Logo

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২২ নভেম্বর, ২০২৬, ১৪:০২
গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা
ছবি: সংগৃহীত

বেতন বাড়ানোর দাবিতে আবারও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে থাকেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধভাবে হাতে লাঠি-সোঁটা হাতে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় পাঁচ মিনিটের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা মহাসড়কের পাশ দিয়ে মিছিল করতে করতে আনসার রোডের দিকে এগিয়ে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। এসময় শ্রমিকরা পিছু হটে ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে নেয়। পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে আনসার রোড থেকে পশ্চিম দিকে পাঠিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD