Logo

বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পাবনার বেড়া

profile picture
উপজেলা প্রতিনিধি
বেড়া, পাবনা
২১ নভেম্বর, ২০২৬, ১৭:০৬
বিএনপি-আ.লীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পাবনার বেড়া
ছবি: সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে পুরো পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত তিনদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে সেখানে উত্তেজনা দেখা দেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে উত্তেজিত জনতা ওসির সঙ্গে কথা কাটাকাটিতে জড়ায়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর ও ক্যামেরাপারসনকে মারধর করা হয়।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে বেড়ার বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা সভায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দল সরকারের চেয়ে বড় হতে পারে না। সবার দাবি, এ ঘটনার একটি সমাধান হওয়া প্রয়োজন। পৌরসভার বাইরে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের তথ্য তার কাছে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান ওসির কিছু দুর্বলতা রয়েছে বলে তার মনে হয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক ও সংশোধনের চেষ্টা করেছেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শক্ত অবস্থানে আছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষ জমায়েত হয়েছে। পুলিশ, এসআরবি ও ম্যাজিস্ট্রেট মাঝখানে অবস্থান করছেন। উত্তেজিত ব্যক্তিদের শান্ত করে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD