ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৪৯৯

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। অর্থাৎ টানা দুই দিনেই প্রাণঘাতী এ রোগে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ ১৭৪ জন প্রাণ হারান। সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
ক্রমাগত বাড়তে থাকা আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান দেশের ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।






