আগামী সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

বাংলাদেশের ব্যাংক নোট ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে ২০ ও ৫০ টাকা মূল্যমানের নোট। নতুন নকশায় ছাপানো এই দুই ধরনের নোট আগামী সপ্তাহে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। এখন টাঁকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট মুদ্রণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল থেকে নোটগুলো বাংলাদেশ ব্যাংকে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সাধারণ মানুষের হাতে এসব নোট পৌঁছে দেওয়া হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহেই নতুন নোট বাজারে ছাড়ার কথা ছিল। তবে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নোট পরিবহনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে বাজারে নতুন নোট সরবরাহ করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ১০০ টাকা মূল্যমানের নোট নতুন নকশায় বাজারে আসছে না। এই মূল্যমানের নোট আগের প্রচলিত নকশাতেই বাজারে সরবরাহ করা হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশে বর্তমানে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলিত রয়েছে। এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অন্যদিকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট সরকারি নোট হিসেবে পরিচিত। সেগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে। তবে ব্যাংক নোট ও সরকারি নোট—উভয় ধরনের মুদ্রণ কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে।
নতুন নোটের পর্যাপ্ত সরবরাহ না থাকায় দীর্ঘদিন ধরে বাজারে পুরোনো, ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক নোটের নকশা পরিবর্তন এবং নতুন নোট ছাপানো ও বাজারজাত করার প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। এতে প্রচলিত নোটের সংকট আরও স্পষ্ট হয়ে ওঠে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে আসার পর সরবরাহ ধীরে ধীরে বাড়বে। এর ফলে দৈনন্দিন লেনদেনে পুরোনো ও ব্যবহারের অনুপযোগী নোটের ওপর নির্ভরতা কমার পাশাপাশি ছেঁড়া-ফাটা এবং ময়লাযুক্ত নোটের সংকটও অনেকটা প্রশমিত হতে পারে।








