Logo

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩৩৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৫:৩৩
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১৩৩৬
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৩১ জন।

বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হাসপাতাল ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ৮৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD