Logo

ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগ

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
১৯ নভেম্বর, ২০২৬, ১৮:৫২
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগ
ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবি ও দলীয় কার্যক্রমের ছবি পাওয়ার পর তাঁকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি প্রাইভেটকারে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজি। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান। পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় হামলাকারীদের হাত থেকে ময়েন ও চালক হাসান কোনোভাবে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।

ঘটনার বর্ণনা দিয়ে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে যাচ্ছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তার ওপর গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়ার আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। একপর্যায়ে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বলে চিৎকার করে। পরে মনিরুল হক ফরাজীকে ওরা ধরে নিয়ে যায়। সে সময় গাড়ি ফেলে আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯-এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোনো সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারিনি।

বিজ্ঞাপন

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন তাঁকে মনিরুল হক ফরাজির নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন। তাঁকে উদ্ধারে দলীয়ভাবে চেষ্টা চলছে। দলের কেন্দ্রীয় হাইকমান্ডকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মনিরুল হক ফরাজির স্ত্রী ও সন্তানেরা দেশের বাইরে থাকায় তাঁদের পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হকের বিষয়ে আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা সার্বিক খোঁজ-খবর নিচ্ছি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD