Logo

ট্রেনের বগি-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৯ নভেম্বর, ২০২৬, ১৯:০৯
ট্রেনের বগি-বাস ও ইউপি কার্যালয়ে আগুন দিয়ে নিষিদ্ধ আ.লীগের নাশকতা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় চলন্ত ট্রেনের বগি, পার্কিং করে রাখা বাস, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বিএনপির এক নেতার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে গৌরীপুর উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করা হয়। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

এরপর বৃহস্পতিবার ভোররাতে ভালুকা উপজেলায় সড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই রাতে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ির সদস্যদের দাবি, পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানিয়েছে, সেখানে পেট্রল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন মহানগর আওয়ামী লীগের কর্মীরা।

একই সময়ে তারাকান্দা উপজেলার নির্বাচনী বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয়। ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া নান্দাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে পৃথক মিছিল বের করার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, ফুলপুর ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গোপনে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ আরও সতর্ক রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD