২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৮৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৬ হাজার ৬৪৬ শিশু শনাক্ত হয়েছেন। তার মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ১১১ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকায় ৪৫২ শিশু। এ ছাড়া চট্টগ্রামে ২০৮ শিশু, সিলেটে ১৩৬ শিশু, বরিশালে ১০০ শিশু, খুলনায় ৭১ শিশু, ময়মনসিংহে ৫৭ শিশু, রংপুরে ৩১ শিশু এবং রাজশাহীতে ২৯ শিশু শনাক্ত হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২০ হাজার ২৪৭ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে দুই লাখ ১১ হাজার ৩০৩ শিশু।







