Logo

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৬, ১৯:৪১
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠায় বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধের আলোকে দায়িত্ব পালন না করেন, তাহলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যেকোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে। এজন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট ও ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি।

তিনি স্মরণ করিয়ে দেন, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তিই অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।

বিজ্ঞাপন

সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না। বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে তিনি বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে আইনমন্ত্রী আরও বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। একই সঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।

ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

আগামী দিনের দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয় এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD