এবার নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনির বাড়িতে আগুন

চাঁদপুরে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির পরিত্যক্ত বাসা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রথম আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এর প্রায় এক ঘণ্টা পর রাত ১০টার দিকে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির পরিত্যক্ত বাসার একটি কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের সদস্যরা পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।
অন্যদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। তবে ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং দীপু মনির বাসায় অগ্নিকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি তিনি।








