Logo

ময়মনসিংহ মেডিকেলে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও বৃক্ষরোপণ

profile picture
জেলা প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৬, ১৯:৩৬
ময়মনসিংহ মেডিকেলে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও বৃক্ষরোপণ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতাল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেছেন আয়োজকরা। শনিবার (২১ নভেম্বর) বাদ আসর হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।

এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা জাহিদ কামাল, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ও ড্যাব মমেক হাসপাতালের সদস্য সচিব ডা. পারভেজ শামছ, সাবেক ছাত্রদল নেতা ডা. রুহুল কুদ্দুস রূপম, অধ্যাপক ডা. শাহ আসাদুজ্জামান, অধ্যাপক ডা. আমিনুল ইসলাম শামীম, ড্যাব নেতা ডা. সাদ, ডা. আব্দুল্লাহ আল কায়সার আরমান এবং মমেক ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্যাব নেতা ডা. আল্লামা ইকবাল। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি নোমান রিফাত।

বিজ্ঞাপন

আলোচনা সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা জাহিদ কামাল বলেন, তারেক রহমানের মতো একজন যোগ্য নেতৃত্ব দেশের দায়িত্বে আসা জাতির জন্য আশীর্বাদ। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করছেন। দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে সকলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। যারা দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্বের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশবান্ধব সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন উপস্থিত চিকিৎসক ও নেতৃবৃন্দ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD