আজ সশস্ত্র বাহিনী দিবস, দেশজুড়ে নানা আয়োজন ও সংবর্ধনা

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
বিজ্ঞাপন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ২১ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অন্যান্য মুক্তিযোদ্ধা, আধাসামরিক বাহিনী এবং সাধারণ মানুষের সঙ্গে সমন্বিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ শুরু করেন। সেই ঐতিহাসিক অভিযানের স্মরণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
এই সম্মিলিত সামরিক অভিযানের ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নতুন গতি সঞ্চারিত হয়। পরবর্তী সময়ে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পথ আরও সুগম হয়।
শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাঁরা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।
এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, কূটনীতিক এবং বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা অংশ নেবেন। পাশাপাশি জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দেশজুড়ে সেনানিবাস ও নৌঘাঁটিতে বিশেষ আয়োজন
রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের সেনানিবাস ও ঘাঁটিতে এসব আয়োজন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সাধারণ মানুষের জন্য বিশেষ সুযোগ রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সাজানো জাহাজগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।
বিজ্ঞাপন
আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সাধারণ মানুষ এসব জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।
সশস্ত্র বাহিনী দিবসের এসব আয়োজনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অবদান, আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করা হচ্ছে।








