সিপিডির মজুরি প্রস্তাবে আপত্তি বিজিএমইএর, চায় আরও স্বচ্ছ পরামর্শ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক প্রস্তাবের পদ্ধতি ও তথ্য-উপাত্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি আঞ্চলিক দারিদ্র্য পরিস্থিতি, পরিবারের সদস্যসংখ্যা, বিদ্যমান মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
বিজ্ঞাপন
গত ১৯ নভেম্বর সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে ১৮ নভেম্বর সিপিডির উপস্থাপিত ন্যূনতম মজুরি মূল্যায়ন ও প্রস্তাব নিয়ে কয়েকটি প্রশ্ন এবং সংশোধনী সুপারিশ জানিয়েছিল সংগঠনটি।
চিঠিতে বিজিএমইএ সিপিডির দীর্ঘদিনের গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে অবদানের প্রশংসা করে বলেছে, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের আর্থিক সামর্থ্য এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
পরিবারের সদস্যসংখ্যা নিয়ে প্রশ্ন
বিজ্ঞাপন
সিপিডির মজুরি প্রস্তাবে শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনক্ষম ব্যক্তির হিসাব নিয়ে আপত্তি তুলেছে বিজিএমইএ। সংগঠনটির মতে, পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে সিপিডি মধ্যক বা মিডিয়ান পদ্ধতিতে পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। তবে এক্ষেত্রে গড় বা মিন পদ্ধতি ব্যবহার করলে বিভিন্ন গবেষণার তথ্য আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজিএমইএ বলছে, সিপিডির ২০২৩ সালের নিজস্ব তৈরি পোশাকশ্রমিক জরিপে একটি পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন। একই জরিপে উপার্জনক্ষম সদস্যের গড় সংখ্যা পাওয়া যায় দুজন। ফলে তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বেড়ে যাওয়া এবং উপার্জনক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, জাতীয় পর্যায়ে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ছিল ৪ দশমিক ৬৬ জন। ২০১১ সালে তা কমে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়ায়। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা কমার ধারার বিপরীতে পোশাকশ্রমিকদের পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির বিষয়টি আরও ব্যাখ্যা করা প্রয়োজন বলে মনে করে বিজিএমইএ।
বিজ্ঞাপন
আঞ্চলিক দারিদ্র্যসীমা বিবেচনার দাবি
সিপিডির মূল্যায়নে পুরো পোশাকশিল্পের জন্য ঢাকা শহরের উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি হিসেবে নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ।
গৃহস্থালি আয় ও ব্যয় জরিপ ২০২২-এর তথ্য অনুযায়ী, ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি হলেও ঢাকা গ্রামের উচ্চ দারিদ্র্যসীমা তুলনামূলক কম, যা ৪ হাজার ২৩৪ টাকা। বিজিএমইএর মতে, ঢাকা শহর ও ঢাকা গ্রামের উচ্চ দারিদ্র্যসীমার গড় ৪ হাজার ৫৭৮ টাকা বিবেচনা করা হলে তা তুলনামূলক যৌক্তিক হতো।
বিজ্ঞাপন
সংগঠনটির সুপারিশ, ২০২২ সালের জরিপে পাওয়া অঞ্চলভিত্তিক উচ্চ দারিদ্র্যসীমা, পোশাক কারখানার অবস্থান এবং সংশ্লিষ্ট এলাকার রপ্তানি অবদান বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ গড় নির্ধারণ করা উচিত।
বিজিএমইএর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহরে অবস্থিত কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশে অবদান রেখেছে। অন্যদিকে, বাকি ৯১ শতাংশ রপ্তানি এসেছে অন্যান্য অঞ্চল থেকে। তাই শুধু ঢাকা শহরের ব্যয়কে ভিত্তি করে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে আঞ্চলিক বাস্তবতা উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবাসন ব্যয় দুইবার যুক্ত হওয়ার আশঙ্কা
বিজ্ঞাপন
সিপিডির মজুরি হিসাবের পদ্ধতিতেও অসংগতি দেখছে বিজিএমইএ। সংগঠনটির ভাষ্য, সিপিডির প্রতিবেদনের ২২ নম্বর স্লাইডে আঙ্কার পদ্ধতি অনুসরণ করে ২০২২ সালের গৃহস্থালি আয় ও ব্যয় জরিপের ৪০তম শতাংশকের খাদ্য ব্যয়ের ০.৮৬ গুণ হারে খাদ্যবহির্ভূত ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
বিজিএমইএর যুক্তি, সংশ্লিষ্ট জরিপে খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাবের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। এ অবস্থায় নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দ্বিগুণ গণনার সম্ভাবনা তৈরি হয়। তাই সিপিডির ব্যবহৃত হিসাবের পদ্ধতি আরও পরিষ্কার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির সঙ্গে মূল্যস্ফীতি সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে কার্যকর হওয়া বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়টি সিপিডির মূল্যায়নে অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ বিজিএমইএর। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আরোপ করা ৯ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে মনে করে সংগঠনটি।
বিজ্ঞাপন
বিজিএমইএর আরও পর্যবেক্ষণ, সিপিডির প্রস্তাবে মূলত প্রবেশপর্যায়ের শ্রমিকদের মজুরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি নিয়ে বিস্তারিত ও সুস্পষ্ট মূল্যায়ন নেই।
উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ
বিজিএমইএ মনে করে, ন্যূনতম মজুরি নির্ধারণের সময় শুধু শ্রমিকদের আয় বিবেচনা করলেই হবে না। শিল্পের গড় মজুরি ব্যয়, ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশের সঙ্গে মজুরির তুলনা এবং বাংলাদেশের জ্বালানি, ব্যাংকঋণের সুদ, পরিবহন ও সরবরাহ ব্যয়ের মতো কাঠামোগত সীমাবদ্ধতাও মূল্যায়নে অন্তর্ভুক্ত করতে হবে।
বিজ্ঞাপন
চিঠিতে সংগঠনটি জানিয়েছে, গত তিন বছরে পোশাক উৎপাদনের ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অথচ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি ব্যাংকঋণের সুদের হার ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। গত তিন বছরে রপ্তানি প্রণোদনাও প্রায় ৭০ শতাংশ কমেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিজিএমইএর দাবি, এই সময়ে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক প্রতিষ্ঠান আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এসব কারণে শিল্পটির সামগ্রিক প্রতিযোগিতা সক্ষমতা ক্রমাগত চাপে পড়ছে।
বিজ্ঞাপন
প্রতিযোগী দেশগুলোর মজুরি বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে বিজিএমইএ জানায়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে বেড়েছে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ। সংগঠনটির মতে, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গড় মজুরির ব্যবধানও বর্তমানে অনেক কমে এসেছে।
এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ কমে যাওয়া, নীতিগত অস্থিরতা এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিও পোশাকশিল্পের জন্য নতুন চাপ তৈরি করছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার নিয়ে শঙ্কা
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ। সংগঠনটির মতে, যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপ এবং ইউরোপের বাজারে ভবিষ্যৎ প্রতিযোগিতা বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা হারানোর আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করেছে। ফলে ভবিষ্যতে ইউরোপের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা আরও কঠিন হতে পারে বলে মনে করছে সংগঠনটি।
আরও পড়ুন
বিজিএমইএর বক্তব্য, মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা এবং বাড়তি শ্রমব্যয় বহনের সক্ষমতা বিবেচনা করা জরুরি। এসব বিষয় উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হলে পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ঝুঁকিতে পড়তে পারে।
চিঠিতে উত্থাপিত বিষয়গুলোর ব্যাখ্যা ও মতামত চেয়েছে বিজিএমইএ। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ এবং শিল্পের আর্থিক সক্ষমতার মধ্যে সমন্বয় রেখে একটি যৌক্তিক, স্বচ্ছ ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
বিজিএমইএর প্রত্যাশা, স্বচ্ছ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়নও এগিয়ে নেওয়া সম্ভব হবে।








