Logo

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১৯ নভেম্বর, ২০২৬, ১৯:৩৬
বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা এবং দুটি বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি এবং অন্যান্য আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা হয়।

বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে জড়িত ব্যক্তিরা সেখান থেকে সরে যায়। পরে পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক অভিযোগ করেন, রাতের অন্ধকারে শেখ হাসিনার অনুসারীরা বারুইপাড়া ইউনিয়নের ঝাউতলায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করেও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD