Logo

পাবনায় টানা তিন দিন আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিকে প্রত্যাহার

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৬
পাবনায় টানা তিন দিন আ.লীগ-বিএনপির সংঘর্ষ, ওসিকে প্রত্যাহার
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর পরিবর্তে পাবনা সদর সার্কেল কার্যালয়ের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে তাঁর স্থলে ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই রাতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এর আগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা অব্যাহত থাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেলেও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষের ঘটনার পর থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD