দেশের সাত জেলায় নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার

দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বর্তমানে বিভিন্ন জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার সদস্য মোতায়েনের কার্যক্রম চলছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় জনজীবন এবং শিল্পকারখানার কার্যক্রমে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। একই সঙ্গে গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরানো, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাত জেলায় আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
এর পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহে আরও দুই প্লাটুন করে চার প্লাটুন আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। এ ছাড়া গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
মোতায়েন করা আনসার সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের অবস্থান রয়েছে। ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোডে নিরাপত্তা কার্যক্রম চলছে। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকাতেও সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে।
গাজীপুরের শিল্পাঞ্চলেও আনসার সদস্যদের নজরদারি অব্যাহত রয়েছে। তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন তারা। বেশির ভাগ কারখানায় শ্রমিকদের কাজে যোগদান এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তাকর্মীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের উপস্থিতি রয়েছে। তাদের তৎপরতায় কয়েকটি এলাকায় শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং সড়ক ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
বিজ্ঞাপন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্নে মানুষের চলাচল বজায় রাখতে পরিস্থিতি অনুযায়ী আনসার সদস্যদের এই নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।








