাজে খোদাতায়ালাকে দেখিয়াছেন। আরও বুঝিলে, মে'রাজে খোদাতায়ালাকে দেখা যায়। শারীরিক মে'রাজ রাসূলে পাক (সাঃ) এর জন্য খাছ ছিল। তবে উম্মতে মুহাম্মদীর জন্য আধ্যাত্মিক মে'রাজের দরজা খোলা আছে। কঠোর সাধনাবলে আধ্যাত্মিক মে'রাজ যদি তোমরা লাভ করিতে পার, তবে খোদাতায়ালার দর্শনও লাভ করিতে পারিবে। তখন এক অনাবিল শান্তি তোমরা লাভ করিবে যে শান্তি ভুক্তভোগী খোদাদর্শক ব্যতীত অন্য কেহ জানে না। তবে সে দর্শন কেমন, তাহা বর্ণনা করা যায় না। কারণ আল্লাহর কোন মেছাল নাই, উদাহরণ নাই, দৃষ্টান্ত নাই, উপমা নাই, তুলনা নাই, বুঝানোর কোন ভাষাও নাই। খোদাদর্শন সত্য; তবে তাহা বর্ণনাতীত ও কৈফিয়তশূন্য। এই নসিহত এই পর্যন্তই। দু'আ! ইতি।







