Logo

২৩ নভেম্বর মালিকপক্ষ মজুরি প্রস্তাব না দিলে আইনি অনুযায়ী ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ২০:২১
২৩ নভেম্বর মালিকপক্ষ মজুরি প্রস্তাব না দিলে আইনি অনুযায়ী ব্যবস্থা
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী ২৩ নভেম্বরের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার আশা করছে নিম্নতম মজুরি বোর্ড। নির্ধারিত দিনে মালিকপক্ষ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি স্পষ্ট করেছেন, নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করেই নতুন মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগামী ২৩ নভেম্বর বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি আগেই জানানো হয়েছে। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে তিনি প্রত্যাশা করছেন। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ তার নেই। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন ও বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরিদর্শক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা ঘুরে দেখে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বেতন, দাবি-দাওয়া, পারিবারিক পরিস্থিতি ও কর্মপরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক ও মালিক উভয় পক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শ্রমিকদের বর্তমান আয়, প্রত্যাশিত বেতন এবং পরিবারের কতজন সদস্য তাদের উপার্জনের ওপর নির্ভরশীল, সেসব বিষয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে মালিকপক্ষের আর্থিক সক্ষমতা, সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়েও তথ্য নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মজুরি বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছিল। তাদের মনে প্রশ্ন ছিল, মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব দেওয়া থেকে সরে যাচ্ছে কি না কিংবা বোর্ডের কাজে অসহযোগিতা করছে কি না। তবে তার ওপর কোনো পক্ষের চাপ নেই। বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

মজুরি বোর্ডের কার্যক্রমের সময়সীমা সম্পর্কে সৈয়দ আজাদ সুবহানী জানান, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। এর তিন দিন পর ৪ নভেম্বর তার সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কার্যক্রম শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে শ্রমিক ও মালিক উভয় পক্ষই দ্রুত মজুরি নির্ধারণের কাজ শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করা সম্ভব হবে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে শ্রমসাধ্য উল্লেখ করে তিনি বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি নিরপেক্ষ প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবার মতামত বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠন আলাদা প্রস্তাব দিলে সেগুলো পর্যালোচনা করতে যথেষ্ট সময় প্রয়োজন। এতসব কাজের মধ্যেও বোর্ডের সদস্যরা দিন-রাত পরিশ্রম করছেন।

বিজ্ঞাপন

কারখানার কর্মপরিবেশ নিয়ে শ্রমিকদের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করা হয়েছে, সেখানে কোনো শ্রমিক কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় কেউ কেউ আর্থিক চাপের কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনেও দুজন শ্রমিক তাদের পারিবারিক ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরেছেন।

শ্রমিক পরিবারের আয়-ব্যয়ের প্রসঙ্গে তিনি জানান, কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করছেন। কোথাও ভাইয়েরা একসঙ্গে কাজ করছেন, আবার পরিবারের সন্তানরাও উপার্জনে যুক্ত। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের সম্মিলিত মাসিক আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের একাধিক সদস্য কর্মক্ষম হয়ে উপার্জন করতে পারলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

শ্রমিকদের আন্দোলনের অধিকার প্রসঙ্গে সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকরা আন্দোলন না করলে তাদের প্রকৃত সমস্যা ও প্রয়োজন সম্পর্কে মালিকপক্ষ কিংবা মজুরি বোর্ডের পক্ষে জানা কঠিন হতো। রাষ্ট্র শ্রমিকদের আন্দোলনের অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অধিকার কারও নেই।

বিজ্ঞাপন

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আপনাদের এই অধিকারকে সম্মান করি। আপনারা ধৈর্য ধারণ করুন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাভার ও আশুলিয়ার কয়েকটি নির্দিষ্ট এলাকায় বারবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটার কারণ এবং গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দায়িত্ব মূলত নিম্নতম মজুরি নির্ধারণ করা। এ জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের নিজস্ব ব্যবস্থা রয়েছে। চাইলে চিঠি দিয়েও তথ্য নেওয়া সম্ভব ছিল। কিন্তু শ্রমিক ও মালিকদের কাছে সরাসরি গিয়ে তাদের সমস্যা, প্রত্যাশা ও সুবিধার বিষয়গুলো জানার চেষ্টা করছেন তিনি। কোনো সংস্থা দায়িত্ব পালনে ব্যর্থ কি না, সে বিষয়ে মন্তব্য করা তার কাজের আওতাভুক্ত নয়।

বোর্ডের সীমিত জনবল নিয়েও কথা বলেন চেয়ারম্যান। তার ভাষ্য, ব্যক্তিগতভাবে ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের কাছে পৌঁছানো সম্ভব নয়। তবে গণমাধ্যমের মাধ্যমে অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক শ্রমিকের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়। মজুরি বোর্ডে চেয়ারম্যানসহ সাতজন সদস্য, একজন সচিব এবং ১০ থেকে ১২ জন সহায়ক কর্মী রয়েছেন। বিপুলসংখ্যক শ্রমিকের মজুরি নির্ধারণে এত অল্পসংখ্যক জনবল নিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান তিনি।

সবশেষে পোশাকশিল্পের গুরুত্ব তুলে ধরে সৈয়দ আজাদ সুবহানী বলেন, দেশের রপ্তানি আয়ে পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি। কোনোভাবেই এই শিল্প ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। শ্রমিকদের জন্য ভালো কিছু করা সম্ভব হলে সেই অর্জনের সামান্য অংশীদার হতে চান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD