বিএনপির ধাওয়ায় ককটেল ফেলে পালালেন নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বের করা মশালমিছিলে ধাওয়া দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জ্বলন্ত আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকার একটি সড়কে মশালমিছিল বের করেন। মিছিলটি বগুড়া-নাটোর মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মশাল ফেলে গ্রামের ভেতরে চলে যান মিছিলকারীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল এবং একটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে চলে যান। নাশকতার উদ্দেশ্যে ওই মিছিল বের করা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।








