দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানাল র্যাক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে র্যাকের নেতারা বলেন, দুর্নীতি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম বড় বাধা। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি, তথ্যনির্ভর অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমানভাবে প্রয়োজন।
বিজ্ঞাপন
র্যাক মনে করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়। বরং রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগেই এ লড়াইকে কার্যকর করা সম্ভব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল ও কার্যকর হবে এবং প্রতিষ্ঠানটি জনসাধারণের আস্থার প্রতীকে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
একই সঙ্গে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করেন র্যাকের নেতারা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তাঁরা।








