Logo

গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তি, প্রকৃত ঘটনা জানাল বাহিনী

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২০ নভেম্বর, ২০২৬, ১৪:৪৪
গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তি, প্রকৃত ঘটনা জানাল বাহিনী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে পরে সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বিজ্ঞাপন

বাহিনীটির দাবি, কারাগারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়ন সদস্যদের খাবার সরবরাহ করতে গিয়ে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ বাধার মুখে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি তাঁদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়।

পরবর্তী সময়ে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাহিনীটি।

সম্প্রতি ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আনসার বাহিনীর বক্তব্য অনুযায়ী, গণমাধ্যমে প্রকাশিত ওই তথ্য প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহে নিয়োজিত কর্মীদের জিম্মি করা, ভয়ভীতি প্রদর্শন এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের ঘটনাকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

বাহিনীটি আরও জানায়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছিল।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় তারা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দায়িত্ব পালনরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানিয়েছে বাহিনীটি। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে। প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD