ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন রোগী।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৮৩ জন। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত অক্টোবরে। ওই মাসে ১৭৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৪ জন।
বিজ্ঞাপন
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।







