যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩৫ মোটরসাইকেলে আগুন-ভাঙচুর

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ির গোপালঘাট্টা এলাকার কেফায়েত নগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েত নগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেছেন অংশগ্রহণকারীরা। এ সময় মিছিলে থাকা মোটরসাইকেলগুলো লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান। এ ছাড়া কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলেও দাবি করেছেন যুবদলের মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।
ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসকেরা।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








