জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর মূল শক্তি: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থার মধ্যে নিহিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন—এটাই দেশের মানুষের প্রত্যাশা।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবের অধ্যায়। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। এই সমন্বিত সামরিক উদ্যোগ মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পথকে আরও ত্বরান্বিত করেছিল। বাহিনীগুলোর পারস্পরিক ঐক্য, দেশপ্রেম ও বীরত্ব আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের চেতনাকে শক্তিশালী করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাষ্ট্রপতি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরবর্তী সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আধুনিকায়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেন। সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, ধারাবাহিক এসব উদ্যোগের ফলে সশস্ত্র বাহিনী বর্তমানে একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সরকার বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও দক্ষ চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা হুমকি ও ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা, প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা বিশ্বপরিসরে বাংলাদেশের ভাবমূর্তি এবং মর্যাদা উজ্জ্বল করছে।
বিজ্ঞাপন
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন ও সাফল্য কামনা করেন। পাশাপাশি বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।








