Logo

অদৃশ্য ঘাতকের বিরুদ্ধে বিজ্ঞানের পাল্টা আঘাত

profile picture
বশির হোসেন বাবু
ঢাকা
২৪ আগস্ট, ২০২৬, ১৯:৪৯
অদৃশ্য ঘাতকের বিরুদ্ধে বিজ্ঞানের পাল্টা আঘাত
ছবি: সংগৃহীত

# এইচআইভি চার দশকের গবেষণায় মৃত্যুভীতি থেকে নিয়ন্ত্রণের লড়াই # ভাইরাস এখনও অদম্য, তবে বিজ্ঞানও পিছু হটেনি

বিজ্ঞাপন

চোখে দেখা যায় না। অথচ মানুষের শরীরে প্রবেশ করে ধীরে ধীরে আঘাত হানতে পারে রোগপ্রতিরোধ ব্যবস্থার মেরুদন্ডে। দীর্ঘদিন নীরব থেকে শরীরের প্রতিরক্ষা কাঠামো দুর্বল করে দিতে পারে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস(এইচআইভি)। কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে চলা বৈজ্ঞানিক অনুসন্ধান সেই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে মানুষের অবস্থান পাল্টে দিয়েছে। একসময় যে সংক্রমণকে ঘিরে ছিল মৃত্যুর আতঙ্ক, আজ তা অনেক ক্ষেত্রেই নিয়মিত চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘমেয়াদি অবস্থায় পরিণত হয়েছে।

তবু যুদ্ধ শেষ হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসাব বলছে, ২০২৫ সালের শেষে বিশ্বে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন। ওই বছর আনুমানিক ১২ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হন এবং প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম(এইডস) সম্পর্কিত কারণে মারা যান। অর্থাৎ চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি যতই বিস্ময়কর হোক, ভাইরাসটির বৈশ্বিক অভিঘাত এখনও নির্মূল হয়নি।

শরীরে ঢুকে যে যুদ্ধ শুরু করে ভাইরাস: এইচআইভি সাধারণ কোনো সংক্রমণ নয়। এটি মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থার নির্দিষ্ট কোষকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ভাইরাসটি সেই কোষের ভেতরে নিজের অনুলিপি তৈরি করতে থাকে। চিকিৎসা না হলে সময়ের সঙ্গে রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হতে পারে। সংক্রমণের অগ্রসর পর্যায়ে দেখা দিতে পারে এইডস অর্জিত রোগপ্রতিরোধ ক্ষমতা ঘাটতি জনিত জটিল অবস্থা। তবে এই জায়গাতেই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় পরিবর্তন। এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করা গেলে ভাইরাসের বংশবিস্তার ব্যাপকভাবে দমন করা সম্ভব। ফলে রোগপ্রতিরোধ ব্যবস্থা দীর্ঘ সময় কার্যকর রাখা যায় এবং আক্রান্ত ব্যক্তি দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

বিজ্ঞাপন

এইচআইভিকে ঘিরে সামাজিক আতঙ্কের বড় অংশ তৈরি হয়েছে ভুল তথ্য থেকে। বৈজ্ঞানিক গবেষণায় সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে এইচআইভি সাধারণ সামাজিক সংস্পর্শে ছড়ায় না। হাত মেলানো, আলিঙ্গন, পাশাপাশি বসা, একই খাবার খাওয়া, একই গ্লাস ব্যবহার কিংবা সাধারণ সামাজিক মেলামেশার মাধ্যমে এইচআইভি সংক্রমিত হয় না। সংক্রমণের প্রধান পথ হলো নির্দিষ্ট কিছু শারীরিক তরলের সংস্পর্শ। এর মধ্যে রয়েছে রক্ত, বীর্য, যোনিপথের তরল ও বুকের দুধ। অসুরক্ষিত যৌনসম্পর্ক, সংক্রমিত সূঁচ বা ইনজেকশন সরঞ্জাম ভাগাভাগি এবং গর্ভাবস্থা, প্রসব বা স্তন্যদানের সময় মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ গুরুত্বপূর্ণ সংক্রমণপথ।

যে চিকিৎসা ভাইরাসকে থামিয়ে দেয়: এইচআইভি মোকাবিলায় সবচেয়ে বড় বৈজ্ঞানিক অস্ত্রগুলোর একটি হলো অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা। এই চিকিৎসা ভাইরাসকে শরীর থেকে সাধারণভাবে সম্পূর্ণ নির্মূল করে না। বরং ভাইরাসের বংশবিস্তার এমন পর্যায়ে দমন করতে পারে যে রক্তে এর পরিমাণ পরীক্ষায় শনাক্ত না-ও হতে পারে। এখান থেকেই এসেছে চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ধারণাÑ নিয়মিত চিকিৎসার মাধ্যমে কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তির ভাইরাসের মাত্রা দীর্ঘসময় শনাক্তযোগ্য সীমার নিচে থাকলে যৌনসম্পর্কের মাধ্যমে অন্য ব্যক্তির মধ্যে এইচআইভি সংক্রমণ ঘটে না।

সংক্রমণের আগেই প্রতিরোধের নতুন কৌশল: এইচআইভির বিরুদ্ধে লড়াই এখন শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সীমাবদ্ধ নেই। পূর্ব-সংস্পর্শ প্রতিরোধী চিকিৎসা, অর্থাৎ সম্ভাব্য সংক্রমণের আগে নির্দিষ্ট ওষুধ গ্রহণের পদ্ধতি, এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/এসডি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD