Logo

বাংলাদেশে নীরবে বাড়ছে এইচআইভি, উদ্বেগের তালিকায় তরুণরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:৪২
বাংলাদেশে নীরবে বাড়ছে এইচআইভি, উদ্বেগের তালিকায় তরুণরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনো ০.১ শতাংশের নিচে। তবে সামগ্রিক চিত্র স্বস্তিদায়ক হলেও তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নতুন সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অবিবাহিত তরুণ, শিক্ষার্থী এবং নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের প্রবণতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে। দেশের ৬৪ জেলাতেই নতুন করে এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার তথ্য পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে।

বিজ্ঞাপন

জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের ২০২৬ সালের গ্লোবাল এইডস রিপোর্ট ও কৌশলপত্রে বাংলাদেশসহ বিভিন্ন দেশের এইচআইভি পরিস্থিতি এবং সংক্রমণ প্রতিরোধের চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। সংস্থাটির বিশেষ প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে আনুমানিক ১৭ হাজার ৪৮০ থেকে ১৯ হাজার মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। তবে আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

এক বছরে নতুন সংক্রমণ প্রায় ৩২ শতাংশ বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ হাজার ৪৩৮। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে ৪৫৩ জন।

বিজ্ঞাপন

একই সময়ে এইডস-সম্পর্কিত মৃত্যুর সংখ্যাও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বার্ষিক মৃত্যুর সংখ্যা ২১৯ থেকে ৫৭০ পর্যন্ত উল্লেখ করা হয়েছে। ১৯৮৯ সালে দেশে প্রথম এইচআইভি শনাক্ত হওয়ার পর থেকে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত বছর দেশের ৬৪টি জেলাতেই নতুন সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। জেলা অনুযায়ী সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মুন্সিগঞ্জে। এরপর রয়েছে ফেনী, নড়াইল, নওগাঁ ও মাদারীপুর।

তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে সংক্রমণ

বিজ্ঞাপন

এইচআইভি সংক্রমণের নতুন প্রবণতায় তরুণদের অংশগ্রহণ বিশেষভাবে নজরে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের উল্লেখযোগ্য অংশ অবিবাহিত তরুণ। বিশেষ করে ২০ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

প্রতিবেদনে নতুন শনাক্ত রোগীদের প্রায় ৪২ শতাংশ অবিবাহিত তরুণ বলে উল্লেখ করা হয়েছে। যশোর, সিরাজগঞ্জ ও রাজশাহীর মতো জেলায় তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের গুচ্ছ বা ক্লাস্টার শনাক্ত হওয়ার তথ্যও উঠে এসেছে।

জনস্বাস্থ্যবিদ ও চিকিৎসকদের মতে, যৌনস্বাস্থ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব, অসচেতনতা এবং সুরক্ষাসামগ্রী ব্যবহারে অনীহা তরুণদের সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ ছাড়া যৌনতা নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণার কারণে অনেকেই প্রয়োজনীয় পরীক্ষা করাতে আগ্রহী হন না।

বিজ্ঞাপন

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে সংক্রমণের হার বেশি

নতুন সংক্রমণের বড় একটি অংশ ঘটছে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সংক্রমণের প্রায় ৫৬ শতাংশ এই জনগোষ্ঠীর মধ্যে শনাক্ত হচ্ছে। এর মধ্যে শিরায় মাদক গ্রহণকারী এবং পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনকারী পুরুষদের মধ্যে সংক্রমণের হার উল্লেখযোগ্য।

এ ছাড়া প্রবাসী কর্মী এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিবেদনে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষেত্রে ১১ শতাংশ সংক্রমণের তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত পরীক্ষা, সচেতনতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা না গেলে সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

পরীক্ষার বাইরে রয়ে গেছেন অনেক আক্রান্ত ব্যক্তি

দেশে এইচআইভি শনাক্তকরণ ও চিকিৎসার আওতা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট পরিসংখ্যানে আক্রান্তদের প্রায় ৬৩ শতাংশ শনাক্ত হওয়ার কথা বলা হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৪ শতাংশ চিকিৎসার আওতায় রয়েছেন। তবে মোট সম্ভাব্য আক্রান্তের হিসাবে চিকিৎসা পাচ্ছেন আনুমানিক ৪৪ শতাংশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অর্থাৎ সংক্রমিত অনেক মানুষ নিজেদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানেন না। আবার শনাক্ত হওয়ার পরও সামাজিক বৈষম্য, লোকলজ্জা ও চিকিৎসা সম্পর্কে ভুল ধারণার কারণে অনেকে নিয়মিত চিকিৎসা নিতে আগ্রহী হন না।

বর্তমানে দেশের ২৩টি জেলায় সীমিত পরিসরে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চালু রয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রয়োজনীয় সেবা পাওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ছে।

৬৪ জেলায় পরীক্ষাকেন্দ্র স্থাপনের পরিকল্পনা

বিজ্ঞাপন

পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি জেলার প্রধান সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এইডস) মোহাম্মদ খায়রুজ্জামান বলেন, ‘বর্তমানে ২৩ জেলায় এইচআইভি পরীক্ষার সেবা রয়েছে। নতুন শনাক্তের প্রবণতা বাড়ায় পরীক্ষা ও চিকিৎসাসেবা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে প্রতিটি জেলা সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় সব জেলা হাসপাতালে এইচআইভির ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং পরীক্ষা করার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।’

প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৬৪ জেলার প্রধান সরকারি হাসপাতালে একটি করে এইচআইভি পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রায় ১৭ হাজার ৭০০ এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তিন হাজার শিশুসহ মোট ৩ হাজার ৭৬০ জনকে চিকিৎসা ও পুষ্টি সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিজ্ঞাপন

ইউনিয়ন পর্যায় থেকে পরীক্ষার উদ্যোগ

আগামী তিন বছরের মধ্যে দেশের ৯৫ শতাংশ এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এইচআইভি) ডা. খায়রুজ্জামান বলেন, ‘এইচআইভি প্রান্তিক পর্যায়ে যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য ইউনিয়ন পর্যায় থেকে সন্দেহভাজনদের পরীক্ষা করে চিকিৎসা দিতে এ উদ্যোগ।

এখানে প্রথম ইউনিয়ন পর্যায় থেকে সংক্রমণে সন্দেহভাজনদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। সেখানে স্ক্রিনিং করে এইচআইভি পজেটিভ হলে জেলা হাসপাতালে পাঠানো হবে। সেখানে পরীক্ষা শেষে দেশের ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। এখানে আমাদের লক্ষ্য এইচআইভি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ৯৫ শতাংশকে পরীক্ষার আওতায় নিয়ে আসা।’

পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিদের প্রাথমিকভাবে শনাক্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। সেখানে প্রাথমিক পরীক্ষা বা স্ক্রিনিংয়ের পর ফলাফল ইতিবাচক হলে জেলা হাসপাতালে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদের নির্ধারিত ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আন্তর্জাতিক অর্থায়ন কমায় বাড়ছে চ্যালেঞ্জ

এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়াও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ইউএনএইডসের ২০২৬ সালের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উন্নয়ন সহায়তা ও আন্তর্জাতিক তহবিল হ্রাসের কারণে বিভিন্ন দেশে প্রতিরোধমূলক কার্যক্রম এবং কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়া এবং অর্থায়নের সংকটের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত পরীক্ষা, সচেতনতা কার্যক্রম ও চিকিৎসাসেবা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ছে।

আরও পড়ুন

এ পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যের জন্য এইডসের হুমকি দূর করার লক্ষ্য নিয়ে ইউএনএইডস ২০২৬-২০৩১ মেয়াদের নতুন কৌশলপত্র গ্রহণ করেছে। এতে আন্তর্জাতিক দাতাদের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়ন বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক ওষুধের ব্যবহার নিয়েও নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে। বছরে মাত্র দুবার ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা যায়, এমন প্রতিরোধমূলক ওষুধ সংক্রমণ রোধে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হচ্ছে।

বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ

বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি সংস্থার ড্রপ-ইন-সেন্টারে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা, কাউন্সেলিং ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এসব সেবা পাওয়া যায়।

আক্রান্ত ব্যক্তিদের জন্য জীবনরক্ষাকারী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি ওষুধ সরবরাহ করা হয়। যথাসময়ে রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরাও দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি হলো সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত পরীক্ষা, গোপনীয়তা নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য দূর করা। একই সঙ্গে তরুণদের যৌনস্বাস্থ্য বিষয়ে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও সহজলভ্য পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা মোকাবিলা কঠিন হয়ে উঠতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD