হামের উপসর্গে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩৪

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৪ জন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে সর্বোচ্চ তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা।
বিজ্ঞাপন
এ সময়ে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—ঢাকা বিভাগে ৬০০ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ৩৩৭, চট্টগ্রামে ২৫৭, বরিশালে ১৪৩, ময়মনসিংহে ১২৪, খুলনায় ৯১ এবং রংপুরে ৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৬ হাজার ৩৮৯ জন।
এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ১৭৩ জনে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ৭৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।








