আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ শনিবার (১৪ নভেম্বর)। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রোগটি প্রতিরোধে মানুষকে উৎসাহিত করতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’। প্রতিবছর বিশ্বের প্রায় ১৭০টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। পরবর্তী সময়ে ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের স্বীকৃতি চেয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের ২০২৫ সালের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
বিজ্ঞাপন
সংস্থাটির পূর্বাভাস বলছে, প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে দাঁড়াতে পারে।
এ রোগের ঝুঁকি কমাতে জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ও বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা।
তিনি জানান, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত এবং ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। শরীরের ওজন ৫ থেকে ৭ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ডা. ফারিয়া আফসানা আরও বলেন, ৩৫ বছর বা তার বেশি বয়সী প্রত্যেকের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। এর কম বয়সীদের মধ্যে যাদের অতিরিক্ত ওজন, পারিবারিক ডায়াবেটিসের ইতিহাস, উচ্চ রক্তচাপ, পিসিওএস কিংবা গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাদেরও আগেভাগে পরীক্ষা করানো প্রয়োজন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। সমিতির অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন জেলার অধিভুক্ত সংগঠনগুলোও পৃথক কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে পোস্টার, লিফলেট ও স্টিকার প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞাপন
দিবসটির মূল উদ্দেশ্য হলো ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।







