ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৬১৫

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫১০ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জনে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩১৯ জন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৩৬ জন রয়েছেন। অর্থাৎ ঢাকা বিভাগে মোট নতুন রোগী ৬৫৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশালে ২১৩ জন, খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, রংপুরে ৬০ জন, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২৩৭ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন আরও ৯৯ জন।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে মারা গেছেন ২২৬ জন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ২০০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৮৭ জন, চট্টগ্রামে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।








