সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে তিন বাহিনীর প্রধানের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
সারা দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনের শুরুতে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।
বিজ্ঞাপন

এ আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের পরিবারের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে প্রথমবারের মতো স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন অবস্থানে চালানো এই সম্মিলিত আক্রমণ মুক্তিযুদ্ধের গতিপথে নতুন মাত্রা যোগ করে।

গেরিলা অভিযানের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরোধ পাকিস্তানি বাহিনীর সামরিক সক্ষমতাকে ক্রমেই দুর্বল করে দেয়। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জনের পথ সুগম হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।








