Logo

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৯ নভেম্বর, ২০২৬, ২১:০৪
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন
ছবি: সংগৃহীত

বরিশাল নগরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির নিচতলার একটি কক্ষ ও সেখানে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভবনের জানালার কাচও ভাঙচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকায় আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাড়িটিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে জড়ো হয়। একপর্যায়ে তারা জিয়াউল আহসানের বাসভবনে প্রবেশ করে ভবনের জানালার কাচ ভাঙচুর করে। পরে নিচতলার একটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়িতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না।

বিজ্ঞাপন

ভবনটির অন্য অংশে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে অবস্থান করছেন না। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD